সারাদেশ
ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন
ঝালকাঠিতে গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে পুরাতন রাস্তার দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সম্প্রতি অনুমোদনের পর বন বিভাগ প্রায় ২ হাজার গাছ কাটতে শুরু করেছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কাছে ১ হাজার ৮১৫টি গাছের বিনিময় মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিকাদাররা গত এক সপ্তাহে অতি মূল্যবান ১২০টি গাছ কেটে ফেলায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের বক্তারা।
এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে গাছ কাটার কাজ বন্ধ করার দাবি জানান। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা আহ্বায়ক কাজী মো. আসিফ, সদস্য মো. ইরফান ও রাসেল বক্তব্য দেন।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধের কাজের কারণে গাছ কাটার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসকও অনুমতি দিয়েছেন।
৭৯ দিন আগে
নওগাঁয় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
সারা দেশে মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন নবনির্বাচিত বিএনপি সরকারের দলীয় সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর তীরে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) জাহিদুল ইসলাম ধলু।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে শহরের লিটন সেতু ঘাট এলাকায় ছোট যমুনা নদীর তীরে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এমপি ধলুর উদ্যোগে নওগাঁ পৌরসভা, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এই ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।
এই কার্যক্রমের উদ্বোধনের আগে এমপি জাহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। এখন থেকে প্রতি শনিবার নওগাঁ শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুজার গাফফারসহ অন্যান্যরা।
উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হয়দার টিপুসহ অন্যান্য নেতারা।
৭৯ দিন আগে
ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা, মা, ছেলের, মেয়ে হাসপাতালে
লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৪)। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। পথে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। আর গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।
৭৯ দিন আগে
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই গরুসহ নিহত হন।
নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
অন্যদিকে, দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটে। এতে দুই কিশোর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থার অবনতি হলে অপর কিশোর নৌশাদকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে। কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।
এ ছাড়াও দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী অজ্ঞাতনামা এক নারী নিহত হন।
একই দিন বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়। তবে নিহত নারী ও শিশুটির পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
৭৯ দিন আগে
যশোরের চরমপন্থি নেতা গোফরান ও তার সহযোগী গ্রেপ্তার
যশোরের অভয়নগরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠা চরমপন্থি নেতা নাসির শেখ গোফরান ও তার সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ মার্চ) খুলনার রূপসা উপজেলা থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. নাসির শেখ গোফরান (৪০) বাগেরহাটের রামপাল থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। মো. সোহেল রানা (২৮) বাগেরহাটের রূপসা থানার আলাইপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গোফরান ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে যশোর, খুলনা ও নড়াইলজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজত্ব চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা রয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবুল বাশার জানান, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। সে সময় তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গোফরান বাহিনী নগদ ২০ হাজার টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে চক্রটি। তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে গত শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেন।
৮০ দিন আগে
চুয়াডাঙ্গায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনি
চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই প্রতারককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন— ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার রিজভী সালমান রহমান (২৯) ও একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আহাদ আলী (৩৫)।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি চিংড়িখালী সেতু এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে দুজন ধরা পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৮০ দিন আগে
ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে, নদী উদ্ধার করা হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে প্রভাবশালী কেউ নন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।
এর আগে, দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে হগলে (সবাই) অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রমাণ করেছে, আমরা কথায় কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এক মাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।
আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।
৮০ দিন আগে
১১ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে আলোচনা করে ছুটির এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৫ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৭ মার্চ পর্যন্ত। টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পর ২৮ মার্চ থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দীর্ঘ এই ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে দুই দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, বিএসএফ এবং ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনকে দেওয়া হয়েছে।
ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধের চিঠি তারা পেয়েছেন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়েছে। মূলত ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ থাকে।
অন্যদিকে, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তারা লিখিতভাবে জেনেছেন। তবে এ সময়ে যাত্রী পারাপার চালু থাকার পাশাপাশি কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
৮০ দিন আগে
সিলেটে বজ্রপাতে জেলে নিহত
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রামচন্দ্র তালুকদার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, রামচন্দ্র তালুকদারসহ কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। গতকাল (রবিবার) সন্ধ্যার পর রামচন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮০ দিন আগে
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা দেশে খাল খননের মাধ্যমে একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে বলে তিনি জানান।
ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদের পূরণ করতে হবে। সেই লক্ষ্যে নওগাঁসহ সারা দেশের সকল নদীনালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, সারা দেশে খাল খননের মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপীড়িত অবস্থা থেকে দেশকে শস্যশ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন; বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।
নিজের দপ্তর নিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি খোলাখুলি কিছু বলব না, কিন্তু আমি এখানকার মানুষের জন্য কিছু করব। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না থাকে, সেজন্য আমরা কাজ করছি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনারা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেন না। প্রশাসনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন, অপরাধীদের ধরেন ফোর্স দিয়ে; আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।
এ সময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনের ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৮০ দিন আগে