সারাদেশ
কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, নারীসহ আহত ৩০
কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের আজিজুল চৌধুরী (৪০) এবং একই গ্রামের মুরসালিন চৌধুরী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় প্রথমে আজিজুল চৌধুরীকে রাত ৮টার দিকে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মুরসালিন চৌধুরীর মৃত্যু হয়। এছাড়া, আহতদের বাগেরহাটের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
স্থানীয়রা জানান, শনিবার বিকালে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারীসহ ৩২ জন আহত হয়। আহতদের মধ্যে এরশাদ গ্রুপের দুই জন নিহত হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।
২৭২ দিন আগে
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
বাগেরহাটে মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিঙ্গাধি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আজিজুল চৌধুরী (৪০) মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সিঙ্গাধি গ্রামের এরশাদ চৌধুরী ও তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী মারা যান।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নিহত আজিজুল এরশাদ চৌধুরীর পক্ষের লোক ছিলেন বলে জানা গেছে।
ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতির শান্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা বলেন তিনি।
২৭২ দিন আগে
আলেম-ওলামাদের নিয়ে কটুক্তি করায় পটুয়াখালীর ইউএনওর অপসারণ ও শাস্তির দাবি
পটুয়াখালীর কুয়াকাটার কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের অপসারণের দাবির পর এবার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম-ওলামা ও দাড়ি টুপি নিয়ে কটুক্তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে ইমাম সমিতি মহিপুর থানা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউএনও রবিউল ইসলাম এর অপসারণসহ আলেম-ওলামা ও দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করার জন্য তার শাস্তি দাবি করেন তারা।
এর আগে, বৃহস্পতিবার মসজিদের সম্পত্তি উদ্ধারের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তৌহিদি জনতা। এ সময় ইউএনও রবিউল ইসলামের অপসারণ দাবি করেন তারা।
তৌহিদি জনতার আন্দোলনের পর রবিউল ইসলাম তার ইউএনও কলাপাড়া নামে ফেসবুক আইডিতে আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আইনের আওতায় এনে শাস্তির হুমকি দেন বলে অভিযোগ করেন ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নান।
আরও পড়ুন: নিম্নচাপ: পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
তার ভাষ্যে, ওই স্ট্যাটাসে আলেম-ওলামা এবং দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করেন ইউএনও। আলেম-ওলামাদের নিয়ে ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, সাগর সৈকত জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামালসহ আরও অনেকে।
এ সময় কারী নজরুল ইসলাম বলেন, ‘১৩ বছর আমি ওই মসজিদে ইমামতি করেছি। মসজিদের পশ্চিম পাশে মহাসড়ক সংলগ্ন ডোবা ভরাট করে মসজিদ কমিটি মাটি ভাড়া দেয়। যা দিয়ে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের বেতন দেওয়া হতো। সরকারি জমি দাবি করে ইউএনও ওই মার্কেট ভেঙে দেন।’
নজরুল ইসলামের দাবি, ওই জমি মসজিদ কমিটি ক্রয় করেছে। তিনি আরও বলেন, ‘ওই জমিতে ইউএনও নিজ অর্থায়নে মার্কেট নির্মাণ করছেন। এর প্রতিবাদ করলে তিনি জেল-জরিমানার হুমকি দেন।’
সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মোস্তফা কামাল অভিযোগ করেন, ইউএনও মসজিদের নাম করে পাবলিক টয়লেট, মার্কেট নির্মাণ করছেন। এজন্য তার বিরুদ্ধে আইনি নোটিশ দিলেও তিনি তার জবাব দিচ্ছেন না।
ইউএনও নিজেই সরকারি জমি দাবি করে নিজেকে সভাপতি ঘোষণা করেন বলেও অভিযোগ করেন মোস্তফা কামাল। তবে মুসল্লিরা তাকে সভাপতি মানে না বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত মুসল্লিরা বলেন, মসজিদের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে ইউএনও মিথ্যাচার করেছেন।
২৭২ দিন আগে
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের ঢল, কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত জামাত
টানা কয়েক দিন বৃষ্টি হলেও আজ রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তাই ভোর থেকেই মানুষের স্রোত দেখা যায় শোলাকিয়া অভিমুখে। ঈদুল আযাহার নামাজ আদায়ের জন্য জায়নামাজ হাতে দলে দলে মুসল্লিরা আসেন শোলাকিয়া ঈদগাহে।
শনিবার (৭ জুন) উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ১৯৮ তম জামাত। বিভিন্ন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই মাঠের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের উপস্থিতি শুরু হয় বিশাল এ ঈদগাহ ময়দানে এবং সকাল ৯ টায় শুরু হয় ঈদের জামাত। জামাত পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ।
এদিন ঈদ জামাতে দূর-দূরান্তের মুসুল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ট্রেন ছেড়ে আসে ময়মনসিংহ ও অপরটি ভৈরব থেকে ছেড়ে আসে।
আরও পড়ুন: সারা দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা
