সারাদেশ
ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, চেয়ারম্যানকে অপসারণের দাবি ‘গুজব’
দুই দিন স্থগিত থাকার পর চট্টগ্রাম বন্দরে আজ (রবিবার) সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। বন্দর ইয়ার্ডের পাশাপাশি এবার বহির্নোঙরেও কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হওয়ার পর বন্দরের বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে, থেমে আছে পণ্য ডেলিভারি কার্যক্রমও।
আজ (রবিবার) সকালে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির এক ভিডিওবার্তায় বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে, খোঁজ নিয়ে জানা গেছে তাকে অপসারণের তথ্যটি সত্য নয়। তিনি এখনও সপদে বহাল রয়েছেন।
এদিকে, বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান আজ দুপুর সোয়া ১২টার দিকে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে দাবি করেন, বন্দরের কার্যক্রম সচল আছে।
তিনি বলেন, ‘বন্দর সচল আছে। আমি ২ ঘণ্টা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই কাজে যাবেন। কেউ বাধা দেবেন না।’
তবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ জানিয়েছে, সকাল থেকে বন্দরে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। কোনো শ্রমিক-কর্মচারী কাজে যোগ দেননি। এবারের কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ ৪ দফা দাবিতে ফের লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (শনিবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ওই সময় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর পরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
সূত্র জানিয়েছে, এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে ৩১ জানুয়ারি (শনিবার) থেকে ৮ ঘণ্টা করে তিন দিন এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহন এবং জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকেলে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেন সংগঠনটির নেতারা। শ্রমিক নেতারা নৌ উপদেষ্টার সঙ্গে আলাপকালে এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের সুস্পষ্ট ঘোষণা এবং শ্রমিক–কর্মচারীদের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। কিন্তু দাবি না মানার কারণে আজ সকাল থেকে ফের ধর্মঘট শুরু হয়। নতুন করে বন্দর অচলের কর্মসূচিতে ব্যবসায়ী ও শিল্পপতিসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলন স্থগিত করার পরপর আন্দোলনরত ১৫ জন কর্মচারীর স্থাবর ও অস্থাবর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে অনুরোধ করা হয়। এ খবর জানতে পেরে আন্দোলনকারীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।
উল্লেখ্য, দেশের প্রধান এই সমুদ্রবন্দর দিয়ে সমুদ্রপথে পরিবাহিত আমদানি–রপ্তানি পণ্যের ৭৮ শতাংশ পরিবহন হয়। কনটেইনারজাত পণ্যের প্রায় পুরোটা পরিবহন হয় এই বন্দর দিয়ে। বন্দর বন্ধ হলে কন্টেনারে রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। কনটেইনারে বোঝাই করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত শিল্পের কাঁচামাল খালাসও বন্ধ হয়ে যায়।
১১৬ দিন আগে
শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আবারও ককটেল উদ্ধার
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে আজ (রবিবার) ভোর ৫টা পর্যন্ত উপজেলার জপসা ইউনিয়নের ছিটু মাদবরকান্দি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর অনন্য চন্দ্রশেখর করের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে মো. শাজাহান মুন্সির বাড়ির রান্নাঘরের পেছন থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের পর বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথবাহিনীর নজরদারি অব্যাহত থাকবে।
১১৬ দিন আগে
বিয়ানীবাজারে জমিয়ত ও ফুলতলী মসলকের সমর্থন পেল বিএনপি
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। নির্বাচন কমিশনে অনিবন্ধিত ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার প্রতিষ্ঠিত এই দলের অনুসারীদের সংক্ষেপে ‘ফুলতলী মসলক’ বলে সম্বোধন করা হয়।
এদিকে স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামও বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছে। জমিয়তের প্রার্থী বিদ্রোহ করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনি মাঠে বেশ প্রভাব ফেলেছেন তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরশহরের সুপাতলা এলাকার লতিফিয়া মাদরাসায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় যে, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন স্বার্থে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার জন্য আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম এবং তাদের অনুসারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এ সভায় বিএনপির পক্ষে সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে আল-ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফিজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর শাখার সভাপতি রিফাত আহমদ, কলেজ সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিয়ানীবাজার জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলামের বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমী, উপজেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়ত নেতা তোফায়েল আহমদ ও জমিয়ত নেতা রাজু আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
১১৬ দিন আগে
উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজারের উখিয়ায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানে শরণার্থী শিবিরের বাইরে অবৈধভাবে বসবাস করা অন্তত ১ হাজার ৫০০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানটি এখনও চলমান থাকায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
