সারাদেশ
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খাঁন রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় দক্ষিণ কদমতলী এলাকার ডিঅ্যান্ডডি লেকপাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রায়হান এসি সার্ভিসিংয়ের কাজ শিখছিলেন বলে জানিয়েছেন তার বাবা মো. সামিম খান।
ঘটনার পর রাতে ১৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের বাবা। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়। গ্রেপ্তার চারজন হলেন—হৃদয়, সাব্বির, আতিক ও আল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান ও তার বন্ধুরা লেকপাড়ে একটি ক্লাবে ফ্রি-ফায়ার গেম খেলার পর আড্ডা দিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মেহেদী ও শুভসহ এক কিশোর তাদের সামনে দিয়ে যাওয়ার সময় রায়হানদের সঙ্গে পুরনো বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তারা আরও কয়েকজনকে ফোনে ডেকে আনে। রায়হান ও তার বন্ধুরা ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করলে হৃদয়সহ অন্যরা তাদের ক্লাবের সামনে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে হৃদয় রায়হানের বুকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
রায়হানকে প্রথমে সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
২৮৬ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় একটি শিশু ও এক ব্যক্তি নিহত হয়েছেন।
নবীনগর উপজেলার ভৈরবনগরে লিচুর বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকালে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির নানু শিল্পী জানান, সকালে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে যায়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমার নদীতে ডুবে কিশোরের মৃত্যু
অন্যদিকে সদর উপজেলার রাধিকা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন মিয়া (৩০) নামের একজন মারা গেছেন। তিনি স্থানীয় লব মিয়ার ছেলে।
শনিবার সকালে পাশের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় শকে আহত হয়ে লিটনকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিল উভয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮৬ দিন আগে
কুমার নদীতে ডুবে কিশোরের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে কুমার নদীতে গোসল করতে নেমে লিমন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। লিমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় লিমন। ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে গিয়ে তার স্যান্ডেল দেখতে পান। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
২৮৬ দিন আগে
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ১
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফজলুল হক, ঝিনাইদহের শৈলকুপার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া ফাঁড়ির কনস্টেবল; এবং রিয়াল, কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
আহত মামুন একই গ্রামের শামসুল হকের ছেলে।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খুলনাগামী কনস্টেবল ফজলুলের মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী মামুন ও রিয়ালকে বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফজলুলকে মৃত ঘোষণা করেন। পরে রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
২৮৬ দিন আগে
ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাত এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কুমিল্লার আমতলী এলাকার বাসিন্দা মাহিনুর আক্তার মাহি নামের এক তরুণী যশোর কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মাহি ও রাফার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে রাফা তাকে বিয়ের প্রস্তাব দিলে মাহি রাজি হন এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২৩ সালের ৫ অক্টোবর রাফার অনুরোধে মাহি যশোরে আসেন। ওই দিন বিকালে মনিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কের পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে সন্ধ্যায় বিয়ের আশ্বাসে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় কৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন রাফা।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
পরবর্তীতে রাফা তাকে জানায়, তার কাছে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও আছে—যেগুলো মাহি কথা না শুনলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
ভিডিও ফাঁসের হুমকি দিয়ে মাহির কাছে দুই লাখ টাকা দাবি করেন রাফা। টাকা না দিলে ভিডিও ছড়ানোর হুমকি দেন। ভয়ে মাহি যশোর ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা দেন। পরে আরও কয়েক দফায় মোট ৮ লাখ ১০ হাজার টাকা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মাহি জানান, ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে বান্ধবী স্বর্ণা খাতুনকে নিয়ে রাফার শংকরপুরের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সম্পর্কের বিষয়টি জানান। রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেওয়ার কথা বললেও, রাফা বন্ধুমহলের মাধ্যমে মোবাইল ফোনে হুমকি দেন এবং মাহিকে বাড়ি থেকে বের করে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
২৮৬ দিন আগে
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্যাক্টর সংঘর্ষে চার শ্রমিক আহত
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ৭টার দিকে ময়লার টিলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. রহিম, মো. শাহিন, মো. রমজাম আলী ও থৈঅংগ্য মারমা। তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা ও ট্রাক্টরের শ্রমিক।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান খাগড়াছড়ি শহরের পথে আলুটিলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানে আগুন লাগে এবং ধাক্কায় ট্রাক্টর উল্টে যায়।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
