বাংলাদেশ
গাজীপুরে গ্রেপ্তার নিয়ে অপপ্রচার: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে সেনাবাহিনী। সেই সঙ্গে এ ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, গেল বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহায়তায় গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি তথা শ্রীপুর এলাকার ত্রাস, অবৈধ বালু উত্তোলনকারী এবং ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তার আরও ৬ সহযোগীও যৌথ বাহিনীর দ্বারা গ্রেপ্তার হন।
তিনি জানান, অভিযান চলাকালে তল্লাশির সময়ে তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি ইলেক্ট্রিক শক মেশিন, ৪টি ওয়াকিটকি সেট এবং ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় বেশ কয়েকটি ডাকাতি এবং অস্ত্র মামলা চলমান রয়েছে এবং কিছু কিছু মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও জাও করা হয়েছে।
ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, একটি মহল এনামুল হক মোল্লার গ্রেপ্তারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়াসহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে নেওয়ার জন্য অপপ্রচার করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নয়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে; সেনাবাহিনী দেশের পক্ষে। যারা এ ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে। সে বিষয়টিকেও আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি এবং প্রমাণ স্বাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১১৯ দিন আগে
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন।
এদিন এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ নোটিশ জারি করা হয়।
তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ সইয়ে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
গত বছর ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন এ মামলাটি করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওই দিন তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
১২০ দিন আগে
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে তার সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন ও একটি হ্যামার নেল গান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—এনামুল হক মোল্লা (৪৮), শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। তাদেরকে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা সম্প্রতি `মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপি’র সভাপতি পরিচয়ে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মিছিল ও মিটিং করে প্রচার চালাতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তার সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০০১ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।
১২০ দিন আগে
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারে হামলা: দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে সহিংস হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ এ হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করছে। সেইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে অন্তর্বর্তী সরকার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত ও আটক করতে এবং আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। হামলাকারীদের গ্রেপ্তারে সিএমপি ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত থাকতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করতে হবে। সরকার নিজ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থেকে সারা দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
১২০ দিন আগে
বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ-নেপাল বৈঠক
বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে নেপালের সঙ্গে বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান নেপাল চেম্বার অব কমার্সের (এনসিসি) আনুষ্ঠানিক আমন্ত্রণে সংস্থার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে চেম্বারের চেয়ারম্যান কমলেশ কুমার আগরওয়ালের নেতৃত্বে চেম্বারের সদস্যদের ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিসি নেপালের প্রাচীনতম বাণিজ্য সংগঠন, যা বাণিজ্য ও ব্যবসা সহজীকরণের কাজে নিয়োজিত এবং চলতি বছর তার কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে।
চেম্বারের চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের পক্ষের বাণিজ্য ঘাটতি ও দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য পরিস্থিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
বৈঠকে উভয় দেশ কীভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও শক্তিশালী করা যাবে এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্য ভারসাম্য উন্নত করা সম্ভব হবে তা নিয়ে মতবিনিময় হয়।
এনসিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সার্ক, বিবিআইএন ও বিমস্টেকের মতো আঞ্চলিক সংগঠন ও উদ্যোগগুলো কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি উভয় দেশ ও অঞ্চলকে উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে।
রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণ করে কৃষি, শিল্প ও সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে খাদ্য উৎপাদন, কৃষি-ব্যবসা, মাছ প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী ও গতিশীল অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন, যা ভ্যালু চেইন সৃষ্টি করে বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকারে সহায়তা করবে।
রাষ্ট্রদূত আরও বলেন, বিদ্যুৎ ও পর্যটন খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা সম্ভব। এ ছাড়া বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো নেপালের পণ্য পরিবহনে ব্যবহার এবং নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগানোর পারস্পরিক সুযোগের কথাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, দূতাবাস উভয় দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য সহায়ক নীতি ও পদক্ষেপ গ্রহণে সক্রিয় ভূমিকা রাখবে।
বৈঠকে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ট্রেড, প্রমোশন ও কালচার) উপস্থিত ছিলেন।
১২১ দিন আগে
শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহকসেবা চালু থাকবে: গভর্নর
শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না বলে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ব্যাংকগুলোর পেমেন্ট, রেমিট্যান্স ও এলসিসহ সব ধরনের কার্যক্রম আগের মতোই চলবে।
বুধবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘যদিও বোর্ড বাতিল হয়েছে, তবে ব্যাংকগুলোর দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ হবে না। বিজনেস কন্টিনিউ থাকছে। পেমেন্ট, রেমিট্যান্স, এলসি—সব চলবে। আমাদের লক্ষ্য, ব্যবসায়িক কার্যক্রম চালু রাখা এবং ধাপে ধাপে পাঁচ ব্যাংকের সম্পদ ও আইটি সিস্টেম একীভূত করা।’
একীভূত করার জন্য নির্ধারিত পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (সিবিএল)।
পরিচালনা পর্ষদ বিলুপ্তির পর বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে ব্যাংকগুলোতে অস্থায়ী প্রশাসক নিয়োগ দিয়েছে। তারা সবাই কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকের কার্যক্রম তদারকি করবেন।
এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবুল হাশেম নিয়োগ পেয়েছেন ইউনিয়ন ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বাদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামি ব্যাংকে প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মকসুদুজ্জামান এবং এক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকতুল আলমকে।
এ ছাড়া, আরও চার কর্মকর্তাকে প্রশাসকদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম এবং একীভূতকরণ প্রক্রিয়া তদারকির জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১২১ দিন আগে
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবারও শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১৭তম।
মঙ্গলবার (৪ নভেম্বর) র্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস। বুধবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গতবছরও কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতি বছর নভেম্বর মাসের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এবার তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তালিকার শীর্ষস্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। চীনের পিকিং ইউনিভার্সিটি তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এ র্যাঙ্কিংয়ে প্রধানত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র্যাঙ্কিং প্রকাশ করে। সেই র্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪ তম।
সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অধিকার করে। এ র্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বে ১০০০ এর মধ্যে অবস্থান করছে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ সায়েন্টিস্ট-২০২৫ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান পেয়েছেন, যা দেশে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে।
র্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ১৪৯, বুয়েট ১৬৫, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ২২১, ব্যাক ২৬০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩০৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩১২, সাস্ট ৩৩৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮, চুয়েট ৩৮৫, কুয়েট ৪১৪, ইসলামি বিশ্ববিদ্যালয় ৪৪৮, খুলনা বিশ্ববিদ্যালয় ৪৫৪, রুয়েট ৪৭০, ডুয়েট ৪৮৬, ইস্ট-ওয়েস্ট ৪৯১তম স্থান নিয়েছে।
১২১ দিন আগে
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের প্রস্তুতি নেয়। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায়, তাহলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নেবে, তাদেরও দায়িত্ব রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষায়। নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে জামিনে পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে—তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায়। সত্য ঘটনাটা সাংবাদিকরা তুলে ধরে যদি জানান তারা মিথ্যা বলছে, তবে সেটিই সবচেয়ে কার্যকর হয়।
মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন।
পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
১২১ দিন আগে
কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানান ওসি মেহেদী হাসান।
১২১ দিন আগে
এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
নিবন্ধন পেতে যাওয়া অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও সাধারণ আম জনগণ পার্টি।
আখতার আহমেদ বলেন, ‘চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।’
তিনি আরও জানান, আগামীকাল দাবি-আপত্তি আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।
১২২ দিন আগে