চীনের গুয়াংডং প্রদেশের ফোশানে ফোসুন হেলথ আয়োজিত প্রথম আন্তর্জাতিক অনকোলজি ট্রিটমেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্যানসার বিশেষজ্ঞ, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা অংশীদাররা অংশ নেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ফোরামে বাংলাদেশি প্রতিনিধিরাও অংশ নেন এবং ফোসুন হেলথের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চিকিৎসাসেবা, রোগী রেফারেল এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা সুবিধায় প্রবেশাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হলো।
ক্যানসার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত এ ফোরাম চীন, বাংলাদেশ এবং অন্যান্য দেশ ও অঞ্চলের মধ্যে অনকোলজি বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে।
ক্যানসার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের মতবিনিময় ফোরামে আন্তর্জাতিক রেডিওথেরাপি, সমন্বিত ক্যানসার চিকিৎসা এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতার বিকাশ নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রিসিশন রেডিওথেরাপি, সেল থেরাপি, ক্লিনিক্যাল ট্রায়াল এবং অনকোলজি রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা অন্তর্ভুক্ত ছিল।
বিভিন্ন দেশ ও অঞ্চলে ক্যানসার চিকিৎসার বর্তমান অবস্থা এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা মতবিনিময় করেন। এর ফলে ক্লিনিক্যাল চিকিৎসা পদ্ধতি ও আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
ফোরামের আলোচনায় প্রিসিশন রেডিওথেরাপি ও সেল থেরাপির মতো সর্বাধুনিক প্রযুক্তি বিশেষ গুরুত্ব পায়।
সাইবারনাইফের মতো প্রিসিশন রেডিওথেরাপি প্রযুক্তিতে রোবোটিক রেডিওথেরাপি, ইমেজ গাইডেন্স এবং রিয়েল-টাইম মুভমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে রেডিওথেরাপির লক্ষ্য নির্ধারণ ও ডোজ প্রয়োগের নির্ভুলতা বাড়ানো হয়। এ প্রযুক্তি বিভিন্ন ধরনের সলিড টিউমারের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।