সারাদেশ
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান গণি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আড়াইহাজার-ভুলতা সড়কের বড় বিনাইর চর এলাকার সড়ক অবরোধ করেন।
বুধবার (২০ মে) রাতে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার কাউন্দা এলাকার চকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ওসমান গণি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলার বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় বড় বিনাইর চর এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজ (বৃহস্পতিবার) ভোরে আড়াইহাজার-ভুলতা সড়কের বড় বিনাইর চর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় অবরোধকারীরা রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীরা জানান, গতকাল (বুধবার) রাতে দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার কাউন্দা এলাকার চকে সন্ত্রাসীরা ওসমানকে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে নিহতের পরিবারের দাবি ছিল, ওসমান ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিফাত মিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলেই ছিলাম। সন্ত্রাসীরা প্রথমেই আমাকে এসে হুমকি দেয়। পরে তারা আমার সামনে ওসমান ভাইকে কুপিয়ে নির্মমভাবে খুন করে।
তিনি আরও বলেন, তারা সংখ্যায় অনেক ছিল, তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না।
প্রত্যক্ষদর্শী মাহফুজ ভূঁইয়া বাবুল বলেন, ‘কাউন্দার চকে একটি জমি কিনে সেখান থেকে শ্রমিকরা মাটি কেটে ড্রাম ট্রাকে ভর্তি করতেছিল, আমি গাড়িতেই বসা ছিলাম। হঠাৎ একদল অস্ত্রধারী মুখোশ পরিহিত লোক ওসমান ভাইয়ের ওপর হামলা চালায়। তারা তাকে এলাপাতাড়ি কোপাতে থাকে। এরপর মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র আমাদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করছিল, তাতে রাজি না হওয়ায় তারা ওসমান গণিকে নৃসংশভাবে খুন করা হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে, তাদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
১৪ দিন আগে
রংপুরে কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধানখেত, বিপাকে কৃষক
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখীতে মাঠের পর মাঠ পাকা বোরো ধানখেত লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কাবিলপুর, রায়পুর, চতরা, বড় আলমপুর, টুকুরিয়া, মদনখালী, ভেন্ডাবাড়িসহ বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ মাঠের পাকা ধান মাটিতে নুয়ে পড়ে। কোথাও কোথাও জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে আরও দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
বছরের প্রধান ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন দুর্যোগে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কৃষি বিভাগ জানিয়েছে, এ উপজেলার অন্তত ২৩ হেক্টর জমির পাকা ধান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিন দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধান মাটিতে লুটিয়ে আছে। অনেক কৃষক পরিবার নিয়ে মাঠে নেমে ধান রক্ষার চেষ্টা করছেন। তবে শ্রমিক সংকট ও বৃষ্টির কারণে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
কৃষকদের আশঙ্কা, দ্রুত ধান কেটে না তুলতে পারলে পানিতে ভিজে ধানের গুণগত মান নষ্ট হয়ে যাবে। এতে করে ফলন কমার পাশাপাশি ধানের প্রত্যাশিত দামও পাওয়া যাবে না।
স্থানীয় কৃষকরা জানান, ঋণ করে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করে তারা বোরো ধানের আবাদ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছিল। কিন্তু আকস্মিক কালবৈশাখীতে সব হিসাব-নিকাশ এলোমেলো হয়ে গেছে।
কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছিল। ভাবছিলাম ধান বিক্রি করে ঋণ শোধ করব। কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন শ্রমিকও পাওয়া যাচ্ছে না, কীভাবে ধান ঘরে তুলব বুঝতে পারছি না।’
আরেক কৃষক নুর ইসলাম বলেন, ‘ধান মাটিতে পড়ে থাকলে দ্রুত পচে যাবে। বৃষ্টি আরও হলে ক্ষতি বাড়বে। সরকারিভাবে সহায়তা না পেলে আমরা বড় বিপদে পড়ব।’
এদিকে ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে এবং বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কয়েক ঘণ্টা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়েছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
১৪ দিন আগে
চুয়াডাঙ্গার কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হুমকির মামলায় গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে হুমকির ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এরপর ৩ আসামি গ্রেপ্তার হলেও প্রধান আসামি এখনও পলাতক রয়েছেন।
মামলার এজাহারে যায়, গত ১৪ এপ্রিল বিকেলে ছাগল আনতে মাঠে যায় ওই কিশোরী। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা মিরাজ তাকে জোরপূর্বক ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় পলাশ আলী (২০) মোবাইলে ভিডিও ধারণ করে এবং জনি হোসেন (২১) বাইরে পাহারা দেয়।
ধর্ষণের পর তারা তিনজন মিলে ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলে, মুখ খুললে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবেন তারা। এ কারণে ভুক্তভোগী কিশোরী বিষয়টি দীর্ঘদিন পরিবারকেও জানাতে পারেনি।
ঘটনার এক মাসেরও বেশি সময় পর, ২০ মে হঠাৎ করেই ধর্ষণের সেই ভিডিও এলাকায় বিভিন্ন মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার আবারও হুমকির শিকার হয়।
এজাহারে ভুক্তভোগীর মা অভিযোগ করেছেন, পলাশ আলী ভিডিও মুছে ফেলার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। এছাড়া ওই গ্রামের আব্দুল আলী (৪৫) সামাজিকভাবে মীমাংসার নামে ভিডিও মুছে ফেলার জন্য ৫ হাজার টাকা দাবি করেন।
তবে ভিডিও ছড়িয়ে পড়ার খবর এবং মামলা হওয়ার পর তৎপর হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এরই ধারাবহিকতায় গতকাল (বুধবার) গভীর রাতে কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— আব্দুল আলী (৪৫), জনি হোসেন (২১), ও পলাশ আলী (২০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাই। এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, প্রধান আসামি মিরাজকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
১৪ দিন আগে
