সারাদেশ
ঈদের নামাজের স্থান নিয়ে কুষ্টিয়ায় সংঘর্ষ, আহত ১৩
ঈদের নামাজ মসজিদে হবে নাকি ঈদগাহ মাঠে—এ নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সংঘর্ষের কারণে গ্রামের অধিকাংশ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—রুবেল হোসেন (৩০), গফুর (৪০), আলম (৪৫), শাকিল (২৫), রিপন (২৬), সরোয়ার (৪৫), আশরাফুল (৩৫), শাহিন (৩৫), জিয়া (৩৭), মুসা (৪৫), মন্টু (৫৫), জুয়েল (২৭) ও ফিরোজা খাতুন (৩৩)। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর চরে অবস্থিত এই গ্রামে প্রায় ১২০টি পরিবারে পাঁচ শতাধিক মানুষের বসবাস। তাদের জন্য একটি জামে মসজিদ ও একটি ঈদগাহ মাঠ রয়েছে। ঈদের দিন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টির কারণে ঈদগাহ কমিটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে সাড়ে ৯টায় জামাত নির্ধারণ করে।
এ নিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ মসজিদে নামাজ শুরু করলে অপরপক্ষ তাদের ঈদগাহে যাওয়ার আহ্বান জানায়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
সংঘর্ষে আহত রুবেল হোসেন অভিযোগ করেন, তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জুয়েল বলেন, মসজিদে নামাজ শেষে খুতবা চলাকালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি, তার বাবা ও স্বজনসহ কয়েকজন আহত হন। তাদের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত কয়েকজনকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে, যাদের হাত, মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্ন রয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দা রোকেয়া খাতুন অভিযোগ করেন, ‘নামাজ নিয়ে রাস্তায় মারামারির পর আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’ অন্যদিকে ছারা খাতুন দাবি করেন, তার ছেলের অটোরিকশা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
এদিকে, সংঘর্ষের কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি স্থানীয় স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে নামাজের স্থান নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নামাজ আর অনুষ্ঠিত হয়নি।’
ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টির কারণে নির্ধারিত সময় পরিবর্তন করা হলেও একপক্ষ মসজিদে নামাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রায় ৪৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নামাজের স্থান নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নামাজ অনুষ্ঠিত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
৭৫ দিন আগে
ঈদের দিন নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাব্বী মোল্যা (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী। এ সময় তার সঙ্গে পেছনে ছিলেন বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মো. রেহান। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর বিকেলে নড়াইল শহরের দিকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাব্বী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মোটরসাইকেলে থাকা রেহান অক্ষত রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৭৫ দিন আগে
ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় যুবক নিহত
ঈদের দিনে ঘুরতে বের হয়ে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামে আরও এক আরোহী আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়ে দুই যুবক মোটরসাইকেলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাচ্ছিলেন। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছাকাছি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
৭৫ দিন আগে
লঞ্চে ‘নেশাদ্রব্য খাইয়ে’ ছিনতাই, ভোলায় যাত্রীর মৃত্যু
স্ত্রীর সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে লঞ্চে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মো. মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
নিহত মোস্তাফিজুর কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকায় শ্বশুরবাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হন মোস্তাফিজুর। লঞ্চে যাত্রাপথে কয়েকজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে পরিচিত হয়ে কথা বলেন এবং একপর্যায়ে তাকে পানি পান করতে দেন। সেই পানি পান করার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কাছে থাকা টাকাপয়সা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা শুক্রবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুল আলম জানান, শুক্রবার রাতে অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মোস্তাফিজুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ভর্তি হওয়ার পর থেকেই সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং কী ধরনের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যাবে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সমীরণ মণ্ডল বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৭৫ দিন আগে
পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত
প্রায় পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল ফিতরের জামাত।
নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই হয়েছে ঈদের জামাত। সকাল ১০টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
এবারের ঈদ জামাতে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমসহ কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ ও জেলা প্রশাসক এবং মাঠ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা মাঠে নামাজ আদায় করেন।
আগত মুসল্লিদের প্রত্যেককে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হয়। জেলার স্থানীয় মুসল্লিসহ দেশ-বিদেশের পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই পুরো মাঠটি মুসল্লিতে ভরে যায়। পরবর্তীতে আগত মুসল্লিরা মাঠে জায়গা না পেয়ে পাশের রাস্তায়, বিভিন্ন বাড়ির আঙ্গিনায় নামাজ আদায় করেন।
এ সময় নিরাপত্তার জন্য ১১০০ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। সেই সঙ্গে ছিল সেনাবাহিনী ৪ প্লাটুন, র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবিসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। মাঠের ভেতরে নির্মিত ৬টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিকক নজরদারি করে পুলিশ প্রসাশন।
এই জামাতে অংশ নেওয়ার সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।
রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শটগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। ৩টি গুলি করা হয় জামাত শুরুর ৫ মিনিটি আগে, ২টি ২মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে।
৭৫ দিন আগে
রাতভর বৃষ্টিতে অনিশ্চয়তা কাটিয়ে গোর এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঢল
দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে আদায় করা হয়েছে ঈদুল ফিতরের নামাজ।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে ছুটে আসেন আশপাশেরসহ দূর-দূরান্তের মুসল্লিরা।
নামাজে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমি। অংশ নেন স্থানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
ঈদের নামাজ উপলক্ষে ময়দান ও আশপাশজুড়ে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গতরাতে দিনাজপুরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সঙ্গে ঝড়ো বাতাসের কারণে আজ সকালে নামাজ আদায় নিয়ে অনিশ্চতায় ছিলেন মুসল্লিরা। সকালেও মাঠজুড়ে ছিল বৃষ্টির পানি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি শুকিয়ে যায় মাঠে জমে থাকা পানি স্তরও।
প্রতিকূল আবহাওয়ার পরেও বৃহৎ এই জামাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।
৭৫ দিন আগে
ঈদের আগে চাঁদপুরের সেই ৬ প্রতিবন্ধী ভাইবোন পেল নতুন বসতঘর
আগামীকাল শনিবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তার আগে সুখবর পেলেন ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রামের আজিম বাড়ির ছয় শারীরিক প্রতিবন্ধী ভাইবোন।
দীর্ঘদিন ধরে এক কুঁড়ে ঘরে বসবাস করে আসছেন শারীরিক প্রতিবন্ধী ওই ছয় ভাইবোন। মা ফুল বানুর সঙ্গে এক ছোট্ট কুঁড়ে ঘরে জীবনযাপন ছিল অত্যন্ত দুর্বিষহ। এ খবর জেনে এগিয়ে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ৭ লাখ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় তিন কক্ষবিশিষ্ট টিনশেড পাকা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ভূমিদাতা পরিবারের সদস্য বিল্লাল হোসেন মানিক ও আশপাশের লোকজন উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের ফলক উন্মোচনের পর জেলা প্রশাসক নিজ হাতে ইট গেঁথে কাজের শুভ উদ্বোধন করেন। এরপর পরিবারটির হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের নতুন জামাকাপড় এবং চিনি-সেমাই তুলে দেওয়া হয়।
এর আগে, জেলা প্রশাসক ফরিদগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে তাদের জীবন ও সমস্যার অবস্থা সম্পর্কে জানেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। বিভিন্ন চ্যানেল ও সংবাদপত্রে ছয় প্রতিবন্ধী ভাইবোনের করুণ কাহিনী প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
‘শুধু আমরা নই, বিত্তশালীদেরও সরকারের পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসা উচিত। আমরা এখানেই থেমে থাকব না। জেলায় যেখানেই প্রতিবন্ধী ও অসহায় লোকজন রয়েছেন, সেখানে সাহায্যের হাত বাড়ানো হবে।’
৭৬ দিন আগে
সিলেটে কোথায়, কখন ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন ঐতিহ্যবাহী ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীর মুসল্লিদের সুবিধার জন্য প্রধান জামাত এবং অন্যান্য জামাতের সময় ও স্থান ঠিক করা হয়েছে। শহরের রাজনৈতিক নেতা, প্রশাসক ও বিশিষ্টজনরা প্রধান জামাতে অংশ নেবেন।
সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। এখানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা নামাজ আদায় করবেন।
এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ। একই সময়ে দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। সেখানে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
নগরীর কোর্ট পয়েন্ট-সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে—প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায়।
নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
কাজিরবাজার মখন জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
৭৬ দিন আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহন চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও চালকরা স্বস্তি অনুভব করছেন। মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকলেও আজও কোথাও যানজট নেই এবং যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।
দেশের ‘লাইফলাইন’ খ্যাত এই মহাসড়ক দিয়ে কয়েকদিনে হাজার হাজার যানবাহনে লাখ লাখ মানুষ বাড়ি ফিরেছেন। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও রোভার স্কাউটস সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২০ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানজট না থাকলেও যানবাহনের চাপের কারণে ধীরগতিতে চলছে গাড়ি।
এ সময় মহাসড়কের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, মিয়ানমার ও চৌদ্দগ্রামের স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে দেখা গেছে।
৭৬ দিন আগে
ঝালকাঠিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা-ভ্যানগাড়ি ঈদ উপহার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় দরিদ্র ও বেকার মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও রিকশা ও ভ্যানগাড়ি ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন রিকশা, ভ্যানগাড়িসহ অন্যান্য ঈদ উপহার বিতরণ করেন। এ সময় প্রায় তিন হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেইসঙ্গে চারজন দরিদ্রকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন মো. আরিফ হোসেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিকশা ও ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা এখন নিজ উদ্যোগে আয়-রোজগারের পথ তৈরি করতে পারবেন।
উপকারভোরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন। এই সহায়তা তাদের নতুন করে বাঁচার আশা জাগিয়েছে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানস্থলে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৭৬ দিন আগে