সারাদেশ
হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ৯ বছর বয়সী ওই শিশুটি গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের আফরোজ মিয়া (৩৫) তার সঙ্গী ওই শিশুকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ের নির্জন স্থানে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। ওই ছাত্রীর বাবা ওইদিন বাড়িতে না থাকায় আজ (সোমবার) দুপুরে ভুক্তভোগীকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর মায়ের দাবি, তার মেয়েটি খাবার কেনার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার সময় পথিমধ্যে একটি বাঁশঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাতে পারব।
১০ দিন আগে
সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমকি দেব (২৯) ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী।
গতকাল (রবিবার) সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুমকির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝুমকির শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করছেন। তবে তার বাবার বাড়ির স্বজনদের দাবি, এটি হত্যাকাণ্ড।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১০ দিন আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
সোবার (২৫ মে) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত ৪ শিশুর মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে (বয়স ১৪ মাস), একজনের বাড়ি সিলেট সদরে (বয়স ৮ মাস) ও অপরজনের বাড়ি মৌলভীবাজার সদরে (বয়স ৪ মাস)।তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজন শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে এ পর্যন্ত নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গে মারা গেছে।
১০ দিন আগে
হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৩৭ শিশুর মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৭ শিশু। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় স্থান নিয়েছে।
হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৩ মে ময়মনসিংহ সদরের মির্জাপুর থেকে হামের লক্ষণ নিয়ে ১১ মাস বয়সী এক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ মে) দুপুরে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় শিশুটি মারা যায়।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে সোমবার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এ হাসপাতালে মোট ১ হাজার ৫৯৩ টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৭৯ টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ৩৭টি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
তিনি বলেন, হাম ও আমের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী ভর্তি আছে। তবে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এখনও চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে বাবল সিপ্যাপের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১০ দিন আগে
সিলেটে নিহত শিশু ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী
সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় তিনি নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারের একটি দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সৃষ্ট সার্বিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। অপরাধ বিভিন্ন জায়গায় ঘটলেও এটি একটি জঘন্যতম অপরাধ। এমন দুগ্ধপোষ্য বাচ্চার ওপর এই ধরনের নৃশংস নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান। পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাহিমা গত ৬ মে দুপুরে নিখোঁজ হয়। ঘটনার দিন পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু ফাহিমাকে পাশবিক নির্যাতন করে জাকির নামের এক যুবক। এরপর ফাহিমাকে হত্যা করে স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ব্যাগে রাখেন তিনি। পরে সেই ওড়নাসহ শিশুটির মরদেহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেওয়া হয়। ওই ডোবা থেকে ৮ মে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে শনাক্ত করতে কাজ শুরু করে। একপর্যায়ে গত ১১ মে জাকিরকে জালালাবাদ থানা পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জাকির ফাহিমাকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দেন।
১০ দিন আগে
৫৬ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ জন
চাঁদপুর জেলা পুলিশের শিক্ষানবিশ কনস্টেবল (টিআরসি) পদে ৫৬ টাকায় মোট ৪৫ জন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেছেন নিয়োগ বোর্ডের প্রধান।
২৪ মে (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩ নারীসহ মোট ৪৫ জন ও অপেক্ষমাণ ৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের প্রধান ও চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান। নিয়োগপ্রাপ্ত সবাই এই জেলার নাগরিক।
ফলাফল ঘোষণা শেষে নিয়োগ পাওয়া প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. রবিউল বলেন, ’৫৬ টাকায় পুলিশের চাকরি পেয়েছ তোমরা। শতভাগ স্বচ্ছ, অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকে যারা পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন, আপনাদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। চাঁদপুরে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ায় পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্টদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি, নতুন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যাণে তাদের দায়িত্ব পালন করবেন।
এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৯৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রথম দিন ৬৩৮ জন অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে চূড়ান্তভাবে ৪৫ জন নির্বাচিত হয়েছে এবং অপেক্ষামাণ রয়েছেন আরও ৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) লুৎফুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
