সারাদেশ
লালমনিরহাটে ইউপি সদস্যসহ আ.লীগের ৬১ জনের বিএনপিতে যোগদান
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৬১ জন বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালিগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালিগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
৫৭ দিন আগে
কুমিল্লায় উচ্ছেদ অভিযান, কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাঙ্গরা থানা বাজার এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
এ সময় গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট দখলমুক্ত করা হয়।
সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশারসহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন ধরে সরকারি ভূমি দখল করে রেখেছিল।
এ বিষয়ে ওই গ্রামের নূরুল হক ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আবদুল হক দারোগার ছেলে শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিনে পরিদর্শন করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দেওয়া হয়, যার ভিত্তিতে জেলা প্রশাসন উচ্ছেদের নির্দেশ দেয়।
উদ্ধার করা জমির বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাঙ্গরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫৭ দিন আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের প্রবাসী যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মো. বাবলু ভূঁইয়া (২১) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বাবলু সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব লোদের গাঁওয়ের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে নিহতের সহকর্মী ও পাশের বাড়ির মিন্টু হাজীর ছেলে আব্দুর রহমান হৃদয় দুর্ঘটনাটির সম্পর্কে তার পরিবারকে জানান।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারের স্বচ্ছলতা ও নিজের ভাগ্যোন্নয়নের স্বপ্ন নিয়ে ২০২৪ সালে বাবলু সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন।
তারা জানান, গত মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ দিয়ে মোটরসাইকেলে চড়ে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গ্রাহক বাবলুকে ফোন দিয়েও সাড়া না পেয়ে কোম্পানির কাছে অভিযোগ করেন।
কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর মরদেহ শনাক্ত করেন।
বাবলুর সহকর্মী ও বন্ধুরা তার পরিবারে এ খবর জানালে তার পরিবারে চলতে থাকে শোকের মাতম।
৫৮ দিন আগে
জাজিরায় ‘হাতবোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণ, যুবক নিহত
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে সোহান বেপারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কান্দি গ্রামে কুদ্দুস বেপারীর বাড়ির পাশে একটি ঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমি থেকে সোহান বেপারীর মরদেহ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বাড়ির পাশে তার ভাই নুরুল ইসলাম বেপারীর একটি পরিত্যক্ত ঘরে হাত বোমা (ককটেল) বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। যার মধ্যে চেরাগ আলী বেপারী কান্দির সোহান বেপারী নামের একজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি।
৫৮ দিন আগে
ভোলায় অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার
ভোলায় অটোরিকশা ছিনতাই করে চালক আবু বকর সিদ্দিককে (৫১) কুপিয়ে হত্যার ঘটনার ৬ দিন পর প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ব্যক্তি চরফ্যাশন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে লালমোহন উপজেলার গজারিয়া বাজারে আসা-যাওয়ার কথা বলে আবু বকরের অটোরিকশা ভাড়া করেন। চালক আবু বকর তাদের নিয়ে গাড়ি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা আবু বকরের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এরপর তাকে ফেলে তার গাড়িটি নিয়ে পালিয়ে যান তারা। এ সময় আবু বকর ঘটনাস্থলইে নিহত হন।
এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে লালমোহন থানায় গত ১ জানুয়ারি মামলা করেন। এরপর পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল (মঙ্গলবার) মামলার প্রধান আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, ইব্রাহিমের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত মো. রাজা (৩২) ও কাজী তারেককে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
৫৮ দিন আগে
অপহরণের ৩০ ঘণ্টার মধ্যে সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অপহরণ করা নবম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড থেকে ওই কিশোরীকে (১৫) উদ্ধার করে। অভিযান চলাকালে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মৌলভীবাজার সদর থানার কাশিনাথ রোড এলাকার আল আমিন হাসান (১৮) এবং একই থানার কাচরিবাজার এলাকার মাহি আহমেদ নয়ন (১৮)।
পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) স্কুলে যাওয়ার পথে মেয়েটি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হয়। পরে তার বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজালাল শুভ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিখোঁজের পরপরই পুলিশ মেয়েটিকে উদ্ধারে কাজ শুরু করে এবং সফলভাবে তাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৫৮ দিন আগে
