সারাদেশ
মাদারীপুরে বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
মাদারীপুর জেলার ডাসার উপজেলার এক বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রাম থেকে এ অবৈধ তেল জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধুয়াসার গ্রামের বাচ্চু সরদারের বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল উপস্থিত ছিলেন। অবৈধভাবে তেল মজুদ করায় তেল ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা তেল আজকের (সোমবার) মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন এ সরকারি কর্মকর্তা।
৪৫ দিন আগে
খুলনায় দুর্বৃত্তদের হামলায় এক পরিবারের ৩ জন আহত, আটক ১
খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, খুলনার জোড়াগেট গ্রিনল্যান্ড আবাসিক এলাকার সূর্যগাছের বাড়িতে সকাল ৭টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই বাড়ির তিনজনকে প্রথমে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান। এর আগে অবশ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে।
স্থানীয়দের দাবি, হামলার ঘটনায় ফারুখ শিকদার ও জিম সাদী নামে আরও দুই জন জড়িত রয়েছেন। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের নেতৃত্বে এলাকায় প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এর আগে এসব ঘটনা পুলিশকে জানানো হলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
খুলনার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাত্তার জানান, এ হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। হামলার সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
৪৫ দিন আগে
দিনাজপুরে সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত দম্পতির মৃত্যু
দিনাজপুর শহরের আশ্রমপাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক দম্পতি নিহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে শহরের আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তপন সরকার (৪৫) এবং তার স্ত্রী লতা সরকার (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই দোতলা ঘরের একটি ছোট কক্ষে ঘুমিয়েছিলেন। একই কক্ষে গ্যাস সিলিন্ডার এবং ম্যাজিক চুলায় রান্না করতেন তারা। গতকাল রাত ১টার দিকে ওই কক্ষে আগুন এবং ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে খবর দেন স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই সময় সেখান থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেন তারা। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
দিনাজপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের সম্মতি দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
৪৫ দিন আগে
চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর শাহাদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মাহমুদ (৭) নামের আরেক শিশু এখনও নিখোঁজ রয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহাদাত মমিনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে। নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তারা কয়েকজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ পর শাহাদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর চাঁদপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেলে শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে অভিযান চালায়। পরে সন্ধ্যার আগে উদ্ধার কার্যক্রম স্থগিত করে তারা।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (উত্তর) স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীকালও এ উদ্ধার অভিযান চলবে বলে জানান তিনি।
৪৫ দিন আগে
ময়মনসিংহে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এ আদেশ জারি করেন।
ইউএনও বলেন, স্থানীয় বিএনপির দুটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (রবিবার) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপির পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জেরে এর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক নেতা ১১-দলীয় জোট সমর্থিত এমপির পক্ষের সঙ্গে তর্কে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী যুবদল নেতা রিয়াদ আহত হন।
মূলত ওই ঘটনার প্রতিবাদে রবিবার তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এ কারণে অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায় বিএনপি। এ নিয়ে নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪৬ দিন আগে
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
রংপুরে আইডিয়াল মোড়-সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। অপরদিকে, নগরীর পীরগঞ্জে ট্রাকচাপায় আব্দুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ও পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, জুয়েল হোসেন মোটরসাইকেল নিয়ে টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা লেগে সড়কের মাঝে পড়ে যায়। এরই মধ্যে একটি চলন্ত বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। কেল্লাবন্দ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন তিনি।
অপরদিকে, পীরগঞ্জ থেকে মিঠাপুকুরের দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত আব্দুর রহিম পীরগঞ্জের চতরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৬ দিন আগে
এবার বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা
সার তৈরির কাঁচামাল অ্যামোনিয়ার সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে সার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানাটির কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএপিএফসিএলের ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বলেন, কারখানার অন্যতম কাঁচামাল অ্যামোনিয়া সংকটে শনিবার রাত ৮টা থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমরা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া পেয়ে থাকি। বর্তমানে কারখানা দুটি বন্ধ রয়েছে। এ দুটি কারখানা চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ না করা পর্যন্ত ডিএপিএফসিএল বন্ধ রাখা ছাড়া উপায় নেই।
এর আগে, গ্যাস সংকটে গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
জানা গেছে, দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিতকরণ এবং ক্রমবর্ধমান যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপিএফসিএল প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় দৈনিক ৮০০ টন ডিএপি সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি পৃথক ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে এ কারখানা ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে কারখানাটিতে দৈনিক ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছে।
৪৬ দিন আগে
খুলনায় ‘চোখ বেঁধে’ যুবককে গুলি
খুলনার চোখ বেঁধে মো. ইমরুল (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ ইমরুলের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার ভবের চাকা গ্রামে। তার বাবার নাম মৃত কামাল শেখ।
আহতের চাচা বিল্লাল হোসেন বলেন, গতকাল (শনিবার) দুপুরে কাজে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমরুলের চোখ বেঁধে পেটের ডান পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এ কাজটি করেছে তার কিছুই আমরা জানি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, গতকাল রাত দেড়টার দিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
৪৬ দিন আগে
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১৪ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ শিশু।
রবিবার (১৯ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৯ এপ্রিল কিশোরগঞ্জের সদর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৩ মাস বয়সী এক ছেলে শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল (শনিবার) দুপুরে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।
আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন আরও বলেন, গত ১৭ মার্চ থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯টি শিশু এবং ১৪টি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৭২টি শিশু।
তিনি জানান, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে এখনও শিশুদের আইসিইউ চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সংকটাপন্ন অবস্থার শিশুদের জন্য অক্সিজেন সিলিন্ডারের বিকল্প বাবল সিপ্যাপ ব্যবহার করা হচ্ছে।
৪৬ দিন আগে
রংপুরে পাম্পে হামলা চালিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ
রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে জোরপূর্বক পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান ফরহাদ মিয়াকে মারধর করে এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখায়। তখন ফরহাদ আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের আনা জারিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যান। পরে মিটারম্যান মোবাইলে ম্যানেজারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন। এরপর ফিলিং স্টেশনের মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন ।
এ ঘটনায় হানিফুল ইসলাম (৪২), রাজু মিয়া (৩৫), সোহেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২১) ও রাসেল মিয়াসহ (২৬) অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
পাম্পের ম্যানেজার রুহুল আমিন বলেন, হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪৬ দিন আগে