পরিবেশ-ও-কৃষি
নড়াইলের ‘রাসায়নিকমুক্ত’ চ্যাপা শুঁটকির চাহিদা বাড়ছে
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের শলুয়া এবং সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে শীত মৌসুমের শুরুতেই প্রস্তুত হচ্ছে দেশীয় পুঁটি মাছের শুঁটকি। কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়া ও নিরাপদ পরিবেশে এই শুটকি তৈরি হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে।
সরেজমিন শলুয়ার বিলে গিয়ে দেখা যায়, বিলের মাঝে খোলা জায়গায় বাঁশ-খুটির মাচা তৈরি করে মাচার উপর চলছে শুঁটকি তৈরির কাজ। জেলার বিভিন্ন এলাকার খাল, বিল ও নদী থেকে প্রতিদিন দেশি মাছ সংগ্রহ করে শুকানোর কাজ চলছে। ভালো করে শুকানোর পর মাছগুলো সংরক্ষণ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকা থেকে মাছ শুকানোর কাজ করতে আসা মো. কবির শেখ ও কামরুল শেখ জানান, এখানে কই, চাঁদাসহ পুঁটিমাছের শুঁটকি তৈরি হয়। সবচেয়ে বেশি তৈরি হয় পুঁটি মাছের শুঁটকি, যা চ্যাপা শুটকি নামে পরিচিত। মাছ শুকানোর কাজে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, শুধুমাত্র লবণ দিয়ে রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করা হয় বলে জানান তারা।
মৎস্যজীবী মো. মুসা মিয়া বলেন, শীত মৌসুমে খাল ও বিল থেকে পানি কমে যাওয়ায় জেলেদের জালে দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। সেই মাছ কম দামে কিনে আমরা শুঁটকি তৈরি করি। কিন্তু দালাল ছাড়া বর্তমানে এ শুটকি বিক্রি করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। দালাল ছাড়া যদি সরাসরি পার্টির কাছে বিক্রি করা যেত তাহলে এ ব্যবসায় আমাদের ভালো লাভ হতো।
অলোক বিশ্বাস নামে আরেক মৎস্যজীবী বলেন, দুই তিন মণ কাঁচা মাছ শুকালে এক মণ শুঁটকি পাওয়া যায়। প্রকারভেদে এক মণ শুঁটকি সাত থেকে আট হাজার টাকায় বিক্রি হয়।
নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নড়াইলে এ বছর ৮০ টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখানকার শুঁটকি রাসায়নিক মুক্ত হওয়ায় জেলার পাশাপাশি দেশের অন্যান্য জেলায় ও এর চাহিদা রয়েছে। নড়াইল জেলা মৎস্য অফিস এসব ব্যবসায়ীদের মানসম্মত শুঁটকি প্রস্তত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে।
১০২ দিন আগে
রাজধানীতে আবারও ভূমিকম্প, মাত্রা ৪ দশমিক ৩
সকালের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই মৃদু কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।
আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে যা মাত্র ৬ কিলোমিটার দূরে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।
এ ছাড়া, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।
এর আগে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল শুরুতে সাভারের বাইপাইল বলে জানালেও পরে সেই তথ্য সংশোধন করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এ ছাড়া গতকাল (শুক্রবার) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।
এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ’ মানুষ আহত হন।
১০৪ দিন আগে
এবার বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভার ও গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকায় আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ২৯ কিলোমিটার। রাজধানীর বেশ কিছু স্থানে খুব হালকা কম্পন অনুভূত হওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন বাসিন্দা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গতকাল (শুক্রবার) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ’ মানুষ আহত হন।
১০৪ দিন আগে
ভূমিকম্প: ঢাকায় নিহত ৩, বহু ভবন ক্ষতিগ্রস্ত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী, ঢাকা থেকে যার দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলির কেপি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ছয়তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। ভবটির নিচে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।
ঘটনার পরপরই তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নেওয়ার পর চিকিৎসকরা ওই ৩ জনকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া হোসেন নয়নের বরাত দিয়ে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালটিতে আরও অন্তত ১০ জনিআহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার।
ভূমিকম্পে রাজধানীর আরও বেশকিছু জায়গায় ভবন হেলে ও ধসে পড়ার দিয়েছে ফায়ার সার্ভিস।
আরমানিটোলা কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে যায়। তবে পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়লেও ভবনের কোন ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
তবে, খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, বারিধারা এফ ব্লকের ৫ নম্বর রোডের একটি বাসাবাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপন করে। তবে অগ্নিকাণ্ডটি ভূমিকম্পের কারণে কি না তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ছাড়া পুরান ঢাকার স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর শুনে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কলাবাগানের আবেদখালী রোডের একটি ৭ তলা ভবনও হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কোনো হতাহতের ঘটনা পায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি ঠিক আছে। লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
এ ছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটা বিল্ডিং একটা অন্যটার ওপর হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি ৬ তলা বাড়ির দ্বিতীয় তলায় চার পাশে বড় ফাটল ধরেছে। এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ঘটনাস্থলে গিয়েছে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ইটাহাটা এলাকায় কয়েকটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে রাস্তায় বের হতে গিয়ে এবং সিঁড়ি বেয়ে নামতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছে।
১০৫ দিন আগে
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে মানতে হবে ১৯ নির্দেশনা
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষায় আদেশ জারি করেছে সরকার। ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩’-এর অধীনে দেওয়া ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর দেশের গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি এবং অন্যতম সংবেদনশীল জলজ বাস্তুতন্ত্র। অনিয়ন্ত্রিত পর্যটন ও নৌচলাচল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার, জলজ বন ধ্বংস, অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং বর্জ্য নিঃসরণসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে।
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর জন্য প্রতিপালনীয় ১৯টি নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে। সেগুলো হচ্ছে—
১. হাওর অঞ্চলে পাখি অথবা পরিযায়ী পাখি শিকার, পরিযায়ী পাখিসমৃদ্ধ অঞ্চলে বাণিজ্যিকভাবে হাঁস পালন, গাছ কাটা এবং হাওরের জলজ বনের কোনো প্রকার ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ।
২. হাওরের জলজ গাছের (হিজল, করচ ইত্যাদি) ডাল কেটে ঘের নির্মাণ বা মাছের আশ্রয়ের কাঁটা হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
৩. পর্যটক বা হাউসবোট অভয়াশ্রম বা সংরক্ষিত হিসেবে ঘোষিত এলাকাসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বা হাওর অধিদপ্তরের চিহ্নিত হাওরের সংবেদনশীল এলাকায় (যেমন: পাখি বা মাছসহ জলজ প্রাণীর আবাসস্থল, প্রজনন কেন্দ্র বা বন্য প্রাণীর চলাচলের স্থান) প্রবেশ করতে পারবে না।
৪. সরকারের অনুমতি ছাড়া বর্ণিত হাওর এবং এর ভূমির শ্রেণি পরিবর্তন কর যাবে না।
৫. পরিবশগত ও সামাজিক প্রভাব নিরূপণ সাপেক্ষে সরকারের অনুমতি ছাড়া হাওরের জলস্রোতের স্বাভবিক প্রবাহ বিঘ্নিত করা যাবে না।
৬. হাওর এলাকায় ভূমি এবং পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন করতে পারে, এমন কাজ করা যাবে না।
৭. শিক্ষা সফর ও বিদেশি পর্যটক পরিবহনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
৮. অনুমোদনের শর্ত অনুযায়ী যাত্রী সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে। কোনো হাউসবোট বা নৌযান যাত্রী সংখ্যার অধিক যাত্রী পরিবহন ও মাছ ধরার যন্ত্র কিংবা সরঞ্জাম বহন করতে পারবে না। নির্ধারিত রুট (পথ) ছাড়া নৌযান চলাচল ও নোঙ্গর করতে পারবে না।
৯. দুযোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কাকালীন পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১০. টুর অপারেটর ও পর্যটকদের স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
১১. হাউসবোটে ও নৌযানে উচ্চস্বরে গান-বাজনাসহ কোনো পার্টির আয়োজন করা যাবে না।
১২. হাউসবোট ও নৌযানের মালিক এবং টুর অপারেটররা তাদের পরিচালিত টুরে শব্দ দূষণকরী অর্থাৎ উচ্চ আওয়াজ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহারকে নিশ্চিতভাবে পরিহার করবে।
১৩. হাউসবোটে ও নৌযানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করতে পারবে না।
১৪. নিষিদ্ধ জালের ব্যবহার বা বৈদ্যুতিক শকের মাধ্যমে হাওরে মাছ শিকার করা নিষিদ্ধ।
১৫. যথাযথ কর্তৃপক্ষে অনুমতি ছাড়া হাওরে বালু, পাথর বা মাটি ইজারা প্রদান ও উত্তোলন নিষিদ্ধ।
১৬. শুষ্ক মৌসুমে হাওরের কোনো জলাধারের পানি সম্পূর্ণভাবে নিঃশেষ করা যাবে না।
১৭. টুর অপারেটররা ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান বা হাউসবোট পরিচালনা করতে পারবে না।
১৮. হাওর এলাকা-সংশ্লিষ্ট বসতবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন বর্জ্য হাওরে নির্গমন করা যাবে না।
