সারাদেশ
সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জামায়াত নেতা আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে অবতরণ করেন। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। অর্থের পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
১১৩ দিন আগে
অর্থ আত্মসাৎ করতে ‘নিজেকে অপহরণের’ নাটক, বিকাশকর্মী গ্রেপ্তার
এজেন্টদের সরবরাহের উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা তোলার পর তা আত্মসাতের ফন্দি আসে বিকাশের এক বিক্রয় প্রতিনিধির। এরপর গা ঢাকা দিয়ে অপহরণের নাটক সাজান তিনি। সেইসঙ্গে ফোন করে বিষয়টি কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে ধরা পড়েছেন ওই ব্যক্তি। তার সঙ্গে থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৫ ফেব্রুয়ারি চাঁদপুরে। এরপর গতকাল (মঙ্গলবার) তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই দুজনকে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— চাঁদপুর সদরের উত্তর ইচুলি এলাকার মো. রাব্বি (২২) এবং একই এলাকার ফরহাদ হোসেন (২১)। এই নাটকের মূল নাট্যকার রাব্বি বিকাশের বিক্রয় প্রতিনিধি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মেসার্স দিবা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের পরিবেশক ও বিকাশের বিক্রয় প্রতিনিধি রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে ঢাকা ব্যাংকের চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা তোলেন। এরপর টাকাগুলো সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল তার। কিন্তু টাকাগুলো আত্মসাতের ধান্দায় পরিকল্পনা আঁটেন তিনি। সে মোতাবেক তিনি নিখোঁজ হন।
পরে মূল ঘটনা ধামাচাপা দিতে তিনি অফিসে ফোন করে জানান যে তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি জেনে ওই দিনই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাব্বির ব্যবস্থাপক মনির হোসেন তালুকদার। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাব্বিকে আটক করে থানা পুলিশ।
এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (বুধবার) তার বসতঘরের মেঝে খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল। থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বাধীন দলটি ওই টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত রাব্বির সহযোগী মো. ফরহাদ হোসেনকেও (২১) গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি ফয়েজ আহমেদ ইউএনবিকে বলেন, গ্রেপ্তাররা বিকাশের পরিবেশকের দায়িত্বে থেকে প্রতারণার মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করেছিল। এ ঘটনায় ব্যবস্থাপকের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি জানান, উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটির বিষয়ে আরও তদন্ত চলছে।
১১৩ দিন আগে
পটুয়াখালীর একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
পটুয়াখালীর দুমকী উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। তবে কে বা কারা আগুন লাগায় তা জানা যায়নি।
আগুন দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয় কক্ষের বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে বেশি ক্ষতি হয়নি। নিচের একটি রুমে টাঢার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে এসেছিল বলে জানান স্থানীয়রা।
১১৪ দিন আগে
কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি নিশ্চিত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল (মঙ্গলবার) রাত ৮টার দিকে বলেন, সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। ক্যামেরা দুটি এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোট কেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
১১৪ দিন আগে
টানা ৩ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৩ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
ফারুক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ২ দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট ৩ দিন বন্ধ রাখা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।
স্থলবন্দর সূত্র জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির বরাত দিয়ে বুড়িমারী স্থলবন্দরের প্রধান সমন্বয়কারী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি ইস্যু করেছে। এতে জানানো হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে। এ কারণে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।
এই বিশেষ ছুটির বিষয় চিঠিতে উল্লেখ করে ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান ও বাংলাদেশের বুড়িমারীর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বুড়িমারীর স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
অপরদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে একটি চিঠি জারি করা হয়েছে। এতে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহির্গমনাগমন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
১১৪ দিন আগে
রংপুর-৪: জাপা প্রার্থীকে হেনস্তার অভিযোগ এনসিপির বিরুদ্ধে
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আবু নাছের মো. মাহবুবের গাড়ি আটকিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। এ সময় জাতীয় পার্টি ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এই ঘটনা ঘটে।
