সারাদেশ
শেরপুরে সড়কে পড়ে থাকা ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
শেরপুরে সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি এলাকার ডালিবাড়ী মোড়ে রাস্তার পাশ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, আজ (বুধবার) সকালে শ্রীবরদী শহরের দিক থেকে আসা একটি ভ্যান রাস্তার পাশে একটি ট্রাংক নামিয়ে রেখে যায়। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও ট্রাংকটি কেউ নিতে না আসায় এবং আশপাশে মাছি উড়তে থাকায় তাদের মনে সন্দেহ হয়। পরে ঘটনাটি শ্রীবরদী থানা পুলিশকে জানানো হলে তারা ট্রাংকটি খুলে তোশক ও চাদরে মোড়ানো অবস্থায় একটি মাঝবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাংক দেখে স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ট্রাংকটি খুললে ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খুব দ্রুতই ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে।
৬৪ দিন আগে
ভোলার বিসিক শিল্পনগরী থেকে ৫ হাজার ৯৭৬ লিটার ডিজেল জব্দ
ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ৯৭৬ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কারখানা দুটিতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ৯৭৬ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এর মধ্যে খান ফ্লাওয়ার মিল থেকে ৩ হাজার ৯৭৬ লিটার এবং তৃষ্ণা বেকারির কারখানা থেকে ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ছাড়াও খান ফ্লাওয়ার মিলের যে কক্ষে অবৈধভাবে তেল মজুদ করা হয়েছিল, সেটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া তেল মজুদের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬–এর ৫৬(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে খান ফ্লাওয়ার মিলের মালিক জামাল খানকে ১ লাখ টাকা এবং তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জরিমানা করার কারণে দুষ্কৃতিকারীরা সড়কে প্রশাসনের গাড়ির সামনে ইট ও বালুর বস্তা ফেলে পথ অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৬৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বিষ দিয়ে কৃষকের ধানখেত নষ্ট
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঘাসমারার বিষ প্রয়োগ করে এক কৃষকের প্রায় এক বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমির মালিক ইসরাফিল ইসলাম তার প্রায় ১ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু ধানে শীষ আসার আগমূহূর্তে ধানখেতে বিষ দিয়ে তা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ইসরাফিল।
এ বিষয়ে নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৪ দিন আগে
রংপুরে মাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন: গ্রেপ্তার ২
রংপুরের মিঠাপুকুরে মাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহতের ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বুধবার (১ এপ্রিল) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তাররা হলেন— মিঠাপুকুর উপজেলার শালমারা লফিতপুর এলাকার মহুবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এবং ইকবালপুর এলাকার আবুল কালামের ছেলে মোহন মিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, মিঠাপুকুরের আবুল কাশেমর সঙ্গে প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা গত ৭ ফেব্রুয়ারি দুপুরে পূর্বপরিকল্পনা অনুযায়ী লাঠি, লোহার রড ও ছুরি নিয়ে আবুল কাশেমের স্ত্রীর পথরোধ করে তাকে শ্লীলতাহানি করেন। ভুক্তভোগী ওই নারীর চুল ধরে মুখমণ্ডলে চড়-থাপ্পড় দেন তারা। ওই সময় তাকে মেরে রক্তাক্ত করা হয়।
খবর পেয়ে মাকে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে নুরুজ্জামান। এরপর জাহাঙ্গীর আলমের লোকজন তাকেও এলোপাতাড়ি আঘাত করেন। তারা নুরুজ্জামানের অণ্ডকোষে সজোরে লাথি মারেন, সেইসঙ্গে তাকে গুরুতর জখম করে তারা চলে যান। পরে এলাকাবাসী ও আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে রংপুর মিঠাপুকুর সরকারি হাসপাতালে ভর্তি করান। কয়েক ঘণ্টা পর কতর্ব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে (৩১) মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে মিঠাপকুর থানায় গত ৯ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে গত ৩১ মার্চ রাতে যৌথ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম ও অপর আসামী মোহন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব।
র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৬৪ দিন আগে
মাগুরায় মধুমতী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
মাগুরার সদর উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কছুন্দি ইউনিয়নের খোর্দ কছুন্দি গ্রামে সজল মীরের ইটভাটার পাশের মধুমতী নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মধুমতী নদীতে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় পেতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। মরদেহটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ হত্যার ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৬৪ দিন আগে
নাটোরে জ্বালানি সংকট ঘিরে বিশৃঙ্খলা: পাম্প ব্যবস্থাপককে মারধর, মহাসড়ক অবরোধ, সাংবাদিক লাঞ্ছিত
জ্বালানি সংকট ঘিরে নাটোরে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেল সংগ্রহকে কেন্দ্র করে একটি পেট্রোল পাম্পের ব্যবস্থাপককে মারধর করে আহত করা হয়েছে, তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন একদল মোটরসাইকেল-চালক এবং পৃথক ঘটনায় পেট্রোল মজুদের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের বিভিন্ন সময় নাটোর শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
