সারাদেশ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, যুবক দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে মুশফিকুর রহমান (২৩) নামে এক যুবক দগ্ধ হয়ছেন।
বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর সামাদ নগর ভাঙ্গাপ্রেস পুলিশ টাওয়ারের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ যুবকের বড় ভাই মিনার আহমেদ জানান, গতকাল (বুধবার) রাতে পুলিশ টাওয়ারে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগে। এতে আমার ছোট ভাই দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সিলিন্ডারের গ্যাসের আগুনে যুবকের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৬৩ দিন আগে
মাগুরায় মুদি দোকান থেকে অবৈধ পেট্রোল উদ্ধার
মাগুরায় এক মুদি দোকান থেকে অবৈধভাবে ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোট ১২ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মহম্মদপুর উপজেলার একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এই অবৈধ তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, আজ (বৃহস্পতিবার) মহম্মদপুর উপজেলার একটি মুদির দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ ছিল, ওই দোকানে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দাহ্য পদার্থ মজুদ রাখা এবং তা সাধারণ মানুষের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল।
অভিযানের সময় দোকানের মালিক বাকী মোল্লাকে হাতেনাতে ধরা হয় এবং তার কাছ থেকে ১২ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়। জননিরাপত্তা ঝুঁকি ও আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাহ্য পদার্থ বিক্রির জন্য নির্দিষ্ট লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৬৩ দিন আগে
ফরিদপুরে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের রোগী, এক শিশুর মৃত্যু
সারা দেশের মতো ফরিদপুরেও বেড়ে চলছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামের ৭ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) থেকে ২৪ ঘণ্টায় ১০টি শিশু হাম উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে ফরিদপুর মেডিকেলে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া হাসপাতালে আসন সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৬৫ জন রোগী ভর্তি হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রহিমা নামক একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মাদারীপুর জেলার ঝাউদি সদর উপজেলার বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে গত ২৭ মার্চ সে হাসপাতালে ভর্তি হয়েছিল। ৫ দিন চিকিৎসা শেষে গতকাল বিকেলে শিশুটি মৃত্যুবরণ করে।
এই স্বাস্থ্যকর্মকর্তা আরও জানান, যেসব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।
৬৩ দিন আগে
হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর ১০০০ লিটার ডিজেল উদ্ধার
হবিগঞ্জ জেলার মাধবপুরে মালবাহী ট্রেন দুর্ঘটনার পর সেখান থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং উদ্ধার তৎপরতায় কার্যকর ভূমিকা পালন করেছে বাহিনীটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ মনতলা বিওপি থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাটের অপচেষ্টা প্রতিরোধ করে এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়, যারা বর্তমানে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।
বর্তমানে ঘটনাস্থলে বেসামরিক প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি। এ সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ রক্ষা, জ্বালানি তেল উদ্ধারে সহায়তা, জনসমাগম নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং রেলযোগাযোগ পুনর্প্রতিষ্ঠায় কার্যকর সহযোগিতা প্রদান করেছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় গতকাল (বুধবার) রাত পৌনে ১০টার দিকে তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে একটি বগি পাশের খাদে পড়ে যায়।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে ইতোমধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ চলছে।
৬৩ দিন আগে
লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে ২ ইটভাটা শ্রমিক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সুতারগোপ্টা এলাকায় মেসার্স এনবিএসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা দুজনই সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। এতে উভয়ই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান তারা। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখি, তারা বেঁচে নেই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৩ দিন আগে
চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গায় গরম এবার যেন শুরুই হলো আগুনঝরা রূপে। মৌসুমের শুরুতেই জেলায় রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বইছে মাঝারি তাপপ্রবাহ। ফলে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি আর ক্লান্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এ পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দুপুর গড়াতেই শহরের রাস্তাঘাট যেন আগুন ছড়াতে থাকে। খোলা আকাশের নিচে দাঁড়ানো দায় হয়ে যায়। বাতাসও যেন গরম চুল্লির আঁচের মতো মুখে এসে লাগছিল। কয়েকদিন আগেও যেখানে হালকা শীতের আমেজ ছিল, সেখানে হঠাৎ এমন তাপমাত্রা বৃদ্ধিতে ছন্দ হারিয়েছে জনজীবন।
সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভার সামনে সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পিচ গলে উঠে গেছে; কোথাও কোথাও তা জমে গেছে। যানবাহন চলাচলের সময় সেই পিচ টায়ারে লেপ্টে গিয়ে তৈরি করছে বাড়তি ভোগান্তি।
শহরের এক পথচারী বলেন, এ জেলায় আবহাওয়া সবসময়ই চরম। কিন্তু গরম শুরু হওয়ার আগেই যদি এমন হয়, তাহলে সামনে কী হবে—ভাবতেই ভয় লাগছে!
