সারাদেশ
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী দুই ছাত্রনেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেষ্ঠ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।
রিমান্ড পাওয়া দুই ছাত্রনেতা হলেন— ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং ‘দ্য রেড জুলাই’-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইম।
ঝিনাইদহ আদালত পরিদর্শক মোক্তার হোসেন বলেন, হুমায়ন কবির ও তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
গত ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের অভিযোগে বাস মালিকপক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতাদের আসামি করা হয়।
একই দিন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার জামিন নামঞ্জুর করে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঝিনাইদাহ আদালতের পরিদর্শক মোক্তার হোসেন জানান, ফিলিং স্টেশনে ভাঙচুরের মামলায় আটক আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আওয়ামী লীগ নেতা হারুণ অর রশিদের তাজ ফিলিং স্টেশনে পাম্পকর্মীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নিরব। পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার জেরে বৈষম্যবিরোধী ওই নেতাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন পাম্পের কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ওই ঘটনার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রাতে আওয়ামী লীগ নেতার একটি ফিলিং স্টেশনের ভাঙচুর চালান। একই দিন মধ্যরাতে ঝিনাইদহ টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ৮ মার্চ অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।
এরপর ওইদিন মধ্যরাতে শহরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের আটক করে। পরে তাদের ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
৮৪ দিন আগে
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগমকে (২৫) হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী আহাদ শেখকে (৩৩) যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আহাদ শেখ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন কাজী বল্লভদী গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের শিকার রুবাইয়া একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের বাসিন্দা ছিলেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রুবাইয়া ও আহাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হয়। বিয়ের তিন বছর পর আহাদ সৌদি আরব যাওয়ার জন্য বউয়ের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। চাহিদা অনুযায়ী তিন লাখের মধ্যে এক লাখ টাকা দেওয়া হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, স্বামীর দাবি অনুযায়ী আরও দুই লাখ টাকা দিতে না পারায় ২০১৮ সালের ১ আগস্ট আহাদ তার স্ত্রীকে প্রথমে মারধর এবং পরে মুখে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন।
এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম (৫৪) বাদী হয়ে আহাদ শেখ ও তার মা এবং তিন ভাইসহ মোট পাঁচজনকে আসামি করে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলাটি তদন্ত করেন ফরিদপুর জেলা সিআইডি কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুজ্জামান। তিনি তদন্ত করে রুবাইয়াকে হত্যার দায়ে আহাদ শেখ ও তার দুই ভাই মোহাম্মদ শেখ (৩৮) ও মাহিম শেখকে (৩৪) অভিযুক্ত করে ২০১৯ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, আহাদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আহাদের দুই ভাই মোহাম্মদ শেখ ও মাহিম শেখের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে আদালত বেকুসুর খালাস দেন।
তিনি বলেন, এ ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক এবং সুস্থ সমাজে যৌতুকের মতো সামাজিক ব্যাধি কাম্য নয়। আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট।
৮৪ দিন আগে
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষক নিহত
নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ-সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অন্যদিকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশের মাঠে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন পিন্টু। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
পুলিশ জানায়, দুর্যোগজনিত কারণে মৃত্যু হওয়ায় তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮৪ দিন আগে
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুতির ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ীমোহনপুর রেলওয়ে স্টেশনের দহকুলা এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১১ মার্চ) রাতে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে এসডিআইকে-২ নম্বর মালবাহী ট্রেন খুলনা যাচ্ছিল। এ সময় ট্রেনটি লাহিড়ীমোহনপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে পেছনের গার্ড ব্রেকভ্যানের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং এ ঘটনার পর ৩টি ট্রেন আটকা পড়ে। ফলে ট্রেনের যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।
পরে রাতেই ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসলে বগিটির উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ছয় ঘণ্টা পর এটি উদ্ধার করা হয়। বগিটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সহকারী স্টেশন মাস্টার আরও জানান, এ ঘটনার কারণ জানতে রেলওয়ে বিভাগ তদন্ত করছে।
৮৪ দিন আগে
মাগুরায় দেশি পোশাকে ‘পাকিস্তানি’ ট্যাগ লাগিয়ে বিক্রি, জরিমানা
ঢাকা থেকে কেনা পোশাকে ‘পাকিস্তানি’ ট্যাগ লাগিয়ে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে মাগুরার ‘মেসার্স দেশি ভিনদেশি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সৈয়দ আতর আলী সড়কের বকসী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শার্ট, টি-শার্ট ও মেয়েদের পোশাক পাকিস্তানি ও অন্যান্য বিদেশি পণ্য বলে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি পাকিস্তানি পোশাকের কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেনি। ভাউচার যাচাই করে দেখা যায়, পোশাকগুলো ঢাকার এলিফ্যান্ট রোড ও ইসলামপুরের বিভিন্ন দোকান থেকে কেনা। অথচ সেগুলো পাকিস্তানি ড্রেস হিসেবে প্রতিটি ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।
এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে আমদানিকারকের ট্যাগবিহীন বিভিন্ন বিদেশি প্রসাধনীও পাওয়া যায়। এসব পণ্যে নিজেদের ইচ্ছামতো উচ্চমূল্যের প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছিল।
এ ধরনের অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
৮৪ দিন আগে
সিলেটে দায়িত্বরত পুলিশের ওপর হামলা, এসআই আহত
সিলেটের দক্ষিণ সুরমায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাতে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাবনা পয়েন্টে নিয়মিত দায়িত্ব পালন করছিল দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল। এসময় অতর্কিতভাবে সংঘবদ্ধ একদল যুবক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের কাজে বাধা দেয় এবং দায়িত্বরত একজন এসআইকে লক্ষ্য করে আক্রমণ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় পুলিশ আরও জানায়, এর আগে বুধবার রাতে একটি পিকআপ ভ্যান অত্যন্ত বেপরোয়া গতিতে মদিনা মার্কেট এলাকা থেকে সুবিদবাজারের দিকে আসছিল। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সন্তোষ গাড়িটিকে থামার সংকেত দিলেও চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সার্জেন্ট সন্তোষ একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপটির পিছু নেন। পিকআপটি সুবিদবাজার, লালাবাজার, জিতু মিয়া পয়েন্ট এবং সেলফি ব্রিজ হয়ে অত্যন্ত বিপদজনকভাবে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বাবনা পয়েন্টে গিয়ে পিকআপটি একটি সিএনজিকে ধাক্কা দিলে স্থানীয় চালকরা গাড়িটিকে থামিয়ে ফেলে। পিকআপটি থামানোর পর স্থানীয়রা ও সিএনজি চালকরা ওই পিকআপ চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। এসময় সার্জেন্ট সন্তোষ সেখানে পৌঁছে পিকআপ চালক ‘ছিনতাইকারী হতে পারে’ এমন সন্দেহ প্রকাশ করলে উপস্থিত জনতা আরও উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় চালক মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। সে সময় আহত পিকআপ ভ্যানচালক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পুলিশ যখন তাকে উদ্ধার করতে যায়, তখন সে হঠাৎ শোয়া থেকে উঠে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে (এসআই) সজোরে ঘুষি মারেন। এরপর তিনি আবারও অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান এবং বমি করতে থাকেন।
হামলাকারী চালককে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক অসুস্থ থাকায় পুলিশ বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে, তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই হঠাৎ করে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৮৪ দিন আগে
রাজশাহীতে ইউপি চেয়ারম্যানকে মারধর করে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহীর দুর্গাপুরে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলীকে (৬২) মারধর করে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় এক ইউপি সদস্যসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ভুক্তভোগী।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের সময় প্রাণ বাঁচাতে আজাদ আলী মোটরসাইকেল ফেলে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, আজাদ আলী দুপুরে মোটরসাইকেলে শ্যামপুর বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করা ইউপি সদস্যসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী তার পথরোধ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তার কাছ থেকে ভিজিএফ কার্ডের তালিকাও ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চেয়ারম্যান আজাদ আলী অভিযোগ করেন, একই ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা তাকে মারধর করে এবং পরিষদের দাপ্তরিক কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেন।
হতদরিদ্রদের জন্য ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুত ও চাল বিতরণকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে আজাদ আলীর বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর।
নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর (শ্যামপুর) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, স্বচ্ছতার ভিত্তিতে চেয়ারম্যান ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুত করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য রেজাউল ইসলাম ও বিএনপি নেতা আফাজ আলী তার পথরোধ করে হামলা চালান।
তবে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম হামলার ঘটনা স্বীকার করেন। তবে তার দাবি, ভিজিএফ কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে ৫ হাজার টাকা দাবি করেছিলেন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে।
অন্যদিকে, আজাদ আলী এই অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা দাবি করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং রেজাউল ইসলামসহ কয়েকজন ব্যক্তি ২৪০ জনের একটি তালিকা তাকে দিয়েছিলেন। সেই তালিকা অনুযায়ী কার্ড দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, ঘটনাটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে জানিয়েছেন। তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৮৪ দিন আগে
কু্ষ্টিয়ায় ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ৩
কুষ্টিয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চল, কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
চঞ্চল জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ করেন তিনি।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, গতকাল রাত ১০টার দিকে চঞ্চল নামে এক যুবক সদর হাসপাতালে ভর্তি হন। তার মাথার পেছনে গুলি চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেলকে পাশ দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলিবর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৮৪ দিন আগে
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে নদীতে পড়ে যাওয়া তেলবাহী লরি উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া তেলবাহী (লরি) ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ক্রেন দিয়ে টেনে নদীতে ডুবে যাওয়ায় ট্রাকটি তীরে টেনে আনা হয়। উদ্ধারকৃত ট্রাকটি এখন উপরে তোলার কাজ করছে উদ্ধারকারীরা।
বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকচালক শরীফুল ইসলাম ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টায় আজ ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি টেনে তীরের কাছে আনা হয়।
বিআইডব্লিউটিএ-এর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ভোরে উদ্ধারকারী জাহাজ হামজা লরিটি উদ্ধার করলেও এখনও পন্টুনে তোলা সম্ভব হয়নি।
দশ চাকার লরিটি ১৭ হাজার লিটার তেল নিয়ে যশোর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরিতে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
৮৪ দিন আগে
গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৩
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন ধরে পাশের একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি মার্কেটের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় তিনজন দগ্ধ হন। আগুন ছড়িয়ে পড়লে ওই মার্কেটের কয়েকটি কক্ষের মালামাল পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল করিম জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
৮৪ দিন আগে