সারাদেশ
পুরান ঢাকায় এসি বিষ্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ মো. সেলিম (৩৩) নামে একজন মারা গেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মো. মোক্তার বেপারী শরীরের ২২ শতাংশ দগ্ধ ও সেলিনা আক্তার ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয়রা জানান, ওই বাসায় একাধিক এসির গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারিন্দা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। তাছাড়া দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান তারা।
৬ দিন আগে
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ যুবক
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই অভিযানে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তীর-শিলং জুয়া খেলার সময় ৩ জনকে আটক করে।
আটকরা হলেন— সিদ্দিক মিয়া (৩০), দিরাব ওরফে সিরাজ (৫৫) ও মোস্তাফিজুর রহমান দিদার (২৪)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, ওইদিন রাত পৌনে ১১টার দিকে জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকায় রবিউল ইসলামের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় আরও ৫ জনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন— মো. আলী (৪২), মো. মাহফিজুর রহমান (৩৮), মাছুম আহমদ (৪৫), তোফায়েল আহমদ (২৯) ও রবিউল ইসলাম (৪১)।
তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
৭ দিন আগে
রংপুরে ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
রংপুরে ভেজালবিরোধী অভিযানে অবৈধ মশলার কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় কারখানার মশলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মশলা উৎপাদন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মো. লোকমান হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে মশলা তৈরি করা হচ্ছিল। এমন তথ্য পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মশলা কারখানা গুঁড়িয়ে দেওয়াসহ অবৈধ মশলা মাটিতে পুঁতে রাখা হয়। এ সময় শরিফুল ইসলাম নামে ওই কারখানার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী, ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।
৭ দিন আগে
জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।
তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।
এর আগে, তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ড, পুড়ল দোকান ও গোডাউন
গাজীপুরের কালিয়াকৈরে একটি অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অপর অগ্নিকাণ্ডে জেলার টঙ্গীতে একটি পরিত্যক্ত মালামালের গোডাউন পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি পরিত্যক্ত মালামালের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, আজ ভোর ৫টার দিকে কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে আগুন লাগে। এতে পুড়ে গেছে ৯টি দোকানের মালামাল।
ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হুসেইন রায়হান জানান, অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডগুলোর কারণ এখনও জানা যায়নি।
৭ দিন আগে
নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: আটক ৫
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তারকে (১৫) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেছেন।
ডিআইজি রেজাউল করিম বলেন, ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, নূরের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও গাফফার। তাদের মধ্যে ধর্ষণের সঙ্গে জড়িত ২ জন এবং সালিশকারী ৩ জন।
তিনি আরও বলেন, বাকিদের আটকের জন্য অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের আটক করব। কোনো অপরাধীরাই রেহাই পাবেন না।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, কিশোরীকে নৃশংস ও নিষ্ঠুরভাবে ধর্ষণের পর হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পরপরই নরসিংদীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হত্যায় জড়িতদের দ্রুত আটকের নির্দেশ দিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে।
তিনি আরও বলেন, ধর্ষণকারীদের পক্ষে যাতে কেউ কোনো সহানুভূতি না দেখায় এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নির্দেশ দেওয়া হয়েছে, যারা এ নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং ধর্ষণের সঙ্গে জড়িত তাদের যেন কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়া হয়; যাতে অপরাধীরা বুঝতে পারে, অপরাধ করলে আইনি সহায়তা পাওয়া যাবে না; তখন ভয়ে সমাজে অপরাধও কমে যাবে।
খায়রুল কবির আরও বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী এবং অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে। কে কোন দল করে, কে কোন দলের, কোন মতের—সেটা দেখার বিষয় না। অপরাধীদের কোনো দল নেই, তারা অপরাধী; অপরাধী হিসেবেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে, নিহত আমেনার ময়নাতদন্ত নরসিংদী সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদা গুলশানারা কবিরের নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল-বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
নিহতের মা ফাহিমা বেগম জানান, কোথায় মরদেহ দাফন করা হবে, তা অনিশ্চিত। নিহত আমেনার মা, সৎ পিতা আশরাফ মিয়া ও ভাই সিফাত এখনও মাধবদী থানা হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ ওরফে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছলে নূরার নেতৃত্বে আবারও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে মেয়েটির পরিরেরর লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরও না পেয়ে বাড়ি ফিরে যান। সকালে একই এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় আমেনা আক্তারের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ বিষয়ে নিহত মেয়ের বাবা মো. আশরাফ জানান, নূরার নেতৃত্বে ৫-৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
৭ দিন আগে
ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরে দড়ি টাঙানোকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটের মোল্লাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল আহমেদ। তিনি ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই এলাকায় ভাঙ্গারী মালের ব্যবসায়ী বিহারী মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েলের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। আজ (শুক্রবার) সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশপথে দড়ি টাঙানোর সময় অযাচিত শব্দ ও উশৃঙ্খল আচরণ করতে থাকেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠি ও রড দিয়ে জুয়েল ও তার ছোট ভাই সোহেলকে পিটিয়ে জখম করেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ফরিদপুরের কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৭ দিন আগে
পুরান ঢাকায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
রাজধানীর পুরান ঢাকায় নারিন্দার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয়রা জানান, ওই বাসায় একাধিক এসির গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারিন্দা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। তাছাড়া দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান তারা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। সেলিমের অবস্থা বেশ আশঙ্কজনক বলে জানান তিনি।
৭ দিন আগে
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং রাস্তার সঙ্গে মোটরসাইকেলটির ঘর্ষণ হয়। একপর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
৭ দিন আগে
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প-সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি-সংক্রান্ত কোনো বিষয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
৮ দিন আগে