সারাদেশ
ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার অভিযোগে এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই চিকিৎসক হেনস্তার শিকার হন।
ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা সেখানে পৌঁছে এক নারী ও ২ পুরুষকে আটক করেন এবং পরে তাদের পুলিশে দেন। পরবর্তী সময়ে রাত ১টার দিকে হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
আজ সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।এদিকে সেবা না পেয়ে অনেক রোগীকে অন্যত্র নিয়ে যেতে দেখা যায় তাদের স্বজনদের। তবে আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল থেকেই হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং চিকিৎসার পরিবেশ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে শনিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি নিরাপত্তা রয়েছে। ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে ৩ জনকে আটক করেছে। তবে তাদের বিরুদ্ধে থানায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৩৮ দিন আগে
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধু খুন, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মেহেদী ইসলাম (৩২) নামের এক যুবককে খুনের অভিযোগে আটক করে পিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। মেহেদী পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেরাবো এলাকার মুদি দোকানি বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করছিলেন। ওই বাড়িতে টাইলস বসানোর কাজ দেওয়া হয় মেহেদীকে। সেই থেকে আমেনাদের বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি।
তারা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদীকে হাতেনাতে ধরে ফেলেন আমেনা বেগম। এ সময় আমেনার কাছ থেকে ছুটে যেতে জোরাজুরি করতে থাকেন তিনি। একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরি দিয়ে আমেনার গলায় আঘাত করেন মেহেদী। এরপর শরীরের বিভিন্ন স্থানেও অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি।
এ সময় আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্ত মেহেদীকে আটক করে ফেলেন। পরে স্থানীয়রা পিটুনি দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন।
অপরদিকে আমেনা বেগমকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইটি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
১৩৯ দিন আগে
সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২
সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তবে নিহত দুজন শ্যামলি বাসের চালক ও হেল্পার বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। দুর্ঘটনায় এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১৩৯ দিন আগে
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈদ্যুতিক লাইন ও ট্রান্সফরমারের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার (১৭ জানুয়ারি) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: নগরের শেখঘাট এলাকার বিএডিসি অফিস , ইত্যাদি পয়েন্ট, শুভেচ্ছা আ/এ, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, পার্ক ভিউ হসপিটাল, হিলটাউন হোটেল, তেলি হাওড়, গরু বাজার, তালতলা পয়েন্ট, বাংলাদেশ ব্যাংক, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, কাজীর বাজার, তোপখানা এলাকা, কোতোয়ালী থানা, আলী আমজাদ ঘড়ি, সার্কিট হাউজ, ডিসি অফিস, পুলিশ সুপার অফিস, পোষ্ট অফিস, ডহর আ/এ, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল, সাউদার্ন সিএনজি এলাকা, শেখঘাট মসজিদ ও কাজিরবাজার এলাকা।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
১৩৯ দিন আগে
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৭
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন (৩৫) ও মো. আব্দুর রাজ্জাক (২৯) নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের নাঙ্গলকোট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
স্থানীয়রা জানান, গত ৩ আগস্ট ২০২৫ তারিখে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজকের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এই ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১৩৯ দিন আগে
কুমিল্লায় পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি সেতুসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, অভিযানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩৯ দিন আগে
সিলেটে ঝোপের ভেতরে মিলল ভারতীয় অস্ত্র
সিলেট নগরীতে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জালালাবাদ থানা এলাকার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির সীমানাপ্রাচীরের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটার-সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের কালো-ছাই রঙের পুরাতন একটি এয়ার পিস্তল। পিস্তলটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৪০ দিন আগে
নড়াইলে ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নড়াইলে ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র ফাহিম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী অভয়নগর থানার লেবুগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম মোল্যা কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মনিরুল মোল্যার ছেলে। খড়রিয়া এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
ফাহিমের চাচা জাহাঙ্গীর মোল্যা বলেন, গতকাল (বুধবার) নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই এলাকায় ঘোড়দৌড় দেখতে যায় ফাহিম। পরে বিকেলে ঘোড়দৌড় দেখে মোটরসাইকেল চড়ে নিজ বাড়িতে ফিরছিল সে। পথের মধ্যে অভয়নগর থানার লেবুগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ফাহিম ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে সেখান পৌঁছে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় ফাহিম।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সড়ক দুর্ঘটনাটি আমাদের থানার মধ্যে ঘটেনি। যেহেতু ঘটনাটি পাশের যশোর জেলায় ঘটেছে, সে কারণে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
১৪০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন সক্রিয় মানব পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
আটক মানব পাচারকারী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহিন আলী। অপর তিনজন হলেন— রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তারাজুল ইসলাম, রাজশাহী জেলার শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, শাহিন আলীর সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।
১৪০ দিন আগে
নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
নড়াইলের লোহাগড়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— লোহাগড়া উপজেলার তোফায়েল মণ্ডল (২৫), মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগরের ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের আমিনুর গাজী (৪৫)।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতে অভিযান চালায় ওই উপজেলার সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল। তার দেওয়া স্বীকারোক্তিতে বসতঘরের ওয়ারড্রোব থেকে একটি চাইনিজ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় পিন্টুসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘেরের বিভিন্ন স্থান থেকে ১টি এয়ারগান, ৮০০টি গুলি, মাদক, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
এ বিষয়ে ওসি আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
১৪০ দিন আগে