রাজধানীর কদমতলীতে সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজধানীর কদমতলী থানার কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক সিলিন্ডার-গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিনের ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী-জুরাইন এলাকায় বাস করতেন। তিনি ওই এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। গত দুই মাস ধরে বাসার নিচে গ্যাস সিলিন্ডার-গ্যাসের ব্যবসা করতেন তিনি।
মহিউদ্দিন বলেন, রাতে জানতে পারি কদমতলির কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি এখনো জানি না।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, আগের শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
৫৯ দিন আগে
৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে নওগাঁ
পৌষের তৃতীয় সপ্তাহে এসে দেশের উত্তরের জেলা নওগাঁয় শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সেইসঙ্গে কমছে তাপমাত্রাও। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৮টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র; যা চলতি বছর নওগাঁ জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে গতকাল (মঙ্গলবার) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ নেমেছে ৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত অনুভূত হয়। রাতভর কুয়াশায় ঢেকে থাকে পথঘাট ও এলাকা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিছুটা কমে যায় ঠান্ডার অনুভূতি। আজ সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিলেছে। সূর্য উঠলেও হিমেল হাওয়ায় জনজীবন হয়ে ওঠেছে বিপর্যস্ত।
সদর উপলোর ডাক্তারের মোড় এলাকার আহসান হাবিব বলেন, দিনেরবেলা রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম থাকে। কিন্তু সন্ধ্যা হলেই পরতে হয় শীতের কাপড়। ঘুমোতে গেলে ২-৩ টা লেপ-কম্বল ছাড়া উপায় থাকে না।
বরুনকান্দি এলাকার ভ্যানচালক আব্দুস সালাম বলেন, সন্ধ্যার পর ঠান্ডা বাতাস ও শীতের কারনে ভ্যান চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য উঠার আগ পর্যন্ত কুয়াশা ছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে শিশু, মধ্য বয়সী ও বয়স্ক মিলে কয়েক শতাধিক রোগীর চিকিৎসা করা হয়েছে। আজ সকাল পর্যন্ত নিউমোনিয়া, ডায়রিয়া হাঁপানি, শ্বাসকষ্ট ও টিওপিডি রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের দ্রুত সুস্থ করে তুলতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৮টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৩ ডিগ্রী কমে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।
নওগাঁয় শীতের প্রকোপ বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায়, গরিব ও দিনমজুরদের মধ্য শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে।
নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশেকুর রহমান জানান, প্রতিটি উপজেলায় অসহায়, ছিন্নমুল ও দিনমজুদের মাঝে গরমকাপড় বিতরণ করার জন্য ইতোমধ্যে ৬ লাখ টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে বিতরণ করা হয়েছে। এ খাতে জেলার ১১টি উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও জেলা পরিষদ থেকে ৩০ হাজার ৬০০ পিস কম্বল জেলায় বরাদ্দ এসেছে। ত্রাণ ও কম্বল বিতরণ এখনো চলছে।
৫৯ দিন আগে
নরসিংদীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত মদন ঠাকুরের ছেলে। চরসিন্দুর বাজারে মুদি দোকান রয়েছে তার। সেখানেই ব্যবসা এবং সুলতানপুর গ্রামে বাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন মনি। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হই। পথের মাঝে ভাইয়ের ওপর হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিলো না। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সেখানেই পড়ে ছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
৫৯ দিন আগে
বুধবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈদ্যুতিক লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে বুধবার (৭ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন সেসব এলাকার গ্রাহকরা।
সোমবার (৫ জানুয়ারি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দাদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ফিডার ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আম্বরখানা ফিডারের আওতায় রয়েছে: আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা ও হাউজিং এস্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা।
এছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতায় বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, শেভরন এলাকা, লাক্কাতুড়া চা বাগান, বনশ্রী আবাসিক এলাকা ও আশপাশের এলাকায়ও বিদ্যুৎ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সেইসঙ্গে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল এলাকা, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরণারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
৬০ দিন আগে