বাংলাদেশ
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অধ্যাপক ইউনুসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন ওই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।
শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমান রাখেন। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে যাদের আসামি করা হয়েছে তারা হলেন: বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং কর্মকর্তা মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, অফিসার কমান্ডিং ম্যানটেইনেন্স গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির উপদেষ্টা নুরনবী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ফিল্ড সুপারভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয় সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, এর মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী।
পরবর্তীতে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর তখনকার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। তাতে বলা হয়েছিল, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল।
২৮ দিন আগে
জিয়া শিশু-কিশোর সংগঠন এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়া শিশু-কিশোর সংগঠন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাহিত্য, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, আজ ৭ মে, একটি ঐতিহাসিক দিন। জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
তিনি বলেন, এই সংগঠন এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে। গত পতিত (সরকার), গণহত্যাকারী গায়ের জোরে তিনটা নির্বাচনে তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভোক্তি করেছে, তা আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহিদ হয়েছে, তাদের উপহাস করেছে। এ কারণেই তারা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জিয়া শিশু-কিশোর সংগঠন নিয়ে তিনি জানান, যে আদর্শ ও লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সেই আদর্শ ও লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় সংগঠনটি শত শত নেতা-কর্মী তৈরি করেছে, যারা পরবর্তীতে বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আমরা মনে করি, বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে এ দেশের গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মকাণ্ডে এই সংগঠনটি যেভাবে যুক্ত, তার ভেতর দিয়েই শত শত নেতা-কর্মী তৈরি হয়েছে, যারা পরবর্তীতে বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত হয়েছেন।
সংগঠনটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি।
এ সময় জিয়া শিশু-কিশোর সংগঠন ঢাকা দক্ষিণ, জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২৮ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্ফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন দেশের বিভিন্ন ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা ও কল্যাণমূলক ব্যবহারের বিষয়ে কাজ করে থাকে।
২৮ দিন আগে
রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইমন (১৯) নামের এক যুবক আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, কোনাপাড়া বাঁশেরপুর পেপার মিল গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল ও তার বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে নাজমুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
২৯ দিন আগে
অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সাঁড়াশি অভিযান, মামলা ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।
সম্মেলনে মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রাক-নির্বাচনি সময়ে জনসাধারণকে যেসব লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা দিতে বলা হয়েছিল, সেই অস্ত্রগুলো এখনও ফেরত দেওয়া হয়নি। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যাতে শিগগিরই সেগুলো ফেরত দেওয়া হয়।
তিনি জানান, চিঠিতে তিন ক্যাটাগরিতে আগ্নেয়াস্ত্র ফেরতদিতে নির্দেশ দেওয়া হয়েছে: (১) ২০০৯ সালের ৬ জানুয়ারির আগে লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, (২) ২০২৪ সালের ৫ আগস্টের পর লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র এবং (৩) ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যুকৃত লাইসেন্সসমূহ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ইতোপূর্বে গঠিত কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে যেসব লাইসেন্স নীতিমালা মোতাবেক ইস্যু হয়েছে মর্মে প্রতীয়মান হবে, সেসব লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান, মামলা ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন ঈদুল আজহা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সড়ক-মহাসড়কের ওপর এবং রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন থাকবে এবং পুলিশ বডি-ওর্ন ক্যামেরা নিয়ে টহল দেবে।
তিনি আরও জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ফেরিঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।
চামড়া শিল্প রক্ষায় সরকারের বিশেষ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে বিনামূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করা হবে যাতে তৃণমূল পর্যায়েই সাত দিন পর্যন্ত চামড়া সংরক্ষণ করা যায়। ঢাকার প্রবাহিত বর্জ্য পরিশোধন কেন্দ্র (ইটিপি) সিস্টেমের ধারণক্ষমতা বিবেচনায় চামড়াগুলো যাতে সাত দিন পর ক্রমান্বয়ে ঢাকার দিকে আনা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে জেলাপ্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
২৯ দিন আগে
অবশেষে ক্রুড অয়েলবাহী জাহাজ কুতুবদিয়ায়, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে এসেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। এতে করে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পুনরায় উৎপাদন শুরু হওয়ার পথ তৈরি হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে জাহাজটি তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে।
বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আবহাওয়াসহ অন্যান্য সবকিছু ঠিক থাকলে রিফাইনারিতে তেল সরবরাহ হলে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যা থেকে পাঁচটি ইউনিটে পুরোদমে উৎপাদনে যাওয়া যাবে।’