ঈদযাত্রায় ঘাটে দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের প্রতিটি ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটগুলোতে কোনো ধরনের অসঙ্গতি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা পর্যবেক্ষণে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. রাজিব আহসান বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। এ সময় তিনি ঘরমুখো যাত্রীদের উদ্দেশে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে ঘাট পারাপারের আহ্বান জানান।
১৪ দিন আগে
ময়মনসিংহে গাছের সঙ্গে বাঁধা অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বুধবার (২০ মে) রাতের কোনো এক সময় নির্জন জঙ্গলে দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত শাহ ভিটার জঙ্গলে যান। এ সময় জঙ্গলের ভেতরে একটি জামগাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মস্তকবিহীন মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। নিহত যুবকের পরণের শার্ট ও গেঞ্জি দিয়ে গাছের সঙ্গে দুই হাত বাঁধা ছিল। তার পরণে প্যান্ট ছিল এবং বাঁ হাতে ঘড়ি পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, এ ঘটনার বেশ কয়েক বছর আগে এখানে আরও একটি হত্যার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৪ দিন আগে
সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।
শিশুটির নাম হাফিজুর রহমান। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।
১৪ দিন আগে
নৌবাহিনী সমুদ্রভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে: নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৌবাহিনী সমুদ্রভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম।
বৃহস্পতিবার (২১ মে) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর আলফা ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি স্মার্ট নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে চৌকশ ও প্রশিক্ষিত নাবিকের গুরুত্ব তুলে ধরেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তুলবেন এবং জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আজকের নবীন নাবিকেরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষা করবেন।
নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণে পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় মো. শাহরিয়ার টুটুল ‘নৌ প্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পান মো. সামিউল ইসলাম শাকিল এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. কাদের মিয়া লাভ করেন ‘শের-ই-বাংলা পদক’। এছাড়া সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার অর্জন করেন ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
১৪ দিন আগে
পরিবহন শ্রমিকদের ওপর হামলা, প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর হয়। এর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানের অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
জেলা পরিবহন মালিক সম্পাদক শোয়েবুর রহমান ও কয়েকজন পরিবহন শ্রমিক জানান, গতকাল (বুধবার) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ (বৃহস্পতিবার) ভোর থেকেই চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। ফলে আজ ভোর থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী ও সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের দূর-দূরান্তের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস মালিক নেতা শোয়েবুর রহমান বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করেছে এবং প্রায় ১০/১৫ জন শ্রমিককে আহত করেছে। আহতদের মধ্যে অনেককে সরকারি হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, অন্য দিনের মতো বলাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিংয়ে রাখা হয় বাস। বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুরও করা হয়।
স্থানীয়দের দাবি, কিছু ‘উচ্ছৃঙ্খল ছাত্র’ চাঁদপুর–কুমিল্লা রুটের বলাখাল বাজারে শিক্ষার্থীদের স্বার্থে বাস স্টপেজের দাবি না মানায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ মিয়া জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দৈনিক ২৫০টি বাস চলাচল করে বলে জানান বাস মালিক সমিতির নেতা শোয়েবুর রহমান ।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত। সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ওদিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
১৪ দিন আগে
খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ
শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রপ্তানি বন্ধ থাকায় কাজ হারানো শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দৌলতপুর জুটপ্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা।
আন্দোলনের সমর্থনে আজ বিপুলসংখ্যক নারীও রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাদের অবরোধ কর্মসূচি শেষ হয়।
এ সময় সড়কে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং চালক ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে বিদেশে পাট রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে খুলনা ও নারায়ণগঞ্জের লক্ষাধিক প্রেস ও বেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
তারা বলেন, কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অর্থসংকটে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
শ্রমিকদের দাবি, খুলনার দৌলতপুর পাট রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এ এলাকায় বিপুলসংখ্যক শ্রমিকের বসবাস। পাট ও বস্ত্র মন্ত্রণালয় ১৭ মে জারি করা প্রজ্ঞাপনে কাঁচা পাট বিদেশে রপ্তানি সম্ভব নয় বলে জানায়। এর প্রতিবাদে দৌলতপুর জুটপ্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
১৪ দিন আগে
ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া এ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে যাওয়ায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দ্রুত ট্রাকটি সরিয়ে নেয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে, পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে। ফলে ঘন ঘন যানজটের কারণে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।
টানা তিন দিন ধরে ভোর থেকে দিনের বড় একটি সময় পর্যন্ত মহাসড়কে যানজট দেখা দেওয়ায় ঈদযাত্রাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ঘরমুখো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৪ দিন আগে