১৯. হাওর অঞ্চলে পাকা সড়ক নির্মাণ পরিহার করতে হবে। তবে, জরুরি বা বিশেষ প্রয়োজনবোধে সড়ক নির্মাণের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং সরকার অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের নির্মাণ কাজ শুরুর আগে অবশ্যই পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সামাজিক প্রভাব মূল্যায়ন করতে হবে।
এসব সুরক্ষা আদেশ প্রতিপালন করা বাধ্যতামূলক; আদেশের লঙ্ঘন ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
১১৬ দিন আগে
৩০০-এর অধিক হলে ‘বিপজ্জনক’, লাহোরের স্কোর আজ ৪৬২
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, কোনো শহরের একিউআই স্কোর ৩০০-এর উপরে হলে শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে গন্য করা হয়। এই মানের বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সেখানে আজ পাকিস্তানের লাহোরের বাতাসের একিউআই স্কোর বেড়ে ৪৬২-এ দাঁড়িয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ৪৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে অবস্থান করছিল লাহোর।
আইকিউএয়ারের তথ্যমতে, লাহোরের বাতাসের মান সাধারণত শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় সবচেয়ে খারাপ হয়ে যায়। এ সময় পাঞ্জাব প্রদেশের কৃষকেরা ফসল কাটার পর জমিতে বাকি থাকা খড়কুটো পুড়িয়ে ফেলেন, যার ধোঁয়া সৃষ্টি হয়। একই সঙ্গে, আবহাওয়ার পরিবর্তনের কারণে দূষিত কণাগুলো বাতাসে আরও দীর্ঘ সময় আটকে থাকে।
এদিকে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। আজও সে ধারা অব্যাহত রয়েছে। শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৬২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়। তাই বর্ষার প্রভাব কমতেই বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।
অন্যদিকে, বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ শহর হয়েছে ভারতের দিল্লি। ২৪৪ একিউআই স্কোর নিয়ে তার ঠিক নিচে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। শহরটির স্কোর ২০৬।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১২৮ দিন আগে
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৭ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, এবার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। এর অর্থ সুন্দর ফুল।
আবহাওয়া অফিস বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় মোন্থাতে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এটি ২৮ অক্টোবর সন্ধ্যা/রাত নাগাদ ভারতের উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল বলে জানানো হয়েছে আবহাওয়া বার্তায়।
তবে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। তিনি বলেন, এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। তবে দমকা বা ঝড়ো হাওয়াও সম্ভাবনা নেই।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
১৩০ দিন আগে
লাহোরের বাতাস আজ ‘বিপজ্জনক’, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের লাহোরের বাতাসে দূষণের মাত্রা প্রায়ই বেশি থাকতে দেখা যায়। প্রতিনিয়তই শহরটির বাতাসের মানের অবনতি হয়েই চলেছে। এরই মধ্যে আজ শহরটির বাতাস ‘বিপজ্জনক’ হয়ে উঠেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ৩৬২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে লাহোর।
আইকিউএয়ারের তথ্যমতে, লাহোরের বাতাসের মান সাধারণত শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সবচেয়ে খারাপ হয়ে যায়। এ সময় পাঞ্জাব প্রদেশের কৃষকেরা ফসল কাটার পর জমিতে বাকি থাকা খড়কুটো পুড়িয়ে ফেলেন, যার ধোঁয়া সৃষ্টি হয়। একই সঙ্গে, আবহাওয়ার পরিবর্তনের কারণে দূষিত কণাগুলো বাতাসে আরও দীর্ঘ সময় আটকে থাকে।
এদিকে, বৃষ্টির প্রভাব শেষ হতে না হতেই রাজধানী ঢাকার বাতাসের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। আজও সে ধারা অব্যাহত রয়েছে। শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৫৫। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার নবম স্থানে উঠে এসেছে ঢাকা।
আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে যানবাহন ও মানুষের ভিড় তুলনামূলকভাবে কিছুটা কম দেখা গেলেও ঢাকার বাতাসে কোনো উন্নতি দেখা যায়নি। বরং গতকালের চেয়ে শহরটির বাতাসের মানে লক্ষণীয় অবনতি হয়েছে।
গতকাল সকালে একই সময়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে তালিকাভুক্ত হলেও আজ তা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।
অন্যদিকে, দূষিত শহরের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা। শহরদুটির স্কোর যথাক্রমে ২০৩ ও ১৭১।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৩ দিন আগে
দেশে বর্ষাকাল শেষ হলেও অক্টোবরে কেন বৃষ্টি?