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মার্চ ও এপ্রিলজুড়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় কাঁচামালের অভাবে রিফাইনারির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নির্ধারিত জাহাজগুলো না আসায় অপরিশোধিত তেলের মজুত দ্রুত কমে যায়, ফলে কর্তৃপক্ষকে প্রথমে উৎপাদন কমাতে এবং পরে পুরোপুরি বন্ধ করতে হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, তেলের চালান নিয়ে জাহাজটির মূলত সৌদি আরবের রাস তানুয়া বন্দর থেকে ছাড়ার কথা ছিল। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি ২৪ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে রওনা হয়।
বিকল্প এই রুট এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে আমদানি ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। চালানটির মূল্য প্রায় ১০ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকা), যেখানে প্রতি ব্যারেল তেলের মূল্য পড়েছে ১২৬ দশমিক ২৮ ডলার। পাশাপাশি লজিস্টিক পরিবর্তনের কারণে অতিরিক্ত প্রায় ৬০৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
দেশীয় জ্বালানি বাজারের জন্য রিফাইনারিটির পুনরায় সচল হওয়া গুরুত্বপূর্ণ। কারণ অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রোলসহ বিভিন্ন জ্বালানির মাধ্যমে ইআরএল দেশের মোট জ্বলানি তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ সরবরাহ করে। অবশিষ্ট ৮০ শতাংশ জ্বালানি চাহিদা পরিশোধিত পেট্রোলিয়াম সরাসরি আমদানির মাধ্যমে পূরণ করে থাকে সরকার।
২৯ দিন আগে
বজ্রপাতে তিন জেলায় ৫ প্রাণহানির খবর
সারা দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই মাঠে ধান কাটা ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে নওগাঁ, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় এ ঘটনাগুলো ঘটে বলে ইউএনবির জেলা প্রতিনিধিরা জানিয়েছেন।
নওগাঁয় তিন কৃষক নিহত
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন।
আজ (বুধবার) বিকেলে ধান কাটার সময় এই দুর্ঘটনাগুলো ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার কুড়াপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হন।
অন্যদিকে, নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ উপজেলায় আরও দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় রফিকুল ইসলাম নামে এক শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান ঘরে তোলার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে এক ব্যক্তি মারা যান।
প্রাকৃতিক দুর্যোগে নিহত এই তিন ব্যক্তির পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে প্রাণহানি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে মো. ওবাইদুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজের জমিতে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
লালমনিরহাটে ভুট্টাখেত থেকে ফেরার পথে কৃষকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ইউসুফ আলী ওই এলাকার আকবর আলীর ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষে বৃষ্টির হাত থেকে বাঁচতে দ্রুত বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতের শিকার হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষি-সংশ্লিষ্ট ও স্থানীয় প্রশাসন মাঠে কর্মরত কৃষকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
২৯ দিন আগে
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর পুশইন ঠেকাতে বিজিবিকে নির্দেশ দিয়েছে সরকার
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর বাংলাদেশে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ কাউকে বাংলাদেশি সন্দেহ করে সরাসরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ‘পুশইন’ নামে পরিচিত।
দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি—বিজেপির বিজয়ের পর বাংলাদেশে মুসলমানদের পুশইন বাড়বে কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড (বিজিবি) যেন একটু অ্যালার্ট (সতর্ক) থাকে, সে ব্যাপারে আমরা গতকাল তাদের নির্দেশ দিয়েছি। (পুশইনের) সেই রকমের সম্ভাবনা দেখি না, তারপরও যদি হয়, তা যেন মোকাবিলা করতে পারে, সেজন্য আমরা আগে থেকে বিজিবিকে সতর্কতা অবলম্বন করতে বলেছি। তবে আমার মনে হয় না, সেরকম কোনো ঘটনা ঘটবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে—জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের প্রধানতম দায়িত্ব। সেজন্য পুলিশ, জেলা প্রশাসন সবাই সমন্বয় করেই কাজটা করে থাকে এবং ক্ষেত্রবিশেষে বিচার বিভাগের সঙ্গেও তারা সুসমন্বয় করে। এটা কোনো নির্দেশনার বিষয় নয়, এটা তাদের কাজের আওতা পরিধির মধ্যে পড়ে।
মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা জিরো টলারেন্স এজন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে অনলাইন জুয়া—এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ভারসাম্য নষ্ট হবে।
‘অনলাইন জুয়ার অ্যাপ তো প্রকাশ্যে চলছে’ উল্লেখ করা হলে তিনি বলেন, এগুলো বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সিআইডি সবাই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা যতই এগিয়ে যাচ্ছি, ইন্টারনেটভিত্তিক, প্রযুক্তিনির্ভর এ দুনিয়ায় অপরাধের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। এগুলোকে মোকাবিলা করার জন্য আমরা একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি, ওইসব ওয়েবসাইটগুলো ব্লক করার চেষ্টা করছি। আর এই সমস্ত অপরাধগুলো তো আগে এত বিস্তৃত ছিল না, সেজন্য হয়তো আগের সরকারগুলো সেভাবে বিষয়টি আমলে নেয়নি। তবে এখন এটা আমাদের অগ্রাধিকার। জুয়া, অনলাইন জুয়া, মাদক—এগুলো অগ্রাধিকারভিত্তিতে বন্ধ করতেই হবে।
২৯ দিন আগে
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে। তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতোমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আপনারা জানেন যে আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতোমধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী-এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, আমরা হয়তো এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারব। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির দিকে আমরা এই কর্মসূচি চালু কর।
মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।
পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রায় এক ঘণ্টার এ বৈঠকটি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানিসম্পদ ব্যবস্থাপনার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভ্যবতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী।
২৯ দিন আগে
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি সম্পন্ন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
গত ৪ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছিল হাইকোর্টের আরেকটি বেঞ্চ। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত ওই হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
২৯ দিন আগে