বাংলাদেশ
মানুষের ভাগ্য পরিবর্তনে স্বপ্ন নয়, পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার শুধু স্বপ্ন দেখতে চায় না, বরং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য একটাই—আমরা স্বপ্ন দেখতে চাই না; পরিকল্পনা গ্রহণ করতে চাই, যে পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে; যে পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ৪৮ বছর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনর্খননের এই অনুষ্ঠান। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।
বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১৯ দিন আগে
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলার শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিকেল পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খাল পুনর্খননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কেন্দ্রী বিএনপি নেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃতির জলাধার সংরক্ষণ, ফসল উৎপাদনের জন্য খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা ।
এর আগে, ঢাকা থেকে বিশেষ বুলেট প্রুফ বাসে করে দুপুর ১টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছান তারেক রহমান। সেখানে এক পথসভায় বক্তব্য শেষে তিনি চাঁদপুরের শাহরাস্তিতে আসেন। প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনর্খননের মাধ্যমে জেলায় এ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
স্থানীয় প্রবীণ হানিফ পাটোয়ারী, মোস্তফা খান, শাহ আলম তালুকদার, শাহাদাত হোসেন গং, জয়নব ভানু, ফারজানা বেগম ও খালেদা বেগম জানান, ১৯৭৭-৭৮ সালে চাঁদপুরে সরকারি সফরে এসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। সে সময় তিনি নিজেও খোর্দ্দ খাল খনন কার্যক্রমে অংশ নেন। এতে ৭/৮ কিলোমিটার এলাকার দুপাশের হাজার হাজার চাষিদের সেচ পানির সুবিধা হয়। প্রায় ৪৮ বছর পর তার খনন করা সেই খাল পুনর্খননের কাজ শুরু হলো তারই ছেলে তারেক রহমানের মাধ্যমে।
চাঁদপুরের একাধিক কৃষিবিদ ইউএনবিকে জানান, এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করবে—এমনটাই আশা করা হচ্ছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহরাস্তি, মতলব, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদরসহ আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তারা দলে দলে প্রচণ্ড রোদ ও তাপদাহ উপেক্ষা করে হেঁটে হেঁটে স্লোগান দিতে দিতে চাঁদপুর শহরের সভাস্থলে আসেন। তাছাড়া, চাঁদপুর–কুমিল্লা মহাসড়কের দুপাশে তারেক রহমানকে এক নজর দেখার জন্য শত শত মা বোন ও শিশুরা অপেক্ষা করতে দেখা যায়।
অপরদিকে, সদরের ঘোষের হাট বিশ্বখালেরও খননকাজের উদ্বোধন উপলক্ষে খালটির পাড়ে অনুষ্ঠানস্থলে সহস্র নারী-পুরুষের ঢল দেখা যায়। সেখানে অপেক্ষমান রয়েছেন সদরের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
১৯ দিন আগে
এআই ও ৫জি নিয়ে বড় পরিকল্পনা সরকারের, টেলিকম খাতে স্বচ্ছতার প্রতিশ্রুতি
দেশের টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার এখন ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘খুবই গুরুত্বের সঙ্গে’ কাজ করছে।
তিনি বলেছেন, উপজেলা পর্যায়ে সেন্টার গড়ে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনগণের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে বিমানবন্দরগুলোতে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট চালু করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিআরএনবি আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আমরা ৫জি নিয়ে ভাবছি। এআই নিয়ে খুবই সিরিয়াস। উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখাতে চাই।
সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, তিন মাসের মাথায় সরকার জনগণের কাছে সেবা নেওয়ার জন্য রেলস্টেশনের পর বিমানবন্দরগুলোকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট করে দিয়েছে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তবে নির্বাচিত সরকার হিসেবে আমাদের কিছু দায়িত্বও আছে।
টেলিকম খাতে সাংবাদিকদের ভূমিকার প্রসঙ্গ টেনে ফকির মাহবুব আনাম তথ্য-উপাত্তভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, আপনারা এমন কিছু করেন যেন আমরা ভয়ে থাকি।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা গেলে ভবিষ্যতে টেলিটক গ্রামীণফোনকেও ছাড়িয়ে যেতে পারে।
তিনি জানান, টেলিটক বিক্রি না করে সরকার-টু-সরকার (জিটুজি) অথবা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিনিয়োগ আনার চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, সবার জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ফাইবার ও স্যাটেলাইট সংযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। একইসঙ্গে এআই, ক্লাউড ও সাইবার নিরাপত্তা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম।
১৯ দিন আগে
কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা প্রধানমন্ত্রীর
কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এবং কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৬-১৭ বছর দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেত, মামলা হতো, ধরে নিয়ে যেত। যারা এসব করতো দেশের মানুষ ২০২৪ সালে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে।’
সবার প্রতি দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ শহীদ হয়েছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের দেশ গড়ার পালা।
তারেক রহমান বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এ দেশের মানুষ। সেই স্বৈরাচারের কবল থেকে এদেশের মানুষ দেশকে মুক্ত করেছে।’
এ সময় কুমিল্লা বিভাগ চেয়ে বিএনপি নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় সভাস্থল।
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ দেশের মালিক। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়, সেটি বাস্তবায়ন হবেই।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার মানুষ কৃষিনির্ভর। তারা কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবি তুলেছেন। আমি শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসব, যাতে যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করা যায়। তবে সকলকে ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। গত ১৭ বছরে দেশকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা ধীর ধীরে সকল দাবি বাস্তবায়ন করব, কিন্তু ধৈর্য ধরতে হবে।’
সরকারপ্রধান বলেন, আমি আজকে চাঁদপুর যাচ্ছি। খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। নির্বাচনের আগে আমরা এসব প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা বলেছিলাম ইমামদের, ধর্মীয় গুরুদের সম্মানিত করব। আমরা সে কাজ শুরু করেছি। ধাপে ধাপে আপনাদের সকল দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দেশ গঠনে সবাইকে পরিশ্রম করতে হবে। আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে, কুমিল্লার লাকসামের মুদাফ্ফরগঞ্জের আরেকটি পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে এক বছরের মধ্যে তিনি ৫০ লাখ মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বাজেটেও ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দের কথাও বলেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়াসহ আরও অনেকে।
১৯ দিন আগে
কুমিল্লায় পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
চাঁদপুর সফরের পথে কুমিল্লায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরইমধ্যে কুমিল্লায় পৌঁছে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দিয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী পথসভার মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।
অভিবাদনের জবাবে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। পথে তিনি এ পথসভায় অংশ নিচ্ছেন এবং এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।’
আজ সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিল সহকারে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা লক্ষ্মীপুর বাজার মাঠে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পথসভাটি বড় জনসমাবেশে রূপ নেয়।
১৯ দিন আগে
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে হামলা ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ।
শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা ওই যুবকের ছবি প্রকাশ করে ডিএমপির বার্তায় বলা হয়, কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে বার্তায় নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে সড়ক থেকে টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
ওই ঘটনার পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন। এছাড়া, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা।
১৯ দিন আগে
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ জানান, তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
মিজানুর রহমান সিনহার মেয়ে তাসনিম সিনহাও সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসন থেকে বিএনপি তাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল। তবে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি থাকায় পরে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন এনে তার পরিবর্তে দলটির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার বাবা হামিদুর রহমান সিনহা এবং মা নূরজাহান সিনহা।
শৈশবের একটি অংশ কলকাতায় কাটানোর পর তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে পরিবার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিজানুর রহমান সিনহা। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুন্সীগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
১৯ দিন আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩০৩
দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩টি শিশু।
শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪টি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৭৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৪৫১টি শিশু মারা গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৯২। এই সময়ে ১ হাজার ৩০৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪০ হাজার ১৭৬ রোগী, যাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
২০ দিন আগে
আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল (শনিবার) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে খাল পুনর্খনন ও ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি জানান, সড়কপথে এসে প্রধানমন্ত্রী দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার খোদ্দাখাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট গ্রামে বিশ্বখাল পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন তিনি। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সদর উপজেলার মেঘনা পাড়ের দুর্গম চর রাজরাজেশ্বরের ৬ শতাধিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এমপি মানিক বলেন, ‘আমাদের দাবি হচ্ছে চাঁদপুর-হাইমচরের সার্বিক উন্নয়ন। এর মধ্যে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপন এবং একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যাতে চাঁদপুর সদর, হাইমচর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরের শতসহস্র নদীসিকস্তি এলাকার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘ইপিজেডের জন্য ২০০ থেকে ২৫০ একর জমির প্রয়োজন। এটি বাস্তবায়িত হলে কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে। আশা করি, প্রধানমন্ত্রী এটি করে দেবেন।’
ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। তবে ফ্যাসিবাদী কিছু লোক এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমাদের আরেকটি দাবি হচ্ছে, মতলব উত্তরের ষাটনল থেকে চাঁদপুর সদর হয়ে হাইমচর উপজেলার জালিয়ারচর পর্যন্ত মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নদীপাড়ের অব্যাহত ভাঙন রোধে স্থায়ী নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাঁধ নির্মাণ হলে নদীভাঙনে আর কেউ গৃহহারা হবে না, সহস্র গৃহহীন মানুষের বুকফাটা কান্না থেমে যাবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হওয়ার পর নদীবন্দর চাঁদপুরে এটিই তারেক রহমানের প্রথম সফর। চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনই বিএনপির দখলে রয়েছে।
এমপি মানিক বলেন, ইতোমধ্যে এ সফরকে কেন্দ্র করে জেগে উঠেছে চাঁদপুর সদর ও শাহরাস্তির সর্বস্তরের জনগণ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এ সময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আ মান্নান, জেলা পরিষদের প্রশাসক সলিম উল্লাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।
২০ দিন আগে
সিরাজগঞ্জের এতিম শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জের দুই এতিম শিশু রায়হান ও রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও; নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন’–শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
এরপরই প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু দুটির খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু দুটির বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এবং উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে প্রতিনিধিদলটি রায়হান ও রোহানের পরিবারের সঙ্গে কথা বলে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পড়াশোনা চালিয়ে নিতে এককালীন ও মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান শৈশবেই বাবাকে হারায়। গত চার মাস আগে তাদের মায়েরও মৃত্যু হয়। বর্তমানে তারা বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে জরাজীর্ণ একটি ঘরে অতি কষ্টে দিনাতিপাত করছে। অর্থাভাবে শিশু দুটির পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল।
২০ দিন আগে