তবে শোলাকিয়া মাঠের নিরাপত্তার স্বার্থে টুপি, মাস্ক ও জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন করা নিষেধ ছিলো। সবার সহায়তার জন্য মাঠে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিক্যাল টিমও দায়িত্ব পালন করে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমান বলেন, হাজার হাজার মুসুল্লির অংশগ্রহণে ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রচলিত রীতি অনুযায়ী, শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত শুরুর আগে তিনবার বন্দুকের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতি নেওয়ার সঙ্কেত দেওয়া হয়। প্রথম ১৫ মিনিট আগে তিনটি গুলি, ১০ মিনিট আগে দুটি গুলি ও ৫ মিনিট আগে একটি গুলির সঙ্কেতের মধ্য দিয়ে জামাত শুরু হয়।
জামাতের পর খুতবা পাঠ শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার কাজেম উদ্দীন জানান, নামাজের সময় দুই প্লাটুন বিজিবি সদস্য, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোষাকে নজরদারি করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
এছাড়াও মাঠসহ প্রবেশ পথগুলোতে ছিল সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। আর আকাশে উড়েছে পুলিশের ড্রোন ক্যামেরা।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, মসনদ-ঈ-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খানের উত্তরসূরী দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে ৪ দশমিক ৩৫ একর ভূমি শোলাকিয়া ঈদগাহকে ওয়াকফ করেন। ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহের জন্য সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮২৮ সালে শোলাকিয়া ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে ‘শোয়া লাখ’ মুসল্লির এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তখন ‘শোয়া লাখিয়া’ নামে পরিচিতি পায় এই ময়দান। পরে, শোয়া লাখিয়া থেকে ‘শোলাকিয়া’ নামকরণ করা হয়।
২৭৩ দিন আগে
জয়পুরহাট সীমান্তে ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ( ৬ জুন) রাতে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে ২০ বিজিবির অধিনায়ক আরিফুর দৌলা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির বিজিবির টহল দল ২৮১/৩১ এস নম্বর সীমান্ত পিলারের কাছে পূর্ব উঁচনা ঘোনাপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি কাপড়ের প্যাকেট উদ্ধার করে। পরে ওই প্যাকেটের ভেতর থেকে ২১ ক্যারেট মানের ৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
স্থানীয় জুয়েলারী সমিতি পরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণের ৩টি বারের মোট ওজন ৫৭ ভরি ১১ আনা(৬৭২ গ্রাম) বলে জানায়। যার বর্তমান বাজার মূল্য ৯৪ লাখ ৮৯ হাজার ৪২০ টাকা ।
শুক্রবার রাতেই ওই স্বর্ণের বারগুলো পাঁচবিবি থানায় জমা দিয়ে বিজিবির পক্ষ থেকে একটি চোরাচালানের মামলা করা হয়েছে বলে জানান আরিফুর দৌলা।
২৭৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২০) নিহত হয়েছের। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চককির্তী ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম কিবরিয়া জানান, আজ সকালে একটি ট্রাক ও একটি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
২৭৩ দিন আগে
কালুরঘাটে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪ রেলকর্মী বরখাস্ত
চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহতের ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ছাড়া, এ ঘটনায় ৪ জন রেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
বরখাস্ত হওয়া চার রেলকর্মী হলেন— পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল, সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ, এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।
এর আগে বৃহস্পতিবার (৫ জুন) রাতে ওই দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ ও পাহাড়তলী, চট্টগ্রামের ডিভিশনাল মেডিকেল অফিসার।
আরও পড়ুন: রাস্তার পাশের মসজিদে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঢাকা অভিমুখী একটি ট্রেন সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একটি শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে প্রবেশ করামাত্র অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ছাড়াও মোটরসাইকেলস আরও কয়েকটি ছিল যানবাহনে ধাক্কা দেয় ট্রেনটি।
২৭৩ দিন আগে
রাস্তার পাশের মসজিদে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে হাসান মিয়া (০৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।
আরও পড়ুন: ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থান পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি টিপু সুলতান।
২৭৪ দিন আগে
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও বেশি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৭টা ৪৫ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম বলেন, ‘সাতক্ষীরা জেলায় ২০টির অধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।’
আরও পড়ুন: ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরেই এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লিদের মতে, বিগত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেন।
২৭৪ দিন আগে
গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক মেয়র আব্দুল হানিফ খাঁনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, আব্দুল হানিফ খান উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: লাউয়াছড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে আব্দুল হানিফ খান বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানান তিনি।
ওসি জানান, তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
২৭৪ দিন আগে