দুর্ঘটনায় ট্রাক্টরের চার শ্রমিক আহত হন। এর কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
২৮৬ দিন আগে
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের শিবালয়ে একটি মোটরসাইকেলের পেছনে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় নিশাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নিশাদ নামে এক যুবক মারা যান। গুরুতর আহত দুজন তাসলিমা (৪০) ও আহাদকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় অক্সিজেন রিসোর্টের সামনে হাইওয়ে পুলিশ একটি মোটরসাইকেলকে সংকেত দিয়ে থামায়। ওই মোটরসাইকেল থামার পরপরই দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। এতে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট; দুর্ভোগে পড়েন যানজটে আটকে পড়া যাত্রীসাধারণ।
এরপর রাত ৯টার দিকে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সিলেটে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বসুন্ধরা রিসোর্টের সামনে হাইওয়ে পুলিশ প্রতিদিনই গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার নামে অর্থ আদায় করে। আজকের দুর্ঘটনাও সেই চেকপোস্টের কারণেই হয়েছে। ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কে কাগজপত্র তল্লাশি চললেও আমরা কোনো অবৈধ অর্থ আদায় করি না। দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। এক যুবকের মৃত্যু হয়েছে, বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২৮৭ দিন আগে
দিনাজপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত, আহত স্ত্রী ও শ্যালক
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের স্ত্রী ও শ্যালক।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া আদিবাসী রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, পারিবারিক কলহের একপর্যায়ে শামিয়েল মার্ডী তার স্ত্রী মিনি হাঁসদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা বাহা বেসরা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় শ্যালক বিকাশ কিস্কুও হামলায় আহত হন।
আরও পড়ুন: সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩
তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত জামাই শামিয়েল মার্ডীকে আটক করে।
আজ (শনিবার) নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
২৮৭ দিন আগে
বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
বরগুনার তালতলীতে ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি জমিজমা-সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত ষড়যন্ত্রের ঘটনা।
শুক্রবার (২৪ মে) উপজেলার করমজাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে লেখা বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিশুটি গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে জাম পাড়তে যায়। এ সময় গ্রেপ্তার সিদ্দিকুর রহমান তাকে জাম দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই ঘটনা ঘটান তিনি।
পরে সেদিন রাতে শিশুটি কান্নাকাটি করলে তার মা তাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা জানতে পারেন। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির পরিবার তালতলী থানায় অভিযোগ করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
তবে সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। অভিযোগকারী পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়সে আমি এমন ঘৃণ্য কাজ কল্পনাও করতে পারি না। আমি চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং যেকোনো নির্ভরযোগ্য জায়গা থেকে (ভুক্তভোগীর) মেডিকেল পরীক্ষা করানো হোক। রিপোর্টেই প্রমাণ হবে যে অভিযোগ মিথ্যা। আর যদি সত্যিই আমাকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান বলেন, ‘দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে, যা এলাকাবাসীর জানা। তবে যেহেতু ঘটনাটি সংবেদনশীল ও শিশু জড়িত, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
ঘটনাটির পর করমজাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ধর্ষণের অভিযোগের তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে করা ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন।
সামাজিকভাবে ঘটনাটি নিয়ে বিভক্ত মত থাকলেও অধিকাংশই একমত যে সঠিক তদন্তই একমাত্র পথ, যা সত্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
২৮৭ দিন আগে
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
ভারতে কাজের সন্ধানে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর পিলারের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম (২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া, কামালপুর, নেওয়াশী ও ভাঙ্গামোড় গ্রাম এবং নাগেশ্বরীর গোপালপুর গ্রামের বাসিন্দারা রয়েছেন।
বৈঠকে বিএসএফের পক্ষে ৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।
আরও পড়ুন: সীমান্তে ফের পুশ-ইনের চেষ্টা, স্থানীয়দের নিয়ে বিএসএফকে রুখে দিল বিজিবি
এ ছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ সদস্য ও বিএসএফের ১০ সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন চেষ্টার বিষয়ে আগাম বার্তা পেয়ে বিজিবি সজাগ অবস্থান নেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হবে, কিন্তু বিদেশি কেউ বাংলাদেশে ঢুকতে পারবে না।
পরবর্তীতে বিএসএফ ২৪ জনের একটি তালিকা দেয়। যাদের মধ্যে ১২ জন নারী, আটজন পুরুষ ও চারজন শিশু ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের গ্রহণ করেন এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৮৭ দিন আগে