রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, আবু সাঈদের নাম ইতিহাসের পাতায় যাতে লেখা থাকে, সে জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবু সাঈদের চেতনা যাতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে বুকে লালন করতে পারে এমন প্রত্যাশা আমাদের।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হলের নাম হবে ‘শহিদ আবু সাঈদ হল’।
তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদ একজন জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।