বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাশেদ আমিন, কাওসারসহ যুবদলের কয়েকজন কর্মী সাতলা এলাকায় একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একদল দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়।
জীবন রক্ষার জন্য কাওসার ও রাশেদ সেতু থেকে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। দুষ্কৃতকারীরা দরজা ভেঙ্গে সেখানে প্রবেশ করেন এবং কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যান।
পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক যুবদলকর্মী রাশেদও গুরুতর আহত হয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাওসারকে হত্যা করা হয়ে থাকতে পারে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহতের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।