সারাদেশ
চট্টগ্রাম–কুমিল্লার বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে দুই মন্ত্রী
চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার নিয়ন্ত্রণে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন। পরে তিনি আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীদের বিস্তারিত জানান।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে ২ জন মারা গেছেন, ৭ জন চিকিৎসা নিচ্ছেন এবং একজন রোগী ভেন্টিলেশনে আছেন। আমি তাদের দেখে এসেছি। ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। অন্যদিকে কুমিল্লা থেকে সকালে একই পরিবারের ৪ জন এসেছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এখানে চিকিৎসকদের বলেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ‘গ্যাস লিকেজ থেকে সারাবছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের হালিশহরে গতকাল একটি ঘটনা ঘটেছে এবং আজকে সকালে কুমিল্লার দাউদকান্দিতে আরো একটি ঘটনা ঘটেছে। আমরা শিল্প মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থা মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয় একসঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে চাই। যাতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে নিয়ে আসা যায়। আমরা অল্প সময়ের মধ্যে তিন মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত গ্রহণ করব কিভাবে এই দুর্ঘটনাকে কমিয়ে আনা যায়।’
সাংবাদিকদের তিনি আরও জানান, ‘এই ঘটনাটি খুবই মর্মান্তিক শিশু বাচ্চা সহ নারীরা আহত হয়েছেন। আমাদের মন্ত্রণালয় থেকে যে ধরনের সাপোর্ট লাগে আমরা সেই ধরনের সাপোর্ট দেব।’
পরে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা নাসির উদ্দিন জানান, ‘আজকেও সেহরির পরে শিশু বৃদ্ধসহ বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। আমরা এই ধরনের ঘটনা আমরা প্রায়ই পাই। আমাদের এখানে চিকিৎসায় তাদের কোন সমস্যা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা চিকিৎসার ব্যাপারে সাহায্য পাব। আমাদের চিকিৎসায় কোন সমস্যা হবে না। সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাব।’
তিনি আরও বলেন, ‘আমাদের চট্টগ্রাম থেকে আগেই বিষয়টি জানানো হয়। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চিকিৎসকরা বিষয়টি জানতেন এবং আমাদের অতিরিক্ত জনবল ডিপ্লয় করা ছিল। চট্টগ্রাম থেকে আনার পথে একজন নারী এখানে মারা যায়। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। আইসিইউ ও এইচডিইউতে তাদের চিকিৎসা চলছে। ৮ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এলাকার এমপি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
১০০ দিন আগে
জামালপুরে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাহেন্দ্রর (ট্রাক্টর) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার যাত্রী আরও ৩ নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ক্ষুদ্র জোনাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিন (৮) জোনাইলের ফকিরবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় জামালপুর থেকে ৪ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে মাহেন্দ্রর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা চারজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিনকে মৃত ঘোষাণা করেন।
এছাড়া সামিরা (৪০), সেলিনা (৩৫) ও জাহিনের মা বিথিকে (৩৫) মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা প্রত্যেকেই জোনাইল গ্রামের বাসিন্দা।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই অটোরিকশার চালক সুজনকে (১৮) পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
১০০ দিন আগে
নারায়ণগঞ্জে কারগার থেকে বের হওয়ার পরই যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ইমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ‘সন্ত্রাসীরা’।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
নিহত ইমনের বাবা বলেন, দীর্ঘ কারাভোগের পর গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসে ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে ফোন করে তাকে বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে ফেরদৌস, সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও হৃদয়সহ অপর সন্ত্রাসীদের তাকে হাতে তুলে দেন। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন সে দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
তিনি বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও কারাগার থেকে জামিনে বের হয়ে এসেছেন। নিহত ইমন তার সঙ্গে ইলেক্ট্রিকের কাজ করতেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১০০ দিন আগে
সিলেটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত, আহত ২
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আহতরা হলেন—গিয়াস উদ্দিন সাদি (২২) ও ইয়ামিন (১৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) রাতে মোটরসাইকেলে করে তিনজন গোয়াইনঘাট সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই জসিম উদ্দিন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।
১০০ দিন আগে
কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, হুমায়রার শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
১০০ দিন আগে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে দগ্ধ সামির আহমেদ সুমন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুমনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং তার ইনহ্যালেশন ইনজুরি ছিল।
এর আগে, নুরজাহান আক্তার ও তার ছেলে শাওন নামে দুই জনের মৃত্যু হয়েছিল। দগ্ধ বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসক।
ডা. শাওন জানান, শাখাওয়াত ও পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাসের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে পর্যায়ক্রমে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মো. শিপন (৩১), মো. সামির আহমেদ সুমন (৪০), শাখাওয়াতের বড় ছেলে মো. শাওন (১৬), সামিরের বড় ছেলে মো. ফারহান আহমেদ আনাস (৬), শাখাওয়াতের ছোট মেয়ে মো. আইমান স্নিগ্ধা (৯), সামিরের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪), সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫) এবং শাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০)।
১০০ দিন আগে
রাতে শপিং মলে আগুন, খুলনায় পুড়েছে পাঁচ দোকান
খুলনা নিউমার্কেট-সংলগ্ন বায়তুন নুর শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুনে ওই মার্কেটের ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন।
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ৪টি এবং টুটপাড়া থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ওই মার্কেটের ৫টি দোকানে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে নিজের ধারণার কথা বলেছেন। তবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
১০০ দিন আগে
মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা—এই তিন বিষয়ে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে সব জেলা প্রশাসককের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মাঠ প্রশাসনকে ওই তিন বিষয়ে ছাড়াও মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা তুলে ধরার মতো নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রংপুর বিভাগের অনেক দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি রয়েছে। অন্যান্য বিভাগের তুলনায় এ বিভাগে অনেক প্রকল্প অন্তর্ভুক্তি হয়নি এখনও। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। মানুষ যাতে খুব সহজে সেবা পায়, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে মাঠ প্রশাসনের সঙ্গে।
তিনি বলেন, ‘বিগত সময়ে রংপুর বিভাগে বৈষম্য হয়েছে, যার কারণে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এবারে যাতে কোনো বৈষম্য না হয়, এই অঞ্চলের সন্তান হিসেবে বাজেটে সেই চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের প্রাক্কালে রংপুরে এসেছিলেন, তিনিও রংপুরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তারেক রহমান আরও বলেছেন, রংপুরের উন্নয়নে কলকারখানা স্থাপনসহ এই অঞ্চলকে আর পিছিয়ে পড়তে দেওয়া হবে না। তাছাড়া রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনের অঞ্চল, এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইনশৃঙ্খলা ভালো। তাই অপেক্ষা করেন, রংপুর অঞ্চলও অন্যান্য অঞ্চলের মতো সমভাবে উন্নত হবে।’
তিস্তা নদী প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা নদী নিয়ে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প হবে না। তিস্তা খনন, কিংবা তিস্তার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিস্তা নদী শাসন ও খননেন কাজ করা হবে। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। তাই অল্প সময়ের মধ্যে জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তিস্তা বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রশাসন এবং বিএনপির নেতারা।
১০১ দিন আগে
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক
চাঁদপুর জেলা শহরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদরাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ অন্য সদস্যরা সঙ্গে ছিলেন।
আটকরা হলেন— ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রায়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।
ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, আটকদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০১ দিন আগে
রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে আহত সেই যুবকের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আব্দুর রহিমকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহিমকে হাসপাতালে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে রড চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১০১ দিন আগে