জাপা প্রার্থী আবু নাছের মো. মাহবুব বলেন, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে এনসিপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক ‘দোসর, দোসর’ ট্যাগ দিয়ে আমার গাড়ি আটকায়। এরপর চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে আমাকে দেখার পর তাদের চাবি ফেরত দেওয়ার কথা বলে। তখন তারা চাবি না দিয়ে উল্টো এলাকাবাসীর সঙ্গে তর্কে জড়ায়। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জাপার নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে এনসিপি ও জামায়াতের কর্মীরা সরে যায়। এ সময় মঞ্জুরুল ইসলাম নামে ওয়ার্ড জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।
এদিকে, জাপা প্রার্থীকে হেনস্তা করার ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে জাপার কয়েকশ নেতা-কর্মী ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে এলাকাবাসীর কাছে অবরুদ্ধ জামায়াত নেতা মঞ্জুরুলকে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ উদ্ধার করে থানায় নেয়।
এ ব্যাপারে জানতে এনসিপির জেলা আহ্বায়ক আল মামুনকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, সরেয়ারতলে উত্তেজনা তৈরি হওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অবরুদ্ধ একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
১১৪ দিন আগে
নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভিড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। দক্ষিণ ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাসে চড়ে ভোট দিতে গন্তব্যে যাওয়া মানুষের ভিড় চোখে পড়ার মতো। যাত্রীরা জানান, সাধারণত ঈদের সময় ব্যতীত এমন ভিড় মহাসড়কে দেখা যায় না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাকিজা পয়েন্টে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ্ব সুলতান মিয়া তার দুই মেয়েকে নিয়ে দিনাজপুরের উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করছেন।
আলাপকালে তিনি জানান, তার মেয়েরা সাভারে পোশাক কারখানায় কর্মরত। ভোট দিতে তারা ঘোড়াঘাট উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল (সোমবার) গ্রাম থেকে তিনি মেয়েদের নিতে এসেছিলেন। দুই ঘণ্টা ধরে তারা বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু ব্যাগ-ব্যাগেজ একটু বেশি হওয়ায় কোনো বাস তাদের নিতে চাচ্ছে না। এই বৃদ্ধের অভিযোগ, বাস কর্তৃপক্ষ জনপ্রতি দুই শত টাকা বাড়তি ভাড়া চাচ্ছে।
একই স্থানে কথা হয় আরেক যুবক তানজিল ও তার স্ত্রী কুলসুম আকতারের সঙ্গে। তারা দুজনেই সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ডায়িং কারখানায় কর্মরত। তানজিল জানান, তারা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা। ভোট দিতে তারা গ্রামে যাচ্ছেন, কিন্তু বাস সংকটের কারণে এক ঘণ্টার বেশি তারা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
রংপুরগামী একটি বাসচালক আয়নাল হক জানান, দূরপাল্লার বাস মালিক ও চালকরা নির্বাচন উপলক্ষে এত ভিড় হবে তা আগে থেকে বুঝতে পারেননি।
সাভার বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের মালিক রমিজ উদ্দিন জানান, সোমবার ও মঙ্গলবার দুই দিনই যাত্রীদের বেশ চাপ ছিল। সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, হেমায়েতপুর, বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানিসহ বেশ কয়েকটি এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।
স্থানীয়রা জানান, সাভারে প্রায় ১৫টি বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল জানান, সড়কে সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত যানবাহনের অত্যন্ত চাপ ছিল, যা সাধারণত রোজার ঈদ বা কুরবানির ঈদে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ট্রাফিক পুলিশ সদস্যরা মহাসড়কে যানবাহন সুন্দরভাবে চলাচলের জন্য কাজ করছেন বলে জানান তিনি।
১১৪ দিন আগে
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ৩
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ও বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাদুটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে অজ্ঞাত এক নারী (৩২) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নারীর বিস্তারিত পরিচয় জানা না গেলেও তিনি পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
এর আগে, সকাল ১০টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ৩ যাত্রী আহত হন বলে জানান স্থানীয়রা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ২ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১৪ দিন আগে
ঝালকাঠিতে ‘দাঁড়িপাল্লা’র নির্বাচনি কার্যালয়সহ দলীয় দুই কর্মীর দোকানে আগুন
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ও সদর উপজেলার বেসাইনখান এলাকায় দাঁড়িপাল্লার একটি নির্বাচনি কার্যালয় ও দুইজন জামায়াতের দুই কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্ত্তিপাশা ইউনিয়নে পৃথক স্থানে অগ্নিসংযোগ করা হয়।
ঝালকাঠি-১ আসনের জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের শেষ সময়ে, এই মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের করেছে যাতে করে সাধারণ ভোটাররা আতঙ্কিত শঙ্কিত হয়ে পড়েন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশে ওপর প্রভাব পড়বে।
১১৪ দিন আগে
পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এরপর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত বা আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের বাসচালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের বাসের সহকারী। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
১১৫ দিন আগে