সারাদেশ
সুনামগঞ্জে গ্যারেজে অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশ-পথচারীসহ আহত শতাধিক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ ও পথচারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের ছাতক রোডে দিঘলী খোজার পাড়ার জাবেদ মিয়ার গ্যারেজে অটোরিকশা রাখতে গেলে তার সঙ্গে চালক ছাদিক মিয়ার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরপর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যারেজের বাইরে। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে দীঘলী ও তিকপুরের শতাধিক লোকজন জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের খবর পেয়ে ছাতক থানা, জাউয়া তদন্তকেন্দ্র ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়লেও দুই পক্ষের সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশ, পথচারীসহ শতাধিক লোক আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত কমপক্ষে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, সহিংসতার কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তিনটি সড়কের দুইপাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি আটকে থাকে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং বিদেশগামী যাত্রীদের সে সময় চরম ভোগান্তিতে পড়তে হয়।
সংঘর্ষ চলাকালে স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাটে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বাবলু দাশের ওয়ার্কশপে রাখা সাতটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে দীর্ঘ সময়ের চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে এবং আটকে থাকা সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে এসআইসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ টহল জোরদার রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
৫৬ দিন আগে
হামের উপসর্গ নিয়ে মমেকে আরও দুই শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩ ও ৮ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ শিশুর মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ নেত্রকোনা সদর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৩ মাস বয়সী একটি মেয়ে শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরইমধ্যে গত বুধবার (৮ এপ্রিল) সকালে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় শিশুটি মারা যায়।
এছাড়া ময়মনসিংহের ত্রিশাল থেকে হামের লক্ষণ নিয়ে ৮ মাস বয়সী একটি ছেলে শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকেও যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে সেও হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় মারা গেছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
ডা. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু মমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯টি শিশু এবং ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২৬টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৬টি শিশু।
তিনি বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
৫৬ দিন আগে
রংপুরে র্যাবের অভিযানে অসাধু ভোজ্যতেল ব্যবসায়ীদের জরিমানা
রংপুরে দুটি ভোজ্যতেলের গুদামে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-১৩।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
এ সময় র্যাব-১৩, রংপুরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযানে সহায়তা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এস এস ট্রেডার্সের গুদামে তেল মজুদ ও বাজারজাতকরণে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। এরই পরিপ্রেক্ষিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে সংরক্ষিত ভোজ্যতেলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানা, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং বাজারে সরবরাহে অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরে একই অভিযোগে গোমাস্তপাড়ায় আয়াত ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিক পারভেজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই কথা জানান র্যাব-১৩ এর জেষ্ঠ্য সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীও।
৫৬ দিন আগে
যাত্রাবাড়ীতে গাড়িচাপায় প্রাণ গেল যুবকের
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, খবর পেয়ে আমরা যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করি । পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, রাত আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়িচাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
৫৬ দিন আগে
আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান।
এর আগে, গতকাল (বুধবার) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফুরা বেগম সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাবেক সংসদ সদস্য। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।
প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, নাশকতা ও হত্যাসহ ৫টি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে লালমনিরহাট নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
৫৬ দিন আগে
চাঁদপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলেকে কারাদণ্ড
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে হাইমচর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে অংশ নেয়। এ সময় প্রায় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক জেলেদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের আরশাদ (৩২), আব্দুল কাদির (২০), মো. শাহাদাত হোসেন (৩৩), লক্ষ্মীপুর ইউনিয়নের শরীফ বকাউল (২৭) ও মো. সবুজ (৩২)।
৫৬ দিন আগে
ময়মনসিংহে বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫৮ হাজার লিটার তেল গায়েব, ব্যবস্থাপক গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার লিটার তেল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এরপর প্রশাসনের অভিযানে বেরিয়ে এসেছে তেল মজুদ, তথ্য গোপন ও কালোবাজারির অভিযোগ। এ ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ডৌহাখলা ইউনিয়নের মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি।
জেলা প্রশাসন সূত্র জানায়, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম স্টেশনটি পরিদর্শন করেন। এ সময় ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত চালান ও নথি যাচাই করে দেখা যায়, চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ওই ফিলিং স্টেশনে মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। কিন্তু মজুদ ও বিক্রির হিসাব চাইলে ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক মো. জলিল হোসেন রিফাত (৩০) সন্তোষজনক কোনো তথ্য দিতে ব্যর্থ হন।
তিনি দাবি করেন, ৩ এপ্রিল মাত্র ৯ হাজার লিটার পেট্রোল এসেছে। বাকি তেলের কোনো রেকর্ড তার কাছে নেই।
তার বক্তব্যের সঙ্গে তথ্যের অসঙ্গতি ধরা পড়লে প্রশাসনের সন্দেহ আরও জোরদার হয়। পরবর্তী সময়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে করা প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুদ এবং কালোবাজারির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জ্বালানি তেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, অভিযুক্ত ফিলিং স্টেশনটি গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের মালিক হাফেজ আজিজুল হক বলেন, ‘আমি যে পেট্রোল এনেছি তা প্রতিদিন বিক্রি করা হয়েছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’ মিথ্যা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে অযথা হয়রানি করেছে বলে দাবি করেন তিনি।
৫৭ দিন আগে
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিরুদ্ধে একজন গাড়িচালককে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ চালক ও চালকের সহযোগীরা। এ সময় ঘটনাস্থলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য মহাসড়কের ওপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন চালকরা। গাড়ির এই দীর্ঘ সারির কারণে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে পাশে রাখার নির্দেশ দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে চালকদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিতণ্ডার একপর্যায়ে এক চালককে মারধর করে গুরুতর জখম করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে চালকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল শুরু হয়।
৫৭ দিন আগে
বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত
বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে। আহত সোহেল হোসেন একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সদস্য।
সোহেল জানান, রাতে স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার ভারী প্লেনশিট লোড করা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে ক্রেনের তার ছিঁড়ে প্লেনশিট তাদের শরীরের ওপর পড়ে। এতে তারা দুজনই পিষ্ট হন।
পরে সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।
৫৭ দিন আগে
ময়মনসিংহে আলামিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ত্রিশালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আলামিন হত্যা মামলায় একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনের চকপাড়া গ্রামের রশিদ (৪১), জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী হুরেনা খাতুন, তাদের ছেলে রিয়াদ (২৫) এবং জোনাকি আক্তার (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের হাফিজুল ইসলামের সঙ্গে জসিম উদ্দিনদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে হামলা চালান। এ সময় তারা হাফিজুলের স্ত্রী নুরজাহান বেগমকে মারধর করেন।
ঘটনার সময় হাফিজুল ইসলামের ভাই আলামিন হামলা ঠেকাতে গেলে আসামিরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পর নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ৫ জন আসামিকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
৫৭ দিন আগে