সারাদেশ
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১, সড়ক অবরোধ
মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন ‘তমি মার্কেট’ দখল চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালাশুরে এ ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা ঢাকা-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।
আহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন— ওই এলাকার তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তুষার (২৪) ও আব্দুর রহমান (২৩)।
বিক্ষোভ চলাকালে ঢাকা-দোহার সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর মধ্যে বালাসুর এলাকায় হান্নান হাজীর মার্কেটের সামনে সাইকেল, অটোভ্যানসহ বেশকয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
১২১ দিন আগে
কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা সব শ্রেণি পাঠ ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন। এ সময় সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে।
তারা জানান, আগে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে প্রায় ৩০ মিনিট খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সড়কপথের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কর্মসূচি প্রত্যাহার হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১২১ দিন আগে
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাহীন হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, গতরাত সোয়া ১২টার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোডে রিকশা চালাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার তার রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে যাই।
এসআই আরও জানান, এ ঘটনায় ঘাতক প্রাইভেট কার ও এর চালক থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
১২১ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ের কেওয়াটখালীতে বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজধানী ঢাকার মুগদা এলাকার বাসিন্দা আরিফ (৪০) ও ফরিদপুরের মামুন (৪২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাইকটি পুলিশ হেফাজতে নেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় এলাকায় প্রায় আধ ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
১২১ দিন আগে
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট কর্মচারী আহত, ৯০ হাজার টাকা লুট
রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্টের কর্মচারী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৯০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত গোলাম কিবরিয়া বোরাক ট্রান্সপোর্টের বংশাল শাখার কর্মচারী। তিনি শ্যামপুরের আলীবাগ এলাকায় থাকেন বলে জানিয়েছেন তার সহকর্মী মেহেদী হাসান।
আজ সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তিনি বলেন, গতরাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে তিনি ঢাকায় আসেন। পরে মালামাল আনলোড করে রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় কামাল স্কুলের সামনে ৩ ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এরপর কোনোকিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতে আঘাত করে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে আজ (মঙ্গলবার) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ট্রান্সপোর্ট কর্মচারী কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।
১২১ দিন আগে
খাগড়াছড়িতে নির্বাচনি পথসভায় ২ শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাচনি পথসভায় ২ শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (২ফেব্রুয়ারী) বিকেলে পার্বত্য জেলা উপজেলার টিএন্ডটি মাঠে বিএনপির নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় ২ শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেন।
উচাইপ্রু মারমার নেতৃত্বে মারমা ও চাকমা সম্প্রদায়ের ১৫০ জন, আলমগীর হোসেন নেতৃত্বে ৫০, পারভীন আক্তারের নেতৃত্বে ৫০ জন বিএনপিতে যোগদান করেছেন।
নির্বাচনি পথসভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় উপজেলা সভাপতি মো. ফোরকান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮ নম্বর আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া। এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সাবেক ছাত্রদলের সভাপতি মো. কামাল হোসেনসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথি খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮ নম্বর আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া বক্তব্য বলেন, খাগড়াছড়ি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী হলে উপজেলার যোগাযোগে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন উপাসনালয়ে উন্নয়ন কাজ করবেন।
লক্ষ্মীছড়ি উপজেলার পৃথক পৃথক জায়গা ডিপি পাড়া, মগাছড়ি, মানিকছড়ির রাঙ্গাপানি, তিনট্যহরী ইউপি প্রাঙ্গণে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়।
১২১ দিন আগে
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
শেরপুরে ঝিনাইগাতীতে নির্বাচনি সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে ঝিনাইগাতী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল (২৮) ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক।
এদিকে, রুবেলকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল (সোমবার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন অর-রশীদ মামুন ও সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ। বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী দায়েরকৃত মিথ্যা ও বানোয়ট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা মো. আবুল হাশিম স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুবেল জামায়াত নেতা রেজাউল হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে আাদলতে সোপর্দ করা হবে।
এদিকে, উচ্চ আদালত থেকে গতকাল (সোমবার) রেজাউল হত্যা মামলার প্রধান আসামি বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ আসামির ৬ সপ্তাহের আগাম জামিনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী নিহতের স্ত্রী মারজিয়া ও জেলা জামায়াত নেতারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিদের হাইকোর্টে আগাম জামিনের প্রতিবাদ জানিয়ে বাদী মারজিয়া কান্নাজড়িত কন্ঠে বলেছেন, রেজাউল হত্যাকাণ্ডে পরিবার ও এলাকাবাসী এখনো গভীর শোকের মধ্যে রয়েছে। অথচ হত্যার সঙ্গে সরাসরি জড়িত আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে অবিলম্বে উচ্চ আদালতে আপিল করে জামিন বাতিলের দাবি জানান।
এ সময় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেছেন, আগাম জামিনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে জামিনে থাকা এসব আসামি ভোটে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনকালে বাদী মারজিয়ার পাশে বসা ছিলেন নিহত রেজাউলের বাবা মাওলানা আব্দুল আজিজ, ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে ২৮ জানুয়ারি প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াত নেতা রেজাউল করিম মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ২৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০/৫০০ জনকে আসামি করে শনিবার ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১২২ দিন আগে
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদে এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রীধারীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গাজীপুরে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিপ্লোমা প্রকৌশলীরা ভুরুলিয়া মিস্ট মোড় এলাকায় জড়ো হয়ে সেখান থেকে শিমুলতলী-গাজীপুর সড়কে মিছিল নিয়ে ভুরুলিয়া এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন।
এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধ করায় বনলতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চাঁপাইএক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
১২২ দিন আগে
নাটোরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
নাটোরের সিংড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে তৈরিকৃত আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
সেনা সূত্র জানায়, অভিযান চালিয়ে গ্যারেজের ভেতরে গোপনে গড়ে ওঠা অস্ত্র কারখানার সন্ধান পায় সেনা সদস্যরা। পরে সেখানে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়। এছাড়া আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে সেখান থেকে আটক করে হেফাজতে নেয় সেনাবাহিনী।
আব্দুল্লাহ (২৮) পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার বাসিন্দা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, অস্ত্রসহ আব্দুল্লাহকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১২২ দিন আগে
মারা গেলেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইসলামনগর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রনিসহ আশপাশে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে বাধা দিতে সেই ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে শান্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।
গুরুতর আহত রনি ও হাসিনুরকে সেদিন রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন বলেন, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল।
আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান এ চিকিৎসক।
রনির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো শোক জানিয়েছে।
১২২ দিন আগে