সারাদেশ
নাটোরে শিক্ষার্থী হত্যার দায়ে ২ যুবকের যাবজ্জীবন
নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলায় মাসুদ রানা ও মিজানুর রহমান নামে ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বরে সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান জানান, প্রথমে এজাহারে কিছু আসামির নাম উল্লেখ করেছিলেন বাদী, যারা কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তদন্তে প্রকৃত হত্যাকারীদের নাম বেরিয়ে আসে। সে অনুযায়ী অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রামণ শেষে বিচারক আজ এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীর পিতা আব্দুর রশিদ। তিনি রায় কার্যকর দেখতে চান বলে জানিয়েছেন।
৮ দিন আগে
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৫)। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ দিন আগে
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৯০ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহম্মদ নগরে তার জন্ম বার্ষিকী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের উদ্যোগে কোরআনখানি, র্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ উপলক্ষে মোহম্মদ নগরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের একটি চৌকস বাহিনীকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম ।
এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদ নগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
৮ দিন আগে
বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, পরে হত্যার অভিযোগ
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক তরুণীকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ ওরফে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছলে নূরার নেতৃত্বে আবারও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে মেয়েটির পরিরেরর লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরও না পেয়ে বাড়ি ফিরে যান। সকালে একই এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় আমেনা আক্তারের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ বিষয়ে নিহত মেয়ের বাবা মো. আশরাফ জানান, নূরার নেতৃত্বে ৫-৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে নূরার প্রেমের সম্পর্ক ছিল। এটি মেয়েটির পরিবার মেনে নেয়নি। গতকাল (বুধবার) তাকে বাবার কাছ থেকে নূরা তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে জেনেছি। পরে সকালে মেয়েটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
৮ দিন আগে
কক্সবাজারে গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ, ১৬ জন দগ্ধ
কক্সবাজার শহরের কলাতলীতে এন আলম নামের একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন ও বিপুল জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ নিশ্চিত করেছেন, ওই ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না এবং গ্যাস লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এন আলম নামক ওই ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। দীর্ঘ ৩ ঘণ্টা ধরে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে পাম্পের ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত পাম্পের চারপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
৮ দিন আগে
মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
মাগুরায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষ ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় বিএনপি ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৮ দিন আগে
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হত্যা
চট্টগ্রামের রাউজানে পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় আবদুল মজিদ প্রকাশ মুজিব ভান্ডারী (৫৬) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি স্থানীয় বাজারের মুদি দোকানে বসে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
রাউজান থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত আবদুল মজিদ অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানালেও দলের কোনো পদে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে বলেন, তার চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে বাজারের একটি মুদি দোকানে বসা অবস্থায় মজিদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যান।
ওসি আরও জানান, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোক। তাদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে।
৮ দিন আগে
পরকীয়া নিয়ে বিরোধের জেরে ফেনীতে তাঁতিদল নেতা খুন
ফেনীর সোনাগাজীতে পরকীয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে আইয়ুব নবী তারেক (২৬) নামে এক তাঁতিদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব নবী তারেক বগাদানা ইউনিয়ন তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক এবং গুণক গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
নিহতের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) আগের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও স্ত্রী নারু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তারেকের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে ডাকাত বলে আখ্যা দিয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক ও ওহিদুর রহমানের ছেলে নাহিদের স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্কের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
একই বাড়ির আবদুল গফুর জানান, কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেছিলেন, তার স্ত্রীর সঙ্গে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তারেককে জিজ্ঞাসাবাদের জন্য বলেছিলেন নাহিদ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহত তারেকের বিরুদ্ধে একটি পরোয়ানা ছিল। তবে এটি কোন রাজনৈতিক হত্যা নয়। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তরা ঘটনার পর আত্মগোপনে চলে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
৮ দিন আগে
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। প্রাথমিকভাবে প্রেমঘটিত মনোমালিন্যকে এ ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যুবকের সঙ্গে প্রেমঘটিত মনোমালিন্যের জেরে তিনি এ পথ বেছে নেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে লাইভে ছিলেন এবং নিজের আইডি থেকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একাধিক পোস্ট দেন।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় ৫ ঘণ্টা আগে রোজিনা তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’
মৃত্যুর ২ ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগে কথিত প্রেমিককে উদ্দেশ করে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখেও পোস্ট দেন।
পরে তিনি ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
৮ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় এক নারী আরোহীসহ ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমানা খাতুন (২২) দিনাজপুরের ফুলবাড়ীর বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী এবং ভ্যানচালক আইনুল সরকার (৫৩) একই উপজেলার আলাদিপুরের কফিল উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলিভদ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোভ্যানটি রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এরপর ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক আইনুল সরকার নিহত হন। এছাড়া গুরুতর আঘাতের ফলে যাত্রী রুমানা খাতুনও কিছুক্ষণের মধ্যে প্রাণ হারান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে সহকারীসহ চালক পালিয়ে গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।
৯ দিন আগে