ঝালকাঠি প্রেস ক্লাবের আটটি এসির সংযোগ তার চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। চোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে প্রেস ক্লাবের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ক্লাবের বিভিন্ন স্থাপনা থেকে তার চুরি হয়ে আসছে। কয়েক দফায় লক্ষাধিক টাকার তার চুরি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ও বুধবার দুই দিনে আটটি এসির সংযোগ তার চুরি হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ বলেন, প্রেস ক্লাবের ছাদে এসির নয়টি মেশিন রয়েছে। মঙ্গলবার দুপুরে তিনটি এবং বুধবার দুপুরে পাঁচটি এসির সংযোগ তার চুরি হয়। পাশের এক ব্যক্তি গ্যাস বের হতে দেখে বিষয়টি জানালে ছাদে উঠে তার চুরির বিষয়টি জানতে পারেন তারা।
পরে পাশের টাউন হল ভবন থেকে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখে ধাওয়া করে আটক করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন ওই ব্যক্তিকে মারধরের চেষ্টা করলে প্রেস ক্লাবের সামনের মাইক্রোবাস স্ট্যান্ডের চালক আরিফ তাকে রক্ষার চেষ্টা করেন।
প্রেস ক্লাবের ভেতরে নিয়ে আটক ব্যক্তিকে ফের মারধরের চেষ্টা হলে আরিফ, সিফাতসহ কয়েকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রেস ক্লাবের সাংবাদিকরা বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর প্রেস ক্লাবের সভাপতি ও সদস্যরা বাইরে বের হলে আরিফ ও তার সহযোগীরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিফাত নামে একজনকে আটক করে। তবে আরিফ দৌড়ে পালিয়ে যান।
প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, এসির তার চুরির ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সিফাত, আরিফসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আরিফ ও আটক সিফাত বৈদ্যুতিক সরঞ্জাম চুরি চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদে বিষয়টি পরিষ্কার হবে।
এ ঘটনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রেস ক্লাবের তার চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।