সিলেটের মোগলাবাজার এলাকায় এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (রবিবার) সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার রুকন মিয়া সিলেট মহানগর মোগলাবাজার থানা এলাকার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, ভুক্তভোগী মোগলাবাজার থানার সিকন্দরপুর এলাকার বাসিন্দা। তিনি প্রায়ই তার বোনের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে রুকন মিয়া গোপনে তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে রুকন মিয়ার অনৈতিক আচরণ বাড়তে থাকলে ভুক্তভোগী বিষয়টি তার বোনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি সন্তানও রয়েছে।
তারপরও থেমে থাকেননি তিনি। শ্যালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখতে মেয়েটিকে চাপ দেন এবং ১০ লাখ টাকা দাবি করেন তিনি। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ফেসবুক আইডি ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পর্নোগ্রাফি আইনে মোগলাবাজার থানায় একটি মামলা করেন। তবে তার মধ্যেই পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে চলে যান।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।