বাংলাদেশ
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান বর্তমান সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে শীর্ষে, যেখানে ফ্রিল্যান্সিংসহ আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, ফ্রিল্যান্সারদের নিয়ে আমরা কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করেছি। প্রশিক্ষণের শুরুতেই অংশগ্রহণকারীদের জন্য প্রোফাইল খোলা হয়, যেখানে তাদের আয় ও অগ্রগতির তথ্য সংরক্ষণ করা হয়। এ সময় তিনি নিজে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরেন।
৬৪ দিন আগে
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের আল রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলায় এর আগে আরও দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ১ মার্চ একটি বেসামরিক স্থাপনায় আকাশপথের হামলার ধ্বংসাবশেষের আঘাতে সালেহ আহমদ নামে এক বাংলাদেশি প্রাণ হারান। তার বাড়ি সিলেটের বড়লেখা উপজেলায়।
এছাড়া গত ৮ মার্চ সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি মিসাইল হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত এবং ১২ জন আহত হন। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করে।
কুয়েতেও একটি বেসামরিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।
৬৫ দিন আগে
জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত তেল ও বাকি এক লাখ ৬০ হাজার টন ডিজেল।
মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।
একই পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’-এর কাছ থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনারা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল ০.৫ শতাংশ ‘এস’ (ডিজেল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের লক্ষ্যে এসব প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এদিকে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হংকং-এর ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠক থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার আর একটি প্রস্তাবও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার আর একটি প্রস্তাব আনা হলেও, সেটিও আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
৬৫ দিন আগে
জ্বালানি সংকটে স্কুলে অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাসের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে ক্লাস চালু করার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে এবং আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকট কেবল বাংলাদেশকেই প্রভাবিত করছে না এবং এটি কতদিন চলবে তাও আমাদের জানা নেই। সে কারণেই আমরা আমাদের স্কুল ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনা এবং একটি সমন্বিত পদ্ধতি অবলম্বনের কথা ভাবছি।
তিনি উল্লেখ করেন যে, রমজানের ছুটি এবং বিভিন্ন পরিস্থিতির কারণে ইতোমধ্যে স্কুলের স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হয়েছে। মন্ত্রী বলেন, আগে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতো। এখন অনেক সময় নষ্ট হওয়ায় আমরা স্কুল ছুটির দিন কমিয়ে সপ্তাহে ছয় দিন ক্লাস করার কথা ভাবছি। একইসঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে নির্দিষ্ট কিছু সময়ে অনলাইন ক্লাসের বিষয়েও ভাবা হচ্ছে।
এহছানুল হক মিলন জানান, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৮৫ শতাংশ উত্তরদাতা অনলাইন শিক্ষার সুযোগ চান। তবে তিনি সতর্ক করে বলেন, পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে গেলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। তাই সরকার একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির কথা চিন্তা করছে।
এর আগে, সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
৬৫ দিন আগে
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী
দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য রেজা আহাম্মেদের (কুষ্টিয়া-১) সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কৃষিখাতে সার্বিক সহায়তা প্রদানে সরকার কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার একটি ‘প্রাক-পাইলটিং’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আওতায় প্রতি কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। এই অর্থ সার, বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের জন্য ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে বিতরণ করা হবে।
মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে ৪০১ দশমিক ৬০ কোটি টাকা ছাড় করা হয়েছে, যার ফলে প্রায় ২৫ লাখ ২২ হাজার কৃষক বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সুবিধা পেয়েছেন।
এছাড়া কৃষকদের আর্থিক বোঝা কমাতে জনপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে সরকার। ১ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগের ফলে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে মন্ত্রী জানান, সেচ ব্যবস্থার উন্নয়ন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করার একটি বিশাল প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।
প্রয়োজনীয় উপকরণের সরবরাহ প্রসঙ্গে আমিন উর রশিদ বলেন, সরকার সার এবং সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছে। চলতি অর্থবছরে সরকার ভর্তুকি মূল্যে ২৬ লাখ টন ইউরিয়া, শূন্য দশমিক ৯৫ লাখ টন টিএসপি, ১ দশমিক ০৫ লাখ টন এমওপি এবং ১ দশমিক ৬৮৫ লাখ টন ডিএপি সার সরবরাহ করেছে।
কৃষিপণ্য সংরক্ষণে সরকারের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান কৃষকের উৎপাদিত শাক-সবজি ও ফলমূল সংরক্ষণের জন্য দেশে ১৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। এছাড়া আলু সংরক্ষণের জন্য ৭০৩টি মডেল আলু সংরক্ষণাগার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৮০০টি মডেল পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে।
