সারাদেশ
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ১০
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫)।
স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় একটি পুকুরে সখীপুর গ্রামের তালেব উদ্দিন ও মিলন মাছ ধরতে যান। এরই মধ্যে আকাশ খারাপ হয়ে আসলে পুকুরের পাশে একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন তারা। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ছাউনির নিচে থাকা ওই দুই কৃষকসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশঙ্কাজনক অবস্থায় আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। বাকিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আমরা উপজেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনের মৃত্যুর খবর দেন।
তিনি আরও জানান, ওই হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতদের রংপুরে স্থানান্তর করা হয়েছে বলে জেনেছি, তবে তাদের শারীরিক অবস্থার ব্যাপারে কোনো তথ্য পাইনি।
মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।
৪৭ দিন আগে
সুনামগঞ্জে বজ্রপাতে এক দিনে ৪ কৃষক নিহত
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার ব্যস্ত মৌসুমে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় চার কৃষক নিহত হয়েছেন। পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান (৪০) এবং ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান (৪৫)। এছাড়া দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পরপরই বজ্রপাত শুরু হয়। এর মধ্যে হাওরে কর্মরত কৃষকরা আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাহিরপুরের মাটিয়ান হাওরে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সহকর্মী নূর মোহাম্মদ গুরুতর আহত হন।
জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান এবং তার চাচাতো ভাই তোফাজ্জল হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর রহমান।
আহত তোফাজ্জল হোসেন ও নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া শনিবার দুপুর ১টার দিকে কালিয়াগোটার (আতরার) হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে প্রাণ হারানো কৃষকদের পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত আর্থিক অনুদান প্রদানের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতি বছর বোরো মৌসুমে হাওর অঞ্চলে বজ্রপাত বড় আতঙ্ক হয়ে দাঁড়ায়। উন্মুক্ত হাওরে আশ্রয়ের অভাব এবং ধান কাটার তাগিদে কৃষকদের মাঠে অবস্থান করায় এমন প্রাণহানির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
৪৭ দিন আগে
ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মারা যাওয়ার ভান করে’ বাঁচল ছেলে
ভোলার সদর উপজেলায় ঘরে ঢুকে ছেলের সামনে দুবাই প্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ৮ বছর বয়সী ছেলে আবির গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মো. জিহাদ নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ (শনিবার) সকালে নিহত নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সরদার বাড়ির দক্ষিণ পাশে বসবাস করতেন দুবাই প্রবাসী আল-আমিনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম। গতকাল (শুক্রবার) রাতে খাওয়া শেষে ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।
আবিরের দাবি, রাতের আঁধারে জিহাদ নামের এক যুবক ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় তাকেও আঘাত করেন তিনি। পরে সে মারা যাওয়ার ভান করলে জিহাদ চলে যায়। এরপর সে ঘরের বাইরে এসে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।
নিহত নাসিমার চাচাশ্বশুর নাজিম উদ্দীন বলেন, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই। এরপর ছেলেটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, আহত শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. জিহাদকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।
৪৭ দিন আগে
কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে দুপুর ১টার দিকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এখন সব রুটে বাস চলাচলে বাধা নেই। এর আগে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকেরা। এর ফলে শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল একেবারেই বন্ধ ছিল। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছিল। ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।
পরিবহন শ্রমিকেরা বলছেন, দুটি দাবিতে এক সপ্তাহ আগে মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেন, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।
তারা বলেন, গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু দাবি না মানায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।
এ পরিস্থিতিতে শনিবার সকাল ১১টায় বাস মালিক-শ্রমিকরা জেলা পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিন বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানতে পেরেছি। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় আমি বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও আমাদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
৪৭ দিন আগে
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে তিন চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ফেনীতে ভুল চিকিৎসায় নাঈমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে তিন চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় আসামিরা হলেন— ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের মালিক ডা. নাজমুল হক ভূঁইয়া, তার স্ত্রী ডা. নাসরিন আক্তার মুক্তা, ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক ডা. আবদুল কাইয়ুম, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা গীতা রানী এবং ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের ম্যানেজার আতিকুর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়, ফেনী সদর উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা লিজার প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ১২ এপ্রিল। তবে ১০ এপ্রিল প্রসব ব্যথা শুরু হলে তাকে প্রথমে স্থানীয় মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে এক স্বাস্থ্য সহকারীর পরামর্শে তাকে ফেনী শহরের ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকে নেওয়ার পর কোনো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জরুরি ভিত্তিতে লিজার সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এ সময় তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে আবারও কোনো পরীক্ষা ছাড়াই তাকে ফেনী প্রাইভেট হাসপাতালে নিয়ে দ্বিতীয়বার অপারেশন করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিকেলে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে লিজার মৃত্যু হয়েছে।
এরপর গত বুধবার (১৫ এপ্রিল) রাতে নিহতের বাবা মোহাম্মদ নুর করিম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির কাজ শেষ পর্যায়ে। আশা করছি, খুব শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়া যাবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪৭ দিন আগে
খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট তীব্র হওয়ায় খুলনা অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। জ্বালানির সংকটে ১০টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ থাকায় উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। ফলে খুলনাঞ্চলের শহর ও গ্রামে শুরু হয়েছে তীব্র লোডশেডিং।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলে ছোটবড় মিলিয়ে ১০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে জ্বালানি সংকটের কারণে খুলনা ৩৩০ মেগাওয়াট, ফরিদপুর ৫০ মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ২২৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট এবং রূপসা ১০৫ মেগাওয়াট কেন্দ্রসহ মোট ৬টি কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকের নিচে নেমে এসেছে।
খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও এই কেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা এনএলডিসি থেকে বিদ্যুতের চাহিদা পাচ্ছি না। আমাদের হাতে কোনো জ্বালানি নেই। জ্বালানি পাওয়া সাপেক্ষে আমরা কেন্দ্রটি চালাতে প্রস্তুত আছি।
এদিকে, বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে গেলেও তা পুরো অঞ্চলের চাহিদা পূরণে যথেষ্ট নয়।
গ্রীষ্ম মৌসুমে খুলনা অঞ্চলে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট। সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় প্রতিদিন ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো অপচয় রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
চলমান সংকটকে বৈশ্বিক জ্বালানি অস্থিরতার সঙ্গে যুক্ত করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরান- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের মতো একটি আমদানিনির্ভর দেশে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) এক সংবাদ সম্মেলনে জানায়, দেশের এলএনজি আমদানির ৬৮-৭৫ শতাংশ এবং অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। এই রুটে সরবরাহ ব্যাহত হলে জাতীয় জ্বালানি নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়ে।
ব্যয় বিশ্লেষণে দেখা যায়, ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ ১৮ টাকার বেশি হলেও সৌরবিদ্যুতে তা প্রায় ৯ টাকা। এ বাস্তবতায় বিশেষজ্ঞরা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।
প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় দ্রুত রূপান্তর না ঘটালে ভবিষ্যতে সংকট আরও তীব্র হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের ৪ কোটির বেশি পরিবারের ছাদের একটি বড় অংশ ব্যবহার করে ১৬ হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। পাশাপাশি কৃষিখাতে সৌর সেচ ব্যবস্থা চালু করা গেলে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে।
সংকট মোকাবিলায় বিশেষজ্ঞদের সুপারিশের মধ্যে রয়েছে সৌর সরঞ্জামে শুল্ক-ভ্যাট প্রত্যাহার, বাড়িভিত্তিক সৌর প্যানেলে ভর্তুকি, দ্রুত সৌর পার্ক অনুমোদন এবং বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির বিকেন্দ্রীকরণের মতো পদক্ষেপ।
গৌরাঙ্গ নন্দী বলেছেন, সময়মতো নীতিগত পরিবর্তন না আনলে জ্বালানি নির্ভরতা আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে তা অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, সারা পৃথিবীতে বিকল্প জ্বালানি হিসেবে সৌর শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। তাই তেলের জালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর শক্তি নিয়ে পরিকল্পনা সাজানোর দাবি জানান তিনি।
৪৭ দিন আগে
রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের সামনের রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমেনা বেগমের বাড়ী চাঁদপুর সদরের দেওয়ার বাড়ী এলাকায়। তার বাবার নাম মৃত এবাদুল্লাহ। যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন তিনি।
নিহতের নাতি জাবেদ জানান, গতরাতে (শুক্রবার) আমার নানী পায়ে হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান আমার নানি আর বেঁচে নেই। ট্রাকচালক ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৪৭ দিন আগে
যশোর কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে আখতারুজ্জামান বাবুল ওরফে কুবরা বাবুল (৫৪) নামে ৬০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আখতারুজ্জামান বাবুল নড়াইল সদর উপজেলার ভুয়াখালি গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, বাবুল পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত বছরের ২৫ নভেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তার বুকে যন্ত্রণা শুরু হয়। এ সময় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, বাবুলের বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও আরও ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই বাবুলের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
৪৭ দিন আগে
রংপুরে জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল
রংপুর জেলা ও মহানগরীতে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকেরা। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় দিন দিন ক্ষোভ বাড়ছে। নগরজুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরে প্রায় সাড়ে তিনশ পেট্রোল পাম্প থাকলেও অর্ধেকের বেশি পাম্পে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পেই পেট্রোল ও অকটেনের তীব্র সংকট চলছে। অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। যেসব পাম্পে সীমিত পরিসরে জ্বালানি দেওয়া হচ্ছে, সেখানে প্রতি গ্রাহককে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক চালকই শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যাচ্ছেন।
রংপুরের আট উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও গঙ্গাচড়ায় তেলের জন্য দীর্ঘ লাইনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী চালকেরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় তাদের জরুরি কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ, ব্যবসায়ী এবং রোগী বহনকারী যানবাহন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
মোটরসাইকেলচালক সোহেল মিয়া বলেন, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। দুই ঘণ্টা অপেক্ষার পর জানানো হলো তেল শেষ। এখন আবার অন্য পাম্পে যেতে হচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন প্রাইভেটকার চালকেরাও।
পাম্প ম্যানেজার ও সংশ্লিষ্টরা জানান, একেকটি পাম্পে এক দিন পরপর মাত্র ৩ থেকে ৪ হাজার লিটার পেট্রোল বা অকটেন সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই কম। ফলে বাধ্য হয়ে সীমিত পরিসরে জ্বালানি বিক্রি করতে হচ্ছে।
যানবাহন মালিকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোটরযান পরিদর্শক ও ট্যাক্স অফিসার মাহবুবুর রহমান বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
৪৮ দিন আগে
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইল জেলা সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফায়েত নিহন হন। আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
দুর্ঘটনায় আহত পিকআপের চালক নাজমুল (৩৭) এবং দুই আরোহী তামিম (১৪) ও জিয়াকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৮ দিন আগে