বাংলাদেশ
পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতা পররাষ্ট্রনীতির মূল ভিত্তি: প্রধানমন্ত্রী
পারস্পরিক ‘শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার’ ভিত্তিতে বাংলাদেশ সকল দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্ব দেয়’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।’
সরকারের স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, নারীদের আরও বেশি ক্ষমতায়ন ও উৎসাহ প্রদান এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি আশা প্রকাশ করেন, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে যাবে।
১৪ ঘণ্টা আগে
পাটশিল্পের উন্নতি কর্মসংস্থান বাড়াবে: পাট প্রতিমন্ত্রী
বন্ধ পাটকলগুলো চালু করে পাটশিল্পের উন্নয়ন ঘটালে কর্মসংস্থান বাড়বে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পাট প্রতিমন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইজারা প্রক্রিয়ার মাধ্যমে এসব পাটকল চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে ইজারায় দেওয়া নয়টি পাটকলে প্রায় ৭ হাজার ২০০ জন কাজ করছেন, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
মো. শরীফুল আলম বলেন, কাঁচাপাট রপ্তানি তুলনামূলকভাবে অলাভজনক হওয়ায় সরকার প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধাও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পাটের সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতি গভীরভাবে জড়িত। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় পাট দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ মার্চ থেকে নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে পাটজাত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের পাটজাত পণ্য স্টার্টআপ ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ এবং ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে—স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং প্রচার করে এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করার। বাংলাদেশের পাটজাত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিন।
পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদাকে কাজে লাগাতে তিনি সংশ্লিষ্ট অংশীজনদের পাট খাতে উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্যোক্তা, কৃষক, গবেষক এবং ব্যবসায়ীসহ পাট খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি সোনালী আঁশ পাটকে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পাট কেবল একটি কৃষি ফসল নয়, এটি একটি শিল্প ও রপ্তানি পণ্য। সর্বোপরি, এটি একটি প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব আঁশ।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এক সময় বিশ্ববাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকারক প্রভাবের বর্তমান প্রেক্ষাপটে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিশ্ব এখন টেকসই এবং পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে, যা বাংলাদেশের পাট ও পাটভিত্তিক শিল্পের জন্য সুযোগের একটি নতুন জানালা খুলে দিয়েছে।
সরকারের উন্নয়ন এজেন্ডা তুলে ধরে মো. সাহাবুদ্দিন বলেন, খাতভিত্তিক অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার রুগ্ন ও বন্ধ পাটকল এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।
রাষ্ট্রপতি পাট খাতের আধুনিকায়ন, গবেষণা সম্প্রসারণ, উচ্চফলনশীল পাটের জাত উদ্ভাবন এবং পাটের বহুমুখী ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে, যার ফলে ১১ লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন এবং পাট চাষসহ কৃষি খাতে নতুন গতিশীলতা তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি আরও জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার।
তিনি পাট চাষিদের উন্নত ও উচ্চফলনশীল চাষ পদ্ধতি গ্রহণ এবং মানসম্পন্ন আঁশ উৎপাদনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি উদ্যোক্তাদের বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, উদ্ভাবনী এবং সাশ্রয়ী পাটজাত পণ্য তৈরির পরামর্শ দেন। সাধারণ মানুষকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ বর্জন করে সাশ্রয়ী পাটের ব্যাগ ও অন্যান্য পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের অনুরোধ জানান রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভার্চুয়ালি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে ১২টি ক্যাটাগরিতে মোট ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম, সচিব বিলকিস জাহান রিমি, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি আবুল হোসেন বক্তব্য রাখেন।
১৯ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশজুড়ে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণে কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বেকার যুবকদের বিদেশের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশি-বিদেশি উভয় ধরনের শিক্ষকদের সমন্বয়ে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন, যাতে বেকার যুবকরা বিভিন্ন ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ দ্রুত সম্প্রসারণের উপায় এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নূরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ‘বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংকঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।’
তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই
রুমন বলেন, উন্নত দেশের বিমানবন্দরের মতো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালুর জন্য প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
ঢাকা-১৭ আসনের মন্দির সংস্কার
সহকারী প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন আগামী শনিবার থেকে মন্দিরের সংস্কার কাজ শুরু হয়।
তিনি আরও বলেন, আগামী শনিবার বেলা ১১টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক আব্দুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিতিতে এই কাজ শুরু হবে।
১ দিন আগে
ইরান যুদ্ধের ৬ দিনে ঢাকার ২১০ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধপরিস্থিতি ও নিরাপত্তার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের ৪টি, কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত), ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটস ৪টি, ইউএস-বাংলা ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি ও ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
১ দিন আগে
ঈদে বাসে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সভা শেষে তিনি এ কথা জানান।
ঈদ আসলেই পরিবহনের ভাড়া বেড়ে যায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে একটি টাকাও বেশি নিলে আমাদের জানান, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটার নিয়ন্ত্রণ যেকোনো মূল্যে করা হবে।
সভায় পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন, তারা ভাড়া বেশি নেবেন না বলে নিশ্চিত করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারিত নেই তারা ইচ্ছামতো ভাড়া নেয়, এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কোনো বাসেরই ইচ্ছেমতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়া অনুমোদিত কিনা, সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেবে, ইচ্ছেমতো কোনো ভাড়া নিতে পারে না।
আপনি কী তাহলে বলছেন ঈদের সময় কেউ অতিরিক্ত ভাড়া নিলে, সেই বাস কোম্পানির বিরুদ্ধে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, আসলে নয়, সত্যিকার নেব। সেটা আপনারা দেখতে পাবেন।
কি ধরনের ব্যবস্থা নেবেন এ বিষয়ে তিনি বলেন, যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে রুট পারমিট বাতিল করা হবে। ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে।
১ দিন আগে
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ভ্যাটিকানের শুভেচ্ছা
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ভ্যাটিকান থেকে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, এক ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে মুসলমানরা রমজান, আধ্যাত্মিক সাধনা, আত্মসংযম ও প্রার্থনার মাধ্যমে জীবনকে গভীরতর করেন। এ বছর রমজান মাসেই খ্রিস্টানদের উপবাসকাল পালিত হচ্ছে, যা উভয় ধর্মাবলম্বীদের জন্য নৈকট্য, সহমর্মিতা, সৌহার্দ্য ও শ্রদ্ধা প্রকাশের সুযোগ এনে দিয়েছে।
বার্তায় সংকট ও চ্যালেঞ্জের সময়েও সহিংসতার পরিবর্তে ন্যায়, দয়া ও উত্তম পথে চলার আহ্বান জানানো হয়।
মুসলিম ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করে ন্যায়, মর্যাদা ও শান্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়।
মুসলিম সম্প্রদায়, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলের জন্য শান্তি, কল্যাণ ও আশীর্বাদ কামনা করা হয়েছে ভ্যাটিকানের পাঠানো বার্তায়।
১ দিন আগে
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা পুরস্কার’ দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হচ্ছে।
এছাড়া অন্যরা হলেন— মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ভূমিকার জন্য অধ্যাপক ড. জহুরুল করিম, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবা বা জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর); জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে— মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবা বা জনসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
১ দিন আগে
রোহিঙ্গা ও কক্সবাজারের কৃষকদের সহায়তায় ডব্লিউএফপিকে ৬৭ লাখ ডলার দিল জাপান
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় ক্ষুদ্র কৃষকদের সহায়তায় জাপান সরকারের কাছ থেকে ৬৭ লাখ ডলার নতুন অনুদান পেয়েছে বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সহায়তার মাধ্যমে ডব্লিউএফপি রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য পুষ্টি সেবা প্রদান করা হবে। একইসঙ্গে কক্সবাজারের আশপাশের স্থানীয় ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়ন ও সহনশীলতা বাড়াতে ‘অ্যাগ্রিগেশন সেন্টার’ মডেলের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। এসব কেন্দ্রে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য একত্র করে সহজে স্থানীয় বাজারে যুক্ত হয়ে মানবিক সহায়তায় অংশগ্রহণও করতে পারেন। এর ফলে তাজা শাকসবজি, ডিম ও চালসহ স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য রোহিঙ্গা পরিবারগুলোর কাছেও পৌঁছানো সম্ভব হয়ে থাকে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। ডব্লিউএফপির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টি এবং রোহিঙ্গা পরিবারগুলোর সামগ্রিক কল্যাণে অবদান রাখতে চাই। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন ও বাজারে প্রবেশ-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে স্থানীয় বাংলাদেশিদের খাদ্য নিরাপত্তা জোরদার করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
ডব্লিউএফপির সহায়তায় রোহিঙ্গা পরিবারগুলো প্রতি মাসে খাদ্য ভাউচার পান, যার মাধ্যমে তারা নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারেন। পাশাপাশি তাজা শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবারও সংগ্রহ করতে পারেন।
পুষ্টি কর্মসূচির আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং ছোট শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসা সেবা দিয়ে থাকে ডব্লিউএফপি। এর মধ্যে রয়েছে বিশেষ পুষ্টিপণ্য বিতরণ, শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, পুষ্টি শিক্ষা ও আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রম।
১ দিন আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক রতন
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগপন্থি আইনজীবী সমন্বয় পরিষদের একজন সহ-সভাপতিসহ বাকি ৫টি পদে জয়ী হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। তিনি পেয়েছেন ১৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তিনি টানা ষষ্ঠ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। আওয়ামী লীগ-সমর্থিত সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আতিকুর হক বুলবুল ১৬৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
এদিকে, আওয়ামী লীগ-সমর্থিত সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদ আওয়ামী বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৮২ ভোট।
নির্বাচনে ১৪টি পদের মধ্যে মোট ১১টি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রার্থী দিয়েছিল। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট এ এম ছাদ্দাদুল হক।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অডিটর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল। পাশাপাশি সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম জয়ী হয়েছেন।
বাকি ৫টি পদে আওয়ামীপন্থি সমন্বয় পরিষদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন: সহ-সভাপতি অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. আবু সাইম । সদস্য পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. কোরবান আলী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া।
১ দিন আগে