সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, নতুন ভর্তি ১৯ শিশু
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিনই এই রোগের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশুরোগী হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে একটি আইসোলেশন কর্নার খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ জন। গুরুতর অসুস্থ ৩ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫ শিশুরোগী।
৫০ দিন আগে
মাগুরায় অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন, আটক ৪
মাগুরায় ১৬ বছর বয়সী এক অটোরিকশাচালককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও মাগুরা সদর সার্কেলের পুলিশ সুপার দীপঙ্কর রায়।
আটকরা হলেন— মো. ফেরদৌস হোসেন (২৪), মো. তাজুল ইসলাম (২৩), মো. শাকিব শেখ (১৯) এবং মো. তারিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকায় একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার দীপঙ্কর রায় জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
৫০ দিন আগে
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনটির রড মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে নিহতের খালাতো ভাই জয়নাল আবেদীন জানান, আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন। আজ (বুধবার) দুপুরে অসাবধানতাবশত পাঁচতলা তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
৫০ দিন আগে
খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবক আহত
খুলনায় মাদককাণ্ডে মো. মেহেদী হাসান নামের এক যুবককে গুলি করেছে দুবৃত্তরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলনার পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের দক্ষিণপাড়া আক্কাসের মোড়ে এই ঘটনা ঘটে।
আহত যুবক খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য।
স্থানীয়রা জানান, আক্কাসের মোড়ে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী হাসান। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা সেখানে গিয়ে মেহেদীকে উদ্ধার করে। এরপর তারা চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। মেহেদী হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছেন বলে জানিয়েছেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। তবে মেহেদী এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য জানাতে চাচ্ছেন না।
৫১ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ডিমবাহী পিকআপ উল্টে গিয়ে খাদে পড়ে এর চালক রাহুল নিহত হন।
মঙ্গবার (১৪ এপ্রিল) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় দুর্টনাটি ঘটে।
রাহুলের বাড়ি শেরপুর জেলার গৌরীপুর গ্রামে।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি ডিমবোঝাই পিকআপ সাতক্ষীরা যাচ্ছিল। নাটোরের গড়মাটি এলাকা অতিক্রমকালে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটির। ফলে এটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক রাহুল নিহত হন এবং সহকারী আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫১ দিন আগে
পহেলা বৈশাখ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বন্দর থেকে মালামাল খালাসসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে আজ সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম যথারীতি শুরু হবে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদেরও জানানো হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
৫১ দিন আগে
যাত্রাবাড়ীতে একই পরিবারে ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বাসায় ঢুকে একই পরিবারের ৪ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামের একজন নিহত হয়েছেন। এতে পাওনাদারসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিয়া নবুউল্লাহার মেয়ে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন— মৌসুমী (৩৫), মোয়াজ (১৫) ও জয়া (১২)। তারা যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় থাকেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনায় পাওনাদার আবু মুসাও গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, ‘আবু মুসা পেশায় একজন ঠিকাদার। তিনি নবুউল্লাহার কাছে টাকা পেতেন। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবুউল্লাহার বাসায় যান তিনি। পাওনা টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নবুউল্লাহ উত্তেজিত হয়ে মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে ওই বাসার নবুউল্লার স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কব্জি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন।
‘এ সময় নবুউল্লাহর মেয়ে দিয়া এগিয়ে এলে মুসা তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আরেক মেয়ে জয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন তিনি। সে সময় নবুউল্লাহর ছেলে মোয়াজকেও কুপিয়ে জখম করেন মুসা। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। হাসপাতালে আনার পর দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিবারের বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মুসাকেও উদ্ধার করে এখানে আনা হয়। পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৫১ দিন আগে
কুড়িগ্রামে দুই দিনে দুই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পরপর দুই দিনে পৃথক ঘটনায় দুই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার পান্ডুল ও গুনাইগাছ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. আব্দুল জব্বার (৬৫) এবং উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের মৃত বানছার আলীর ছেলে আব্দুল আখের ওরফে ফাকের (৬০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) সকালে বসতঘর থেকে আব্দুল জব্বারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জব্বারের পরিবারের সদস্যরা জানান, গতকাল (সোমবার) রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান জব্বার। আজ সকাল সাড়ে ৭টার দিকে তার বোনের স্বামী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বকস খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তাকে ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, জব্বারের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিশেষ করে দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগমের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে প্রথম পক্ষের ছেলে-মেয়েদের সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকত তার। গত ১২ এপ্রিল এ নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হলে তার দ্বিতীয় স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
অন্যদিকে, গতকাল (সোমবার) উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রাম থেকে আব্দুল আখের ওরফে ফাকেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে বাড়ির আঙিনায় একটি কূলগাছ ও বাঁশের সঙ্গে বাঁধা দোলনার প্লাস্টিকের রশিতে তিনি গলায় ফাঁস দেন। সকালে তার পুত্রবধূ মাজেদা বেগম তাকে ঝুলন্ত অবস্থায় সেখানে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন তিনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
৫১ দিন আগে
কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ শ্রমিক নিহত, আহত ৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাইে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে দাউদকান্দির হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন ও ফজলুর রহমানের ছেলে সালেক; বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, একই গ্রামের বাসিন্দা বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।
পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) ভোরে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাকটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক বা সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আমরা রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে ট্রাকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আমরা ৬ জনকে জীবিত উদ্ধার করেছি।
৫১ দিন আগে
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত, আহত ২৫
ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে দুই বাঙ্গী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এ সময় পিকআপটিতে থাকা দুই যাত্রীর মধ্যে জাহাঙ্গীর মোল্লা (৪২) ঘটনাস্থলেই ও ঢাকা নেওয়ার পথে আলমগীর শেখ (৪০) নিহত হন। তারা দুজনই পেশায় ব্যবসায়ী। তাদের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে।
এ ছাড়াও বাসটিতে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ কেটে ও ভেঙে গিয়েছে।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৫২ দিন আগে