১০ দিন আগে
গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক দায়রা জজ নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আউয়াল সরকার (৫৬) নামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে ছিলেন। তিনি ছিলেন সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল (রবিবার) রাতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা শহর থেকে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় আসলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
১০ দিন আগে
নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাবা ছেলে গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে শামসুল আলম ও তার ছেলে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ (সোমবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগ, উপজেলার গোয়ারপাড়া সেতু এলাকার দরিদ্র ওই শিক্ষার্থীকে নানা প্রলোভন দেখিয়ে প্রথমে একই এলাকার শামসুল আলম (৬০) ধর্ষণ করেন। পরে তার ছেলে আরিফও (২৮) তাকে ধর্ষণ করেন। এর ফলে ওই শিক্ষার্থী অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে প্রথমে মীমাংসার চেষ্টা করা হয়। বর্তমানে কিশোরীটি ৫ মাসের অন্তঃসত্তা।
ভুক্তভোগীর মা মানসিক প্রতিবন্ধী এবং বাবা গ্রামে গ্রামে ঘুরে সেচ পাম্প মেরামত করে জীবিকা নির্বাহ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।
১০ দিন আগে
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী বিদায়
পটুয়াখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি গাড়িতে করে প্রধান শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দিয়ে নতুন এক দিগন্তের সৃষ্টি করলেন নবাগত শিক্ষা কর্মকর্তা। এমন নতুনত্ব গণতান্ত্রিক বিদায়াচরণে উৎসাহ আর আনন্দে উদ্বেলিত জেলার প্রাথমিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্বাভাবিকভাবে সরকারি চাকরি থেকে অবসরের ছুটি প্রস্তুত হওয়ার পর অবসরপ্রাপ্তকে সংশ্লিষ্ট কাগজপত্র গুছিয়ে যোগাযোগ করতে হয় উপজেলা কর্মকর্তার মাধ্যমে জেলা কর্মকর্তার কাছে। আর এর ব্যাতিক্রম হলো এবার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১২১ নম্বর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমের শেষ কর্মদিবসে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠানের। ওই শিক্ষকের অবসরজনিত প্রস্তুতির কাগজপত্রাদি নিয়ে অনুষ্ঠানে হাজির হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাসুদ করিম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম দীর্ঘ জীবনের চাকরিতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে শিক্ষকতার পাশাপশি একজন গুনী শিক্ষক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি ২০০৫, ২০০৮ ও ২০১২ সালে বাউফল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন। পাশাপশি ২০১৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি ২০০০, ২০০৪ ও ২০২০ সালে কাবের জাতীয় পর্যায়ে সমাবেশে অংশগ্রহণ করেন। একজন গুনী শিক্ষক হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে সরকারিভাবে শ্রীলংকা শিক্ষা সফরের সুযোগ পান মোসাম্মৎ কোহিনূর বেগম।
গতকাল (রবিবার) শেষ বিকেলে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগমের শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমের সহকর্মীসহ বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর এক অশ্রুসজল পরিবেশের মধ্য দিয়ে বিদায় দেওয়া হয় তাকে। প্রত্যেকেই তুলে ধরেন কোহিনূর বেগম এর গৌরবজ্জল ভূমিকার কথা।
কাজী বাউফল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিইও মাসুদ করিম।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম কোহিনূর বেগমের কর্মকালের প্রশংসা করেন এবং শেষ কর্মদিবসে তার এই উপস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, যে কাজের জন্য কার্যালয়ে যেতে হয়, পিআরএল মঞ্জুরজনিত দাপ্তরিক সেই কাজটি আমি আপনাদের সামনে করে দিলাম। তার অবসরের দাপ্তরিক কাজের জন্য আর কার্যালয়ে যেতে হবে না।
পরবর্তীতে সবাইকে অবাক করে দিয়ে কোহিনূর বেগমকে সম্মান জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সরকারি গাড়িতে করে নিজেই চালকের আসনে বসে কোহিনূর বেগমকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এ ধরনের দায়িত্বশীল ও মানবিক কাজের প্রশংসা করে পটুয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এটি একটি সাহসী উদ্যোগ। পাশাপশি সরকারি গাড়িতে করে একজন পিআরএলপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার চাকরি জীবনের শেষ দিনে বাড়িতে পৌঁছে দিয়ে যে সম্মানটি দিয়েছেন, এটি পটুয়াখালীর শিক্ষাঙ্গনে একটি নজির হয়ে থাকবে।
শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম আরও বলেন, কোহিনূর বেগম যেদিন থেকে অবসর যাত্রা শুরু করেছেন, সেই দিনেই তার অবসরের তৈরি কাগজ তার হাতে পৌঁছে দিয়ে নতুন একটি উদ্যোগ শুরু করতে পেরে আনন্দিত। নতুন বাংলাদেশে নতুন সরকারের দৃষ্ঠিভঙ্গি হচ্ছে, কাউকে যেন কোনো কাজে কখনও ভোগান্তি পোহাতে না হয়। সেই চিন্তা থেকে আমি এ কাজটি শুরু করেছি, আগামীতে এটি অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাউফল সৈয়দ মনিরুজ্জামান প্রমুখ।
১০ দিন আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী এক ব্যক্তি ও তার চার বছরের মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাজাহানপুরের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী মো. আনিসুর রহমান (৩৫) ও তার চার বছরের মেয়ে আয়েশা নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আনিসুর রহমানের স্ত্রী মোছাম্মত পুষ্পা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত পুষ্পা আক্তারের অবস্থা আশঙ্কাজনক।
নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ শেরপুর দুর্ঘটনার বিষয়টি তদারকি করছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তে কাজ চলছে।
১০ দিন আগে