যৌথ বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী রোহিঙ্গাদের রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প নির্ধারণ করে দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তারা নিয়ম ভঙ্গ করে স্থানীয় বাঙালিদের জমি দখল করে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন। এটি কেবল আইনের লঙ্ঘনই নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচনি আবহে এই বিশাল অনিবন্ধিত জনগোষ্ঠীকে নাশকতামূলক কাজে ব্যবহারের ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আটক রোহিঙ্গাদের বর্তমানে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করা হচ্ছে। সেখান থেকে সরাসরি ক্যাম্পে ফেরত না পাঠিয়ে প্রথমে নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে— তারা কেন এবং কাদের সহায়তায় ক্যাম্পের নির্ধারিত সীমানা থেকে বেরিয়ে এসেছে। বিশেষ করে নির্বাচনের আগে কোনো রাজনৈতিক পক্ষ তাদের ভাড়াটে হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষ হওয়ার পর স্থানীয় জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় নির্ধারিত শরণার্থী ক্যাম্পে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
১১৬ দিন আগে
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু
জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফেনী–৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে থানায় জিডি করেন মিন্টুর নির্বাচনি এজেন্ট মোহাম্মদ শামসুদ্দীন।
জিডি উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলায় ফেনী–৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিকের নির্বাচনি প্রচারণায় জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ধানের শীষের প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন। এরকম আরও বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে করে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, ‘নির্বাচনের প্রচারণাকালে আমি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। এখানে এটিকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার কিছু নেই। আমি যা বলেছি, আপনারা ভিডিওতে বক্তব্যটি শুনতে পারেন। এটি অনলাইনে পাওয়া যাবে।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ধানের শীষ প্রার্থীর পক্ষে তার এজেন্ট জিডি করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
১১৬ দিন আগে
দিনাজপুরে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের সহকারী নিহত হয়েছেন। সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে এসে কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কাভার্ড ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আল আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। আর আহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে পুলিশের রেশনবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খেজুরবাহী একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন কেবিনে আটকা পড়েন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক এবং কাভার্ড ভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
১১৬ দিন আগে
নরসিংদীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যু
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গে
আজ (শনিবার) আসরের নামাজের পর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং এশার নামাজের পর গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আব্দুর রশিদের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
১১৭ দিন আগে
চার দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির।
বন্দরের পাশাপাশি এবার বহিনোঙ্গরেও অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীদের ক্ষতি ও রোজার পণ্য খালাসের কথা ভেবে তারা কর্মসূচিতে শিথিলতা এনেছিলেন। কিন্তু এরপরই বন্দর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
সংগঠনটির পক্ষ থেকে এ সময় চারটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেওয়া এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা। এছাড়া আন্দোলনকারী কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া যাবতীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা বাতিলের দাবিও জানানো হয়েছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। এর আগে, গত শনিবার থেকে তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। পরে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু হলেও নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে বৃহস্পতিবার বিকেলে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সমুদ্রপথে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৭৮ শতাংশই এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। বিশেষ করে কনটেইনার পরিবহনের ক্ষেত্রে এই বন্দরের ওপর নির্ভরতা ৯৯ শতাংশ। ধর্মঘটের ফলে কনটেইনারে পণ্য রপ্তানি এবং শিল্পের কাঁচামাল খালাস প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, ইয়াসিন রেজা রাজু, আবুল কাসেম, জাহিদ হোসেন, শরীফ হোসেন ভুট্টো ও ইমাম হোসেন খোকন প্রমুখ।
১১৭ দিন আগে
কুষ্টিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে নিজেদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। আর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় ওই তিন কিশোর। পড়া শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। সেইসঙ্গে সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
১১৭ দিন আগে
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হুজাইফা আফনান (১৩) ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছে মেয়েটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌন ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
হুজাইফার চাচা শওকত আলী বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।
গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার দুই দিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালের অ্যানেসথেশিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে মাঝেমধ্যেই সশস্ত্র সংঘর্ষ বাঁধে। বাংলাদেশ সীমান্তে এই সংঘর্ষ হলে ছুটে আসা গুলিতে মাঝেমধ্যেই টেকনাফ অঞ্চলে বাংলাদেশিদের হতাহত হওয়ার ঘটনা ঘটে।
হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার পরের দিন একই এলাকায় সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে আবু হানিফ নামে এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গত ২৭ জানুয়ারি কনাফ উপজেলার নাফ নদের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে সোহেল (১৫) ও ওবায়দুল্লাহ (১৪) নামে দুই কিশোর গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিরা আতঙ্কে দিন পার করে আসছেন।
সীমান্তে চলমান এই ধরনের সহিংসতা স্থানীয়দের জীবন ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। বিষয়টির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
১১৭ দিন আগে