বাংলাদেশ
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পাম্প বন্ধের শঙ্কা পাম্প মালিকদের
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
পেট্রোল পাম্প মালিকদের সংগঠন রবিবার (২২ মার্চ) রাতে তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা অয়েল কোম্পনিগুলো থেকে প্রতিদিন যে তেল পাচ্ছে, তা দিয়ে বর্তমানে ক্রেতাদের চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না।
এখন বস্তবতাটা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত হয়ে পড়ছেন।
একইসঙ্গে পেট্রোল পাম্পগুলো তেল দেওয়ার নজেলম্যানরাও বিরক্ত। তারা ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনিই হয়ে পড়েছে, যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হেয়ে যেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত না করা হলে এই সংকট আরও গভীর হতে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে।
৭৩ দিন আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, প্রতারককে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ (রবিবার) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান বলেন, আমরা কিছু তথ্য ও ডকুমেন্টের ভিত্তিতে জানতে পারি, আরিফ মহউদ্দিন নামের একজন ব্যক্তি বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তিনি নিজেকে কোনো সময় ড. আরিফ মহিউদ্দিন, কোন সময় শুধু মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে এসব প্রতারণা করতেন। গতকাল তাকে কক্সবাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজর (উপদেষ্টা) হিসেবে পরিচয় দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে বিভিন্ন লোকের কাছে পাঠান এবং একটি সরকারি গেজেটে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পোস্ট করেন, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই রয়েছে। আসলে এমন একটি প্রকৃত গেজেট তিনি এডিট করে নিজের নাম বসিয়েছেন। এটা তিনি বিভিন্ন সরকারি দপ্তরেও পাঠাচ্ছিলেন।
শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আরিফ মহিউদ্দিন ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামের একটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছিলেন। একজন সরকারি ঊধ্বর্তন কর্মকর্তাকে এটির সভাপতি ও নিজেকে সদস্যসচিব ঘোষণা করে তিনি এই সংগঠনের নামে বিভিন্নজনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছিলেন।
তিনি বলেন, এছাড়া তিনি একইভাবে নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুদক বরাবর চিঠি লিখেছেন। তাকে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকেও চিঠি লিখেছেন।
ডিবিপ্রধান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোন প্রাথমিকভাবে যাচাই করে আমরা অসংখ্য প্রতারণার তথ্য পেয়েছি। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাচ্ছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনের আওতায় নেওয়া হবে।
এর আগে আরিফ মহিউদ্দিন কখনও আটক হয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, একটি মামলায় আগেও আটক হয়েছিল। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য ২০২৪ সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডি করা হয়েছিল। সাইবার মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। পাঁচ বছরের সেই সাজা এখন কোন পর্যায়ে আছে, আমরা তা খতিয়ে দেখছি।
৭৪ দিন আগে
রেল দুর্ঘটনা কমাতে সরকারের পরিকল্পনার কথা জানালেন রেল প্রতিমন্ত্রী
রেল দুর্ঘটনা রোধে সারা দেশের পুরনো রেল ক্রসিংগুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পাশাপাশি আধুনিক অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গতরাতে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী হাবিব এবং কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী সরকারের এই উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে রেল প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। যাদের চিকিৎসা প্রয়োজন, ঢাকা নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুরনো রেলগেটগুলোতে গেটম্যান নেই, তদারকি নেই; ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যে, পুরনো যে রেল ক্রসিংগুলো রয়েছে, সেখানে রেল ওভারপাস কিংবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা তা যাচাই করতে।
তিনি আরও বলেন, আরেকটি সিদ্ধান্ত আলোচনায় রয়েছে, তা হলো রেল ক্রসিংগুলো অটোমেটিক করে দেওয়া যায় কিনা। একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ট্রেন প্রবেশ করলে রেল ক্রসিংয়ের ব্যারিয়ারগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে নেমে যায়, সেই অটোমেটিক সিস্টেম নিয়েও আমাদের কাজ চলছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে চেষ্টা করছেন।
কুমিল্লার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিভাগীয় ও একটি জোনাল (আঞ্চলিক) তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্টেশন মাস্টারের কোনো অবহেলা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
৭৪ দিন আগে
স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা গ্রহণ করেছি, আরও করব। প্রতিটি মুহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি এই সরকারের রয়েছে।’
তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশা করি, দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।’
এর আগে সকাল ১০টায় পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজে ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী।
নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে সমবেত হন।
জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান এবং শিবপুরে ঈদের নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
৭৫ দিন আগে
হাতিরঝিলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রাব্বি (১৯) নামে শিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বি পঞ্চগড়ের ফুলতলা উপজেলার মো. ফারুক মিয়ার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে বসবাস করত সে।
নিহতের সহপাঠী মেহেদী হাসান জানান, গতকাল রাতে মধুবাগের মাদরাসা মাঠ দিয়ে যাওয়ার সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাব্বির বুকের বাঁ পাশে, পেটের ডান পাশ