গতকাল (মঙ্গলবার) ৯টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে জারকিনে পেট্রোল না দেওয়ায় পাম্প ম্যানেজার সানু সাহাকে পিটিয়ে জখম করেছেন শাহীন নামে স্থানীয় এক যুবক। পরে জনতার ধাওয়ায় পালিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই ঘটনার প্রায় একই সময়ে শহরতলীর মোকরামপুর এলাকায় রিভু পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল-চালকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মাহাবুর রহমান।
এছাড়া, গতকাল রাতেই লালপুর উপজেলার সাদিয়া পেট্রোল পাম্পে ড্রামে পেট্রোল মজুদের ছবি তুলতে গেলে ওমর ফারুক নামে এক স্থানীয় সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। ওমর ফারুক অভিযোগ করেন, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী।
৬৪ দিন আগে
শ্যামপুরে স্টিলমিলে বিস্ফোরণে দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে আর এস এম স্টিলমিলে বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— হীরা (৩৫) মানিক (৪৫), রাজিব আলি (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, আহতদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের শরীরের ৪০ শতাংশ, রাজিব আলির ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউরের ১০ শতাংশ ও ইউসুফের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। আর হীরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এ চিকিৎসক।
৬৪ দিন আগে
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত আরও ৪ জন।
বুধবার (১ এপ্রিল) জেলার দাউদকান্দি ও নিমসার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ (বুধবার) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির কানড়া এলাকায় চট্টগ্রামগামী সড়কে অজ্ঞাতনামা গাড়ি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশাচালক ছিলেন।
এছাড়া একই এলাকার মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫) এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া নিয়ে মতলব বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, আজ ভোরে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঢাকাগামী পার্সেলবাহী গাড়িকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় উভয় গাড়ির চালক নিহত হন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার যানবাহন ও নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৬৪ দিন আগে
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব বাড়ায় আগাম প্রস্তুতির ওপর জোর ডিসির
নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, প্রতি বছর বর্ষা মৌসুম ও এর পরবর্তী সময়ে ডেঙ্গুসহ এডিস মশাবাহিত রোগের প্রকোপ দেখা যায়। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আগাম প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে। মশার প্রজননস্থল ও বিস্তারের স্থানগুলো আগেভাগেই চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের কার্যক্রমে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। শুধু সরকারি উদ্যোগ নয়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে বিডি ক্লিন, স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনের অংশ হিসেবে নলখালি, বগডুমারি ও ওয়াপদা খালে প্রাথমিকভাবে এ অভিযান শুরু হয়েছে। খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ স্প্রে করা হবে। পর্যায়ক্রমে সদর উপজেলার সাতটি ইউনিয়ন এবং জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। তাই আগাম প্রস্তুতি নিয়ে পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। খালগুলো সচল রাখা গেলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে। বিশেষ করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত চ্যানেলগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে জনভোগান্তি কমবে।
তিনি জানান, কালিয়ানি খাল খননের জন্য প্রায় ৫ কিলোমিটার অংশে সরকারি অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ পেলেই খালটি পুনর্খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হবে, যা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদর উপজেলার তিনটি খালের প্রায় ৪০০ মিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ধারাবাহিকভাবে প্রায় ৮ থেকে ৮.৫ কিলোমিটার খাল পরিষ্কার ও খননের পরিকল্পনা রয়েছে, যা বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
কর্মসূচির শুরুতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার এবং উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেলসহ অন্যান্যরা।
৬৫ দিন আগে
নারায়ণগঞ্জে স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্র আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি রাব্বীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, নিহত স্কুলছাত্র আরাফাত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে। ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে আরাফাতকে বিজয় দিবসের একটি কনসার্টে নিয়ে যায় রিপন মিয়া। রিপন একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ওই রাতেই আরাফাতকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্কুল ভবনে নিয়ে যান রিপন। সেখানে আরাফাতকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেন তিনি। পরে গলাটিপে হত্যা করে তার মরদেহ মসজিদের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পর রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করেন। তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের মরদেহ পুকুরে ভেসে ওঠে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর বন্দর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
পরবর্তীতে পুলিশ রিপনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক রয়েছেন।
পিপি আরও জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রিপনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি রাব্বীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
৬৫ দিন আগে