কৃষিমন্ত্রী উল্লেখ করেন যে, এসব নীতির ফলে ধান, ভুট্টা, আলু ও সবজির উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সরকার এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।
৬৫ দিন আগে
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে শিগগিরই প্রকাশ করা হবে: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী
জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদীনের করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের অমুক্তিযোদ্ধা, যারা ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে অবৈধভাবে লাভবান হয়েছেন, তাদের চিহ্নিত করতে কাজ করছি।
বিগত সরকারের সময়ে অনিয়মের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের সনদ স্থগিত করা হয়েছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, এ কাজগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে জাতির সামনে উপস্থাপন করব।
৬৫ দিন আগে
ইস্টার সানডেতে সরকারি ছুটির নীতিগত স্বীকৃতির দাবি
ইস্টার সানডেকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। আয়োজকদের মতে, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এ দিনটি ছুটির আওতায় না থাকায় খ্রিষ্টানদের জন্য পূর্ণাঙ্গভাবে ধর্মীয় আচার পালনে বাস্তবিক সীমাবদ্ধতা তৈরি হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনটির নেতৃরা ছাড়াও বিভিন্ন গির্জা ও খ্রিষ্টান সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা আর্চবিশপ হাউজের পরিচালক ফাদার আলবার্ট টি রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা এবং যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা প্রমুখ।
সভাপতির বক্তব্যে নির্মল রোজারিও বলেন, ‘ইস্টার সানডে খ্রিষ্টান বিশ্বাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এটি কর্মদিবস হিসেবে থেকে যাওয়ায় বহু মানুষকে ধর্মীয় কর্তব্য ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে বেছে নিতে হয়, যা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বলেন, ‘এটি নতুন কোনো দাবি নয়; দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উত্থাপিত একটি বিষয়। আমরা আশা করি, সরকার বিষয়টিকে নীতিগত ও প্রশাসনিক—উভয় দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাবে।’
রমনা ক্যাথেড্রাল চার্চের পাল-পুরোহিত ফাদার আলবার্ট টি রোজারিও বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশে ইস্টার সানডে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশেও একই ধরনের স্বীকৃতি ধর্মীয় স্বাধীনতার চর্চাকে আরও অর্থবহ করে তুলতে পারে।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা বলেন, ‘বিষয়টি কেবল একটি ছুটির প্রশ্ন নয়; এটি ন্যায্যতা, সমতা এবং নাগরিক অন্তর্ভুক্তির সঙ্গে সম্পর্কিত। রাষ্ট্রীয় নীতিতে এ ধরনের স্বীকৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা জোরদার করে।’
যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা বলেন, ‘আসন্ন ৫ এপ্রিলের ইস্টার সানডে উপলক্ষে নির্বাহী আদেশে একদিনের ছুটি ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ সূচনা হতে পারে, যা ভবিষ্যতে স্থায়ী নীতিগত অন্তর্ভুক্তির পথ তৈরি করবে।’
মানববন্ধন থেকে জানানো হয়, ৩০ মার্চ প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে একই দাবিগুলো তুলে ধরা হয়েছে।
৬৫ দিন আগে
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
দেশের আরও ১৪ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো: ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর এবং অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৫ মার্চ দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
৬৫ দিন আগে
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঙ্গীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
সংস্কৃতিমন্ত্রী জানান, গুচ্ছভিত্তিক পদ্ধতিতে এই উদ্যোগ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করা হবে। এ পদ্ধতিতে সঙ্গীত প্রশিক্ষকরা একটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন।
সরকার প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মন্ত্রণালয় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল প্রতিষ্ঠানে উপজেলাভিত্তিক ক্লাস্টার পদ্ধতিতে সঙ্গীত শিক্ষা নিশ্চিত করবে।
তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে একইভাবে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা ও উপজেলা পর্যায়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তখন সব প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক পাওয়া যেত না এবং তারা মূলত জেলা পর্যায়ের স্কুলগুলোতে কেন্দ্রীভূত ছিলেন। তিনি মন্তব্য করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধতা ছিল না।
তিনি বলেন, ওই সময়ে কিছু ভালো সিদ্ধান্তের পাশাপাশি এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আমাদের মতে এড়িয়ে যাওয়া যেত। তবে আমি বলব না যে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
এ বছরের পহেলা বৈশাখ উদযাপন ‘আনন্দ শোভাযাত্রা’ নাকি চিরাচরিত ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ঐতিহ্যগত মূল্যবোধ এবং সাংস্কৃতিক চর্চাকে সমুন্নত রাখতে চায়।
তিনি আরও বলেন, জাতিগত পরিচয়, ধর্ম, বর্ণ ও আদর্শের ভিন্নতা থাকলেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। রাজনৈতিক মতভেদ থাকবেই, কিন্তু মানুষ একই সমাজে সহাবস্থান করবে বলে তিনি মন্তব্য করেন।
৬৫ দিন আগে
ডিজিটাল সেবা উন্নয়নে তথ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে বিস্তারিত আলোচনা হয়। তথ্যমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতকে জানান।
রাষ্ট্রদূত দাসো কর্মা বাংলাদেশের এ ধরনের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একত্রে কাজ করার বিষয়ে একমত হন।
এ সময়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর দাবা শেরিং উপস্থিত ছিলেন।
৬৫ দিন আগে