বাংলাদেশে সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসকে বর্ষাকাল হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ইংরেজি ক্যালেন্ডারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসকে বৃষ্টিপাতের মৌসুম হিসেবে ধরা হলেও চলতি অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যেই সারাদেশে বৃষ্টি হচ্ছে।
অক্টোবরের এই বৃষ্টিতে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম। তিনি জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষরেখা (মনসুন এক্সিস) এই সময় বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার কারণে এই বৃষ্টি হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে ২৬০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ১৬৭ মিলিমিটার। এছাড়া, রাষ্ট্রীয় সংস্থার এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ১২ ঘণ্টায় ১০৭ মি.মি. বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
শহীদুল ইসলাম ইউএনবিকে বলেন, সাধারণত জুন মাসে মৌসুমি বায়ুর অক্ষরেখা বাংলাদেশে প্রবেশ করে এবং অক্টোবরের মাঝামাঝিতে বিদায় নেয়। চলতি বছরের এই সময় অক্ষরেখাটি দেশের ওপর দিয়ে অতিক্রম করছে, যার কারণে বৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, সাধারণত অক্টোবরের ১৫ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিলে দেশের আবহাওয়া শুষ্ক হয়ে যায়।
বর্ষাকালের বৃষ্টিপাতের তুলনায় চলতি বছরে তা বেশি হয়েছে কিনা জানতে চাইলে শহীদুল আলম বলেন, গড় হিসেবে গত বছরের তুলনায় বিশেষ পার্থক্য দেখা যায়নি। পুরো বছরের তথ্য এখনো হাতে নেই। তবে মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জুনে বৃষ্টিপাত কম ছিল, জুলাইয়ে বেশি, আর আগস্ট-সেপ্টেম্বর মাসে স্বাভাবিক ছিল।
১৪৬ দিন আগে
সপ্তাহজুড়ে কেমন ছিল ঢাকার বাতাসের মান
আজ শনিবার, সাপ্তাহিক ছুটির ২য় দিন। সপ্তাহজুড়ে বৃষ্টির কারণে মাঝেমধ্যে ঢাকার বাতাসে বেশ ইতিবাচক প্রভাব পড়তে দেখা গেলেও দূষণের মাত্রা বাড়তে দেখা গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি; ঢাকার বাতাস ‘হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।
আজ সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৪২। বায়ুমান সূচক অনুযায়ী বলা যায়, এই মাত্রার মানের বাতাস হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
এই সপ্তাহে ঢাকার বায়ুদুষণের মাত্রা পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত শনিবার (৪ অক্টোবর ) সকাল সোয়া ৯টার দিকে ৬৬ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিতেই ছিল ঢাকার বাতাস। পরের দিনও একই সময়ে ঢাকার বাতাস ৬৬ স্কোর নিয়ে ‘মাঝারি পর্যায়েই ছিল।
সোমবারও (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ ছিল। একিউআই স্কোর আগের দুইদিনের মতোই ৬৬ ছিল।
আরও পড়ুন: বায়ুদুষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের মানে অবনতি দেখা যায়। বায়ুমান সূচক অনুযায়ী, এদিনও বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও স্কোর বেড়ে দাঁড়ায় ৯৭ তে। এই স্কোরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার খুব কাছাকাছি।
পরদিন বুধবার (৮ অক্টোবর) সকালে আরও অবনতি ঘটে শহরটির বাতাসের মানে। একিউআই স্কোর বেড়ে দাঁড়ায় ১৩২ এ, যা ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার খুবই কাছাকাছি।
এরপর বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বাতাসের মানে অবনতি অব্যাহত থাকে। আইকিউএয়ারের তথ্যমতে, সকাল সাড়ে ৯টার দিকে ১৬৫ স্কোর নিয়ে শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালেও দূষণের মাত্রা বেশিই লক্ষ্য করা গেছে। এদিনও ১৬৩ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ শ্রেনীতেই অবস্থান করছিল। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছিল ঢাকা।
তবে আজ সামান্য উন্নতি হয়েছে। ১৪২ স্কোর নিয়ে তালিকার ১২তম স্থানে নেমে এসেছে ঢাকা। সাধারণত নিচে নামা নেতিবাচক হলেও এই অবনমন স্বস্তির। কারণ দূষণ থেকে যতটাসম্ভব দূরে থাকা যায়, ততই ভালো।
আরও পড়ুন: ঢাকার বায়ুমানে আজ ভোরের বৃষ্টির প্রভাব
এদিকে, আজ পাকিস্তানের লাহোর শহর উঠে এসেছে তালিকার প্রথম স্থানে, যার একিউআই স্কোর ২১৩। ১৭৪ ও ১৬১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কাতারের দোহা।
দূষণের স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৪৬ দিন আগে