ফেনী-২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্বে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী তারেকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি দলীয় কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনশনে বসেন। এতে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ফটকে আটকে গেলে তারা বিকল্প সড়কে কার্যালয়ে প্রবেশ করেন।
অনশন চলাকালে তারেকুল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সদর এসিল্যান্ড জসিম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করছেন এবং নানাভাবে হুমকি দিচ্ছেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে।
তারেকুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ ঘণ্টার মধ্যে জসিম উদ্দিনকে প্রত্যাহার না করা হলে তিনি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।