চৌরাস্তা মোড়ে বসে তরমুজ বিক্রি করছিলেন মোহাম্মদ শাজাহান। কপাল বেয়ে ঘাম ঝরছিল তার।
তিনি বলেন, রোদে বসে থাকতে থাকতে শরীর পুড়ে যাচ্ছে। তরমুজও ঠিকমতো বিক্রি হচ্ছে না। একটু পরপর পানি না ঢাললে টিকেই থাকা যায় না।
৬৩ দিন আগে
১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৭ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও উদ্ধারকাজ শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু হয়।
নোয়াপাড়া স্টেশন মাস্টার মো. মনির হোসেন জানান, ‘বেলা সোয়া ৩টার দিকে মেরামত ও উদ্ধার কাজ শেষ হয়েছে। তার কিছুক্ষণ পর থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে।’
গতকাল (বুধবার) রাতের এ দুর্ঘটনার পর চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়।
দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস মাধবপুর উপজেলার হরষপুর স্টেশনে অবস্থান নেয়। একই সময়ের কাছাকাছি সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেল জংশনে এবং সকাল সাড়ে ১০টার পাহাড়িকা এক্সপ্রেস শমসেরনগরে আটকা পড়ে বলে জানান শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার লিটন দাস।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে মাধবপুর উপজেলার মনতলা স্টেশন পার হয়ে সাহাপুর এলাকায় সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। প্রতিটি ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার করে জ্বালানি তেল থাকায় মোট প্রায় ২ লাখ লিটার তেল পরিবহন করা হচ্ছিল বলে জানান ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।
দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো ছেড়ে দেওয়া শুরু হয় বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৬৩ দিন আগে
সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত
সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাম্প মালিকদের দাবিদাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে, বুধবার রাত ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেটের পাম্প মালিকরা হঠাৎ করে তেল ও গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন। এতে সিলেটজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয় এবং পরিবহন খাতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়। অনেক চালক ও সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই উদ্যোগ নেয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা। রাত দেড়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী ও সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে পাম্প মালিক নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় অবস্থিত মেঘনা অয়েল ডিপোতে অনুষ্ঠিত হয়। এটি প্রায় এক ঘণ্টা ধরে চলে।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হয়। বৈঠক শেষে ধর্মঘট সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৬৩ দিন আগে
ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে ইতোমধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ চলছে। তিনি আরও বলেন, পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রমের সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা জানান, বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় কিছু লোক বগি থেকে তেল লুটের চেষ্টা করলে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সকাল ৮টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
৬৩ দিন আগে
পিরোজপুরে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
পিরোজপুর সদর উপজেলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইবুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।
আসামিরা হলেন: নাজিরপুর উপজেলা চৌঠাই মহল এলাকার মিলন শেখ (২৮), পিরোজপুর সদর উপজেলার অলি গাজী (২৪) এবং নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকার সাহেব গাজীর পুত্র মারুফ গাজী (২৫) ।
মামলার প্রধান আসামি মিলন শেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুই আসামি অলি গাজী ও মারুফ গাজীকে কিশোরীকে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ বছরের কিশোরী ওই ভুক্তভোগী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে কদমতলা ইউনিয়নের বাসিন্দা এবং সনাতন ধর্মাবলম্বী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাজিরপুরের চৌঠাই মহল এলাকায় মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুযোগ বুঝে অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে কৃষ্ণনগর এলাকায় নিয়ে যান। সেখান থেকে তারা ভুক্তভোগীকে খুলনায় মিলন শেখের কাছে হস্তান্তর করেন। এরপর মিলন বিয়ের নাটক সাজিয়ে কিশোরীটিকে মুসলিম পরিচয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে গিয়ে তিনি কিশোরীটিকে ২০ থেকে ২২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে একপর্যায়ে কিশোরী সুযোগ পেয়ে পাশের বাসা থেকে তার বাবাকে ফোন করলে পুলিশ নিয়ে তার বাবা সেখানে উপস্থিত হয়। পরে তার বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবার দাবি, তার মেয়েকে অপহরণ করে অলি গাজী ও মারুফ গাজী খুলনায় নিয়ে মিলন শেখের হাতে তুলে দেন। মিলন শেখ বিয়ের নাটক সাজিয়ে তার মেয়েকে আটকে রেখেছিলেন। মিলন শেখসহ বাকি ২ আসামির উপযুক্ত শাস্তি হয়েছে বলে তিনি মনে করেন। উচ্চ আদালতেও এ রায় বহাল রাখার অনুরোধ করেন তিনি।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাজাহান সরদার বলেন, ‘কিশোরীকে ধর্ষণ মামলার রায় পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
৬৪ দিন আগে