শখের বশে শুরু করেছিলেন রঙিন মাছ চাষ। প্রথম দিকে একের পর এক মাছ মারা গেলেও হাল ছাড়েননি পটুয়াখালী শহরের তরুণ উদ্যোক্তা মেহেরাব ইমন। অনলাইন থেকে জ্ঞানার্জন করে নিজেই করেছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। সেই শখই এখন পরিণত হয়েছে সফল ব্যবসায়। তার বাড়ির আঙিনায় গড়ে তোলা খামারে রয়েছে হাজারো রঙিন মাছ। বর্তমানে সেখান থেকে তিনি মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। ইমনের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অনেক তরুণ।
পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকায় বাড়ির আঙিনায় গড়ে উঠেছে রঙিন মাছের এই ব্যতিক্রমী খামার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি প্লাস্টিকের বোতল ও জারে খেলা করছে নানা রঙের বেটা, মলি, গাপ্পি, সোর্ডটেলসহ বিভিন্ন প্রজাতির মাছ। লাল, নীল, হলুদসহ নানা রঙের মাছের সমারোহে পুরো খামারজুড়েই যেন উৎসবের আমেজ।
২০২১ সালে পড়াশোনা শেষ করে শখের বশে বেটা মাছ চাষ শুরু করেন ইমন। পরের বছর পটুয়াখালী শহরের বটতলা মসজিদ এলাকায় পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন মাছের খামার।
ঢাকায় বোনের বাসায় গিয়ে বিভিন্ন রঙের বেটা মাছ দেখে আগ্রহ তৈরি হয় তার। পরে বন্ধুদের কাছ থেকে ধার করে প্রথম পাঁচ জোড়া মাছ কিনে চাষ শুরু করেন তিনি। তবে শুরুতেই বড় ধাক্কা খান। পরিচর্যার অভিজ্ঞতা না থাকায় প্রায় সব মাছ মারা যায়। কিন্তু ব্যর্থতায় দমে যাননি তিনি। অনলাইন থেকে বিভিন্ন তথ্য ও কৌশল শিখে নিজেই শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা।