সারাদেশ
বরিশালে কোথায় কখন ঈদের জামাত
বরিশালে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল ৮টায় এ জামাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় এবং নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
৮ দিন আগে
মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে নৌ পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ জেলেদের মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—নুর ইসলাম জমাদ্দার (৫২) ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দার (৩১) এবং হারুন বিশ্বাস (৩৫)। গতকাল (মঙ্গলবার) সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ওই তিনজন নিখোঁজ হন।
হিজলা থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ চন্দ্র দাস জানান, ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ দিন আগে
কুমারখালীতে শ্রমিকদল নেতার খননযন্ত্রে আগুন, বালু ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (বুধবার) দুপুরে তাকে আদালতের কাছে সোপার্দ করা হয়। তিনি ওই গ্রামের একজন বালু ব্যবসায়ী।
এর আগে, গত রবিবার গভীর রাতে মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডলের (৪৯) প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে তিনি পরদিন সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। এরপর গতকাল (মঙ্গলবার) রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। পরে গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরেক আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা, প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। এতে তার মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। এরপর বিচারের আশায় তিনি থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার আয়ের অংশ ছিল। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
অভিযুক্ত শরিফুল পুলিশ হেফাজতে আর মাসুদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৮ দিন আগে
শেবাচিমের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত মো. আরাফাত মল্লিক (১০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ছিল। সে ঢাকার একটি মাদরসায় পড়াশোনা করত। অপর শিশু আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দ রোডস্থ চরের বাড়ি এলাকায় বসবাস করত। দুপুরে পরিবারের সবার অজান্তে সে বাসা থেকে বের হয়। এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে শেবাচিমের দিঘি থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।
অপরদিকে, আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে সে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে গিয়েছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শেবাচিমের দিঘির ঘাটে যান তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
৮ দিন আগে
কিশোরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের, আহত ২
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় তার দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় হামলাকারীরা।
বুধবার (২৭ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই এলাকার ফুল মিয়ার ছেলে। আহত দুই ভাই হলেন আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমান (২৫)।
স্থানীয়রা জানান, গভীর রাতে তারা তিন ভাই ঘোড়াউত্রা নদীতে রিংজাল (চায়না দুয়ারি) দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা অজ্ঞাত দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে নদীর পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে।
একপর্যায়ে সাইদুর পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিন ভাইকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুরকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, ভোর সাড়ে ৪টার দিকে সাইদুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
৮ দিন আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত, স্বস্তিতে চালক ও যাত্রীরা
ঈদের বাকি আর মাত্র একদিন। আজও নাড়ির টানে বাড়ি ফিরছেন দূরপাল্লার মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী, বাস ও ব্যাক্তিগত যানবাহনে চাপ রয়েছে। তবে তা গেল কয়েকদিনের থেকেও কিছুটা কম। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য এবং রোভার স্কাউটস সদস্যরা কাজ করে যাচ্ছেন।
বুধবার (২৭ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যানবাহন চলাচল করছে। আজও (বুধবার) রাজধানী থেকে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।
আজ বেলা ১১টায় এ প্রতিবেদন লেখার আগে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মহাসড়কের গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ারবাজার, মিয়ানমার, চৌদ্দগ্রাম, পদুয়াসহ বিভিন্ন বাজার ও স্টেশনগুলোতেও যানবাহনগুলো চলাচল স্বাভাবিক ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট পলাশ আহমেদ জানান, আজ সকাল থেকে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
৮ দিন আগে
সিলেটে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ
সিলেট মহানগরীতে এবার সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহানগরীর বালুচর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক ওই ব্যক্তি ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি তার নিজের সৎ মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। এই বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বৈঠক করে অভিযুক্ত ব্যক্তিকে জানালে তিনি তা অস্বীকার করেন। গতকাল (মঙ্গলবার) মেয়েকে ফের নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করলে তখন এলাকার লোকজন মিলে ওই ব্যক্তিকে আটক করেন। তখন স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তাকে শাহপরাণ (রহ.) থানায় আটক রাখা হয়েছে। ভুক্তভোগী মেয়ে ও তার অভিযুক্ত সৎ বাবা দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, গত বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
৮ দিন আগে
পর্যটক বরণে প্রস্তুত সিলেটের জাফলং-রাতারগুল
ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্তুমাইসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে পর্যটক কম থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েন। তবে ঈদকে কেন্দ্র করে এখন তারা নতুন করে আশাবাদী।
পর্যটন খাতের ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ আবাসিক হোটেল ও রিসোর্ট আগাম বুকিং হয়ে গেছে। ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটক আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা কয়েক কোটি টাকার ব্যবসার সম্ভাবনা তৈরি করবে।
সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঝরনা ও নদীগুলো নতুন রূপ ধারণ করায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কিছুটা ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. হোসেন মিয়া বলেন, ঈদের ছুটিতে পর্যটকের ব্যাপক সমাগম হবে বলে তারা প্রস্তুত রয়েছেন।
জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখত জানান, ঈদের সময় প্রায় সব হোটেল আগেই বুকিং হয়ে যায় এবং পর্যটকদের নিরাপদ ও স্বল্প খরচে থাকা নিশ্চিত করতে তারা কাজ করছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন।
৮ দিন আগে
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশব্যাকচেষ্টা মোকাবিলায় রাতভর সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্ত আইন লঙ্ঘন করে কথিত বাংলাদেশিদের পুশব্যাকের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বাহিনীটি।
মঙ্গলবার (২৬ মে) গভীর রাতেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশব্যাকচেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে ছিল বিজিবি সদস্যরা। একইসঙ্গে সীমান্ত এলাকায় মাইকিংও চালানো হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ‘বিএসএফের পুশব্যাকচেষ্টা নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমাদের সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন। গভীর রাতেও টহল চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, সীমান্তে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের পুশব্যাকের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
বিজিবির কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কাউকে পুশব্যাক করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। তবে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় বেশ কয়েকজন কথিত বাংলাদেশিকে জড়ো করা হয়েছে। ভারতীয় পুলিশের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসব ব্যক্তিকে ভারতীয় গণমাধ্যমের সামনে নিজেদের বাংলাদেশি পরিচয় দিতে দেখা গেছে। তাদের কেউ দাবি করেছেন, তারা ছয় মাস ধরে ভারতে ছিলেন, আবার কেউ ছয় বছর বা ২০ বছর ধরে সেখানে কাজ করছেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অনেকে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
৮ দিন আগে
ঝড়ো বাতাসে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
কালবৈশাখী ঝড়ে ১ ঘণ্টা বন্ধ থাকার পরে ফের স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল।
বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম আব্দুস সালাম জানান, আজ সকাল ৭টার দিকে ঘাট এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরিগুলোকে ঘাটে নোঙর করে রাখা হয়েছেল। সে সময় নদী পারাপারের যাত্রীরা ফেরিতেই অবস্থান করছিলেন।
ঝড়ো বাতাস থেমে যাওয়ায় সকাল ৮টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই নৌরুট দিয়ে ছোটবড় মিলিয়ে ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।
৮ দিন আগে