সারাদেশ
ফরিদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে কিশোর নিহত
ফরিদপুর সদর উপজেলায় বসতবাড়িতে আগুন লেগে তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে মারা গেছে।
রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দিলে এই ঘটনা ঘটেছে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে রাফিকের বসতঘরে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা রাফিকের ছেলে তামিম দগ্ধ হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন।
স্থানীয় লোকজন দগ্ধ তামিমকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১১টা থেকে দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত তামিমের চাচা শওকত মিয়া বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে। কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছি।’
ফরিদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৬৬ দিন আগে
সাতক্ষীরায় জ্বালানি সংকটকে ঘিরে তীব্র বিশৃংখলা, বাড়ছে অপরাধ প্রবণতা
সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোরে খুলনা থেকে গাড়িটি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়ায় নিয়ে যাওয়ার সময় শহর থেকে আটক করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মেঘনা গ্রুপের একজন ডিলার তেলবাহী ট্যাংকারটি নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, শহরের নিউ মার্কেট মোড় এলাকায় ২৪ লিটার ডিজেল, আড়াই লিটার পেট্রোল অবৈধভাবে বোতলে বিক্রয়কালে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেন। আটক আব্দুল খোকন (৫৫) নিউ মার্কেট এলাকার বাসিন্দা।
এছাড়া জ্বালানির অভাবে জেলার ২৮টি পাম্পের মধ্যে অধিকাংশ বন্ধ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আসার পর ক্রেতাদের মাঝে সরবরাহ করা হবে। যে তেল নিয়ে আসা হচ্ছে, সবটুকু একবারেই শেষ হয়ে যাচ্ছে। ফলে এই সংকট তৈরি হচ্ছে। ক্রেতাদের চাহিদা প্রচুর বেড়েছে। এত তেল কোথায় যাচ্ছে, প্রশ্ন তোলেন তারা।
শহরের এবিখান ফিলিং স্টেশনে তেল পেতে দীর্ঘ লাইন দেখা গেছে। হাজারো যানবাহন মালিকরা অপেক্ষা করছেন। তেল পেতে নানা ভোগান্তির অভিযোগ তোলেন তারা। ভোর থেকে অপেক্ষা করেও দুপুর ১টা পর্যন্ত তেল না পাওয়ার অভিযোগও করেন অনেকে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, আজ (সোমবার) ৩ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার লিটার অকটেন ও ৯ হাজার লিটার ডিজেল এসেছে। এই তেল যতক্ষণ থাকবে, ততক্ষণ ক্রেতাদের মাঝে সরবরাহ করা হবে। চাহিদার তুলনায় তেল পাচ্ছেন না বলেও অভিযোগ করেন সেখানকার ব্যবস্থাপক।
৬৬ দিন আগে
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সুরুজ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে ডেমরার বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রায় সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ আলীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামে। তার বাবার নাম মৃত হজ আলী। ডেমরার কোনাপাড়ায় নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
নিহতের ছেলে মো. আলমাছ বলেন, ‘আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার প্রধান সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আমরা বিষয়টি জানতে পেরে তাকে তৎক্ষণাৎ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
৬৬ দিন আগে
হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে বাকির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মাল ক্রয় করতে যান। এ সময় রসম আলী আগের ১৮৫ টাকা পাওনা চাইলে তাদের মধ্যে তর্ক হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৩০ আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শহিদুল হক মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
৬৬ দিন আগে
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী মো. আমিনুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বিগত ২০২২ সালের ২৪ এপ্রিল রাত ১০টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চর গ্রামের আমজল আলীর পুত্র মো. আমিনুল ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী সুজানা আক্তারকে (২৩) নির্মমভাবে প্রহার করে হত্যা করেন। পরে নিহত গৃহবধূর পিতা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুলসহ ৩ জনের নামে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
৬৬ দিন আগে
মধুমতি নদী থেকে চুরি করে বালু উত্তোলন, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়।
রবিবার (২৯ মার্চ) পৌনে ২টার দিকে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. খলিল ফকির (৬০), মো. ইয়াসিন শেখ (২৫) ও মো. ইয়াসিন হাওলাদার (৪৫)।
এ বিষয়ে ওসি আশরাফুজ্জামান জানান, মধুমতী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহম্মদপুর থানা পুলিশ। গতকাল (রবিবার) রাতে বীরেন ঘাট এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়েছে। আসামিদের থানায় রাখা হয়েছে। জব্দ করা বলগেটটি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীরে ক্ষয় বেড়েছে। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন তারা।
অভিযানের বিষয়ে ওসি আরও বলেন, ‘নদীতে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তাই এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
৬৬ দিন আগে
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে তেল খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালায় থানা পুলিশ।
পুলিশের ধারণা, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল। তবে এ তেলের মালিক কে—এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, অভিযানের সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। পাশাপাশি ট্যাংকলরিটিও হেফজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ট্যাংকলরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
৬৬ দিন আগে
বেনাপোলে চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ
বেনাপোল পোর্ট থানায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনী নামের একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার (২৯ মার্চ) যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন অভিযুক্তরা। এভাবেই ‘সন্ত্রাসী’ সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেছিলেন। ওই জমিতে গত ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণ কাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, লোহার পাইপ, দা ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেন।
এ সময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলেন, ‘তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে, তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলব।’
এ সময় তাদের আক্রমণের মুখে মাছুম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যান। এরপর সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী মাছুম জানান, বসতবাড়িতে একটি ভবন নির্মাণ করছি। শ্রমিকরা বাড়ির কলামের কাজ শুরু করলে সাইফুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি-ধামকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছেন সাইফুল ও তার ভাই সুজয়ের উল্লাহ। সেসব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।
চাঁদা চাওয়ার বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৬ দিন আগে
কুমিল্লায় জমির দ্বন্দ্বে বাড়ি ঘিরে বেড়া, আটকা পড়েছে দুটি পরিবার
কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে করে দুটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর গ্রামে। কয়েক মাস ধরে এই প্রতিবন্ধকতা নিয়েই দিনাতিপাত করছে পরিবার দুটি। নিজেদের টিউবওয়েল থাকা সত্ত্বেও নিতে পারছে না খাবার পানি, আরেক পরিবারের শৌচাগারে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরাজি বাড়ির রফিজ উদ্দিন ফরাজি এলাকার প্রভাবশালী ব্যক্তি। তার সঙ্গে একই বাড়ির বাচ্চু মিয়া ফরাজি ও জসিম উদ্দিন ফরাজির দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই রফিজ উদ্দিন জোরপূর্বক জসিম উদ্দিনের উঠানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একইভাবে বাচ্চু মিয়া ফরাজির বেশ কিছু অংশ দখলে নিয়ে বেড়া দিয়ে তাদেরও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
ভূক্তভোগী বাচ্চু মিয়ার ছেলে মিজানুর রহমান ফরাজি জানান, আমাদের দলিলকৃত বাড়ির অংশ জোরপূর্বক দখল করে নিয়েছেন রফিজ উদ্দিন। তিনি আমাদের জয়গায় বেড়া দিয়ে দখল করে রাখায় এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিজেদের শৌচাগার ব্যবহার করতে পারছি না।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসীর কাছে একাধিকবার গিয়েছি, কিন্তু আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দিতে পারেননি তারা। অপরদিকে, রফিজ উদ্দিন তার জায়গার কাগজপত্র কোনো সালিশ দরবারেও দেখান না।
তার অভিযোগ, রফিজ উদ্দিন ফরাজি সব সময় রাজনৈতিক স্রোতে গা ভাসিয়ে চলেন। যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।
৬৬ দিন আগে
ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় ওই ব্যক্তিকে আরও তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে, আসামি উভয় ধারার সাজা এক সঙ্গে ভোগ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে দণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লাকে কঠোর পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ঘোড়াদহ বাজার এলাকার বাসিন্দা। নিহত জোসনা বেগম (২১) একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে রাশেদ ও জোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাশেদ যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তার দাবির মুখে তাকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে জোসনার স্বর্ণের হার ও কানের দুল বিক্রি করে আরও টাকা দেওয়া হয় যা রাশেদ মাদক সেবনে ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে।
তবে তারপরও থেমে থাকেনি নির্যাতন। ২০২০ সালের ১৬ জুলাই পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাশেদ। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের ভেতর জোসনা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ১৭ জুলাই তার মৃত্যু হয়।
ঘটনার দিনই নিহতের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় যৌতুকের দাবিতে হত্যা মামলা করেন। মামলায় রাশেদ মোল্লার পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও আসামি করা হয়। পরে মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ১৪ মার্চ উপপরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রতন জানান, মামলার শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামি রাশেদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার ভাই হাসিব মোল্লাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এটি সমাজে যৌতুকের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে।
৬৬ দিন আগে