সারাদেশ
খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে বিষয়টি রূপসা থানায় অবগত করেন। পরে থানা পুলিশ বিষয়টি নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘থানা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি স্থানীয়দের সহায়তায় উপরে আনা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। তার গলায় একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার পরনে নীল রঙের একটি ট্রাউজার ছিল, তবে উপরের অংশে কোনো পোশাক ছিল না।’
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি আরও বলেন, “লাশটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় নিশ্চিতকরণে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়। কিন্তু তার হাতের টিস্যু পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
লাশের সুরতহাল সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
২৭০ দিন আগে
সাবেক এমপি আনারের বিলাসবহুল প্রাডো গাড়ি মিলল কুষ্টিয়ায়
কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিহত আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।
সোমবার (৯ জুন) দিবাগত রাত বারোটার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে এটি খুঁজে পাওয়ার কথা জানায় পুলিশ। গাড়ির ভেতরে পাওয়া গেছে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার। কালো রঙের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন। তিনি বলেন, ‘গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গাড়ি থেকে কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি সাবেক এমপি আনারের।’
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে বলে জানান তিনি। ে
আরও পড়ুন: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ চলছে: গভর্নর
এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন, ‘প্রথমে শুনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে গাড়ির কাগজপত্র ও সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করে। গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর সাবেক চালক ছিলেন। তিনিই কাগজপত্র ও স্টিকার দেন। এতে দেখা যায়, গাড়িটির মালিক আনোয়ারুল আজীম আনার।”
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
আরেক প্রত্যক্ষদর্শী জুনায়েদ হোসাইন বলেন, ‘সাধারণ জনগণের কাছ থেকে জানতে পারি যে সাফিনা টাওয়ারে একটি দামি প্রাডো গাড়ি রাখা আছে, যা মাসের পর মাস বের করা হয় না, শুধু মাঝে মাঝে স্টার্ট দেওয়া হয়। পরে আমরা গিয়ে দেখি গাড়িটি। আমাদের দেখে চালক পালানোর চেষ্টা করেন। পরে একজনকে কল দেন, আমি তার সঙ্গে কথা বলি, কিন্তু তিনি কোনো তথ্য দেননি। পরে পুলিশ এসে কাগজপত্র উদ্ধার করে, যেখানে এমপি আনারের নাম পাওয়া যায়।’
ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে স্থানীয়রা জানান, জেনুইন লিফ কোম্পানি নামের একটি সিগারেট কোম্পানি ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটি এখানে রাখার ব্যবস্থা করেছে।
এ বিষয়ে বাসার কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, ‘জেনুইন লিফ কোম্পানি ভবনের তিনটি তলায় ভাড়া নিয়েছে। সেখানে বিদেশিরা আসেন, থাকেন ও খাওয়াদাওয়া করেন। গাড়িটি তারাই রেখেছেন। কোম্পানির বেলাল স্যার জিএম ও জাহিদ স্যার সিইও। এর বেশি আমি জানি না।’
গাড়িটির চালক শান্ত বলেন, ‘পাঁচ বছর আগে আমি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালাতাম। এখন জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করি। জিএম বেলাল স্যার ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তাদের হুকুমে আমি গাড়ি স্টার্ট দিয়েছি। গাড়ির মালিক কে, তা জানি না। আমি কখনো রাস্তায় গাড়িটি চালাইনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘গাড়িটি এনে তারা গ্যারেজে রাখেন। আমি জানতাম না এটি কার। আজ শুনলাম এটি এক এমপির। গাড়িটি কয়েক মাস ধরে রাখা আছে।’
এ বিষয়ে সাফিনা টাওয়ারের মালিক জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের অফিসে গিয়ে কেয়ারটেকার ও দারোয়ান ছাড়া কাউকে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে এমপি আনারের নাম রয়েছে। এ ছাড়া, সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নিয়েছেন। গাড়িটি বর্তমানে তার পার্কিং স্পেসেই রাখা আছে।
তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এটি ভাড়া নিয়েছেন। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশমাইল এলাকায় অবস্থিত ‘তারা টোব্যাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার।
আরও পড়ুন: আনার হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন আ. লীগ নেতা সাইদুল করিম
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া সাবেক সংসদ সদস্য আনারের। তবে গাড়িটির মালিকানা সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে কে বা কারা গাড়িটি এনে এখানে রেখেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’
২৭০ দিন আগে
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে কোনাবাড়ীর থানাধীন আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
২৭০ দিন আগে
ভোলায় দেড় লাখ টাকা মূল্যের মাদকসহ আটক ১
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের পৃথক দুটি অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে। এ সময় মো. আব্বাস নামে এক যুবককেও আটক করা হয়।
সোমবার (৯ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আটক মো. আব্বাস (৩৮) ভোলার সদর উপজেলার সামান্দা ইউনিয়নের সামান্দা গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন জানান, রবিবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলার ইলিশা ও সামান্দা ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা ও নগদ ১২ হাজার ৮৪৫ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
জব্দ হওয়া সব আলামতসহ মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
২৭০ দিন আগে
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী নিহত, স্বামী আহত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে সুবর্না আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আরিফ হেসেন।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, শিশুসহ আহত ৫
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দীর্ঘদিন ধরে আরিফ ও সুবর্না গ্যাস বেলুনের ব্যবসা করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে গ্যাসের বড় বোতল থেকে বেলুন ফুলানোর কাজ করছিলেন আরিফ ও তার স্ত্রী সুবর্না। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ হয়।
এতে ওই দম্পতি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুবর্নাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আরিফ বর্তমানের ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
২৭০ দিন আগে
করোনার সতর্কতা নেই হিলি চেকপোস্টে
ভারতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার সতর্কতা জারি করেছে।
কিন্তু দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কোনো মেডিকেল হেলথ ডেস্ক বসানো হয়নি। ফলে পাসপোর্ট যাত্রীরা কোনো পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই চেকপোস্ট ব্যবহার করে ভারত ও বাংলাদেশে আসা-যাওয়া করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে, মেডিকেল টিম ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নেবে। পাশাপাশি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, স্বাস্থ্য সচেতনতামূলক সম্পর্কে প্রচারনা চালানোর জন্যও বলা হয়েছে।
হিলি চেকপোস্টে বাংলাদেশি যাত্রী গোকুল চন্দ্র বলেন, ‘ভারতে চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘদিন থাকতে হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের সংক্রমন বাড়ছে। এ নিয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা গেছে। চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হই কিনা! ভয়ে ছিলাম। তবে হিলি চেকপোস্টে আসার পর কোনো মেডিকেল টিম দেখতে পাইনি। আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করেনি।’
বিশেষ করে এখন যারা ভারত থেকে আসছেন স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিধি মানা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জ সদরের মীরপুরের মোছা. আমিনা খাতুন বলেন, ‘ভারতে চিকিৎসা নিতে যাচ্ছি। এখানে এসে শুনলাম ভারতে নাকি আবার করোনাভাইরাস ছড়াচ্ছে। কি করব বলেন, যেতে হচ্ছে। আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি।’
দেশে ফেরার সময় ভারতীয় নাগরিক ভগীরথ সরকার বলেন, ‘দিনাজপুরের বিরলে আত্মীয়ের বাড়িতে গেছিলাম। এখন দেশে ফিরে যাচ্ছি। চেকপোস্টে আমার স্বাস্থের বিষয়ে কেউ কোনো কথা বলেনি। বাংলাদেশে থাকা অবস্থায় কয়েকদিন আগে আমার বাড়ির লোকজন ফোনে বলেছিল দেশে করোনাভাইরাস হচ্ছে, তাই ফিরে যাচ্ছি।’
আরও পড়ুন: সান্তিয়াগোর উন্নতি হলেও ঢাকার অবনতি
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে। কর্তৃপক্ষ থেকে কোনো দিক-নির্দেশনা এখনও পাইনি। তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘নির্দেশনা সম্পর্কে জানতে পেরেছি। সোমবার বা মঙ্গলবার থেকে হিলি চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করবে।
২৭০ দিন আগে
কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গেনী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার প্রকৌশলী ওই এলাকার সুলতান আহম্মদের ছেলে। তিনি কুসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।
স্থানীয়রা জানান, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্ট সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
তবে, মামলার পরও তিনি কুসিকের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তোফাজ্জল হোসেন ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে, তিনি ওই মামলায় জামিনে আছেন।
আজ (সোমবার) সকালে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার কথা জানান ওসি।
২৭০ দিন আগে
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, শিশুসহ আহত ৫
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৮ জুন) বিকালে চাঁদপুর-মতলব সড়কের মতলব দক্ষিন উপজেলার বরদিয়া আড়ং এলাকার ব্রীজসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের বাসিন্দা সিএনজির চালক সিদ্দিকুর রহমান (৫০) এবং একই উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা যাত্রী তপন চৌধুরী (৩৫)।
স্থানীয়রা জানান, জৈনপুর পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্য রওয়া হয়। অপরদিকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি শিশুসহ ছয়জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। এ সময় বাস ও সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও শিশুসহ মোট সাতজন আহত হয়। তাদেরকে উদ্বার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক ছিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্বে ‘ছোট ভাইয়ের হাতে’ বড়ভাই খুন
অপর দুই যাত্রী তপন ও এক শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শিশু ফাহিমকে সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ইউএনবিকে বলেন, ‘সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতাল ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
২৭১ দিন আগে
কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্বে ‘ছোট ভাইয়ের হাতে’ বড়ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ার পারিবারিক কলহ ও কোরবানির মাংস কাটাকাটি নিয়ে বাগবিতাণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে।
রবিবার (৮ জুন) জেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, কোরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করেন।
আরও পড়ুন: যমুনার ভাঙনে নদীতে বিলীন তিনতলা স্কুলভবন
মারধরের এক পর্যায় দুলাল মিয়ার মুখে বিষ ঢেলে দেন তার ভাইয়েরা। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলে, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটির তদন্ত চলছে। ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক রয়েছেন।’
পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২৭১ দিন আগে
সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ঈদের দিন (৭ জুন) রাতে কদমতলি এলাকার যমুনা মার্কেটের ডায়মন্ড আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় হোটেলের ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করা হয়।
আটকরা হলেন—হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান (৪৫) ও নাইট গার্ড খিজির আহমদ (৩৫)।
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
এ বিষয়ে কদমতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ‘প্রতিবন্ধী ওই তরুণীকে কদমতলি এলাকায় একা পেয়ে তাকে ডায়মন্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে হোটেলের ম্যানেজারসহ পাঁচজন তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছি।’
তিনি আরও বলেন, ‘ভিকটিম বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।’
বাকি অভিযুক্তদের ধরতেও অভিযান চলছে বলে জানান এসআই সুমন চক্রবর্তী।
২৭১ দিন আগে