সারাদেশ
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহতের চার দিন পরও ফেরেনি যুবকের মরদেহ
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে ঘটনার চার দিন পার হলেও তার মরদেহ এখনও দেশে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।
বুধবার (১ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের নিকটবর্তী ভারতের রাজনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, গত ১ এপ্রিল দুপুর ১২টার দিকে সাদ্দামসহ চারজন সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন।
স্থানীয়রা জানান, সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে গিয়ে এ ঘটনা ঘটে। সে সময় গুলিতে সাদ্দাম নিহত হওয়ার পাশাপাশি ফরহাদ মিয়া নামে আরেকজন আহত হন। পরে অন্য সঙ্গীরা ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে। তাদের সঙ্গে আরও ছিলেন আবু বক্কর (৩০) ও জফির মিয়া (২৮)।
নিহতের বড় ভাই নাজীম উদ্দীন বলেন, ‘আমার ভাইসহ চারজন ভারতে যায়। সেখানে খাসিয়ারা তাকে গুলি করে। ঘটনাস্থলেই সে মারা যায়। চার দিন পার হয়ে গেলেও এখনও তার মরদেহ দেশে আনতে পারিনি।’
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জগৎ জ্যোতি দাস বলেন, ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম বলেন, বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিহতের পরিবারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৬০ দিন আগে
চট্টগ্রামে পানিভর্তি গর্তে পড়ে দুই শিশু নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার মাটি কাটার পানিভর্তি গর্তে পড়ে সাকি (৮) ও সানজিদা (১১) নামে দুই শিশু নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে। নিহত সানজিদা একই বাড়ির জাকির হোসেনের মেয়ে।
এ বিষয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার পানিভর্তি গর্তে পড়ে দুই শিশু নিহত হয়েছে। একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে দুজনই মারা যায়।
৬০ দিন আগে
বিএসএফের হাতে আটকের ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন ঠাকুরগাঁওয়ের আজিজুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমানের জীবনের করুণ পরিণতি নাড়িয়ে দিয়েছে পুরো জেলার মানুষকে। সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন তিনি।
সরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (৩ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। সকালেই মরদেহ হস্তান্তরের কথা থাকলেও স্বজনরা বিকেল ৪টার দিকে মরদেহটি গ্রহণ করেন।
আজিজুরের মরদেহ তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারি ও শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তার স্ত্রী তাসকারা বারবার চিৎকার করে বলেন, ‘বিএসএফের নির্যাতনেই আমার স্বামী মারা গেছে। ঘাস কাটতে যাওয়া কোনো অন্যায় হতে পারে না।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার খানের সই করা ২ এপ্রিলের এক আদেশে জানানো হয়, গত ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি প্রত্যাবর্তন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের দিনমজুর আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। তারা সীমান্ত পিলার ৩৭৩/১-এসের কাছে পৌঁছালে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তিনজন পালিয়ে এলেও আজিজুর রহমান ধরা পড়েন।
আজিজুরের স্ত্রী তাসকারা বেগম অভিযোগ করেন, আমার স্বামীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে বিএসএফ সদস্যরা পৈশাচিক নির্যাতন চালিয়েছে। নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ১১ মাস ভারতে বন্দি অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতে অবস্থানরত আত্মীয়দের মাধ্যমেই আমরা এই মর্মান্তিক সংবাদ জানতে পারি।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, দেশে আনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও কঠোর অবস্থানে যাব। একইসঙ্গে নিজেদের নিরাপদ রাখতে সীমান্তের মানুষদের কাঁটাতারের বেড়া ও নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার জন্য আমরা নিষেধ করেছেন তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়ার পর রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। মরদেহ নষ্ট হতে শুরু করায় তা আর রাখা সম্ভব হয়নি বলেই দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তের মানুষের মনে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সীমান্তে যে কোনো ঘটনার জন্য আইনি প্রক্রিয়া থাকা সত্ত্বেও লাশ হয়ে ফিরে আসার ঘটনা মানতে নারাজ ঠাকুরগাঁও সীমান্তের বাসিন্দারা।
৬১ দিন আগে
রাজধানীর ওয়ারীতে গাড়ির চাপায় যুবক নিহত
রাজধানীর ওয়ারীতে দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবক (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়ারী থানার বঙ্গভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানবাহনটি শনাক্তের চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
৬১ দিন আগে
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ
রাজধানীর কোতোয়ালি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকের বাঁ পাশে একটি গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
৬১ দিন আগে
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল ৪টা ৪৪ মিনিটে তা সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম ইউএনবিকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
৬১ দিন আগে
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়ার জাহাজ
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানায়, আজ (শনিবার) সকালে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে।
এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আগত ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করেছিল (ঘাটে এসে বেঁধে রাখা)। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেছেন, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যেই কুতুবদিয়ায় পৌঁছেছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। আজ শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
৬১ দিন আগে
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোভাবেই ঠিক হবে না।’
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে।’ তিনি জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব রাখার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকার গ্রহণ করে এবং সেসব বিষয়ে কাজ করছে।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, খালেদ হোসেন পরাগ, এস এম আলাউদ্দিন, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী ও ড. নরেশ মধু প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এর আগে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আটদিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকাও তৈরি করা হচ্ছে।’
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ অন্যান্যরা।
৬১ দিন আগে
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।’
স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
৬১ দিন আগে
ভিক্ষুকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: এমপি বাবুল
ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেছেন, ‘ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’
শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল বলেন, ‘ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার এই পেশা নির্মূল করতে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি বলেন, ‘আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কী করেছে, তা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, জনগণই তার মূল্যায়ন করবে।’
এই সংসদ সদস্য জানান, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘর ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসার মাধ্যমে পরিবার চালাতে পারবেন।
তিনি বলেন, ‘আজ যে কার্যক্রম শুরু হলো, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।’
ভিক্ষুকদের মধ্যে দোকানঘর ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুসহ অন্যান্যরা।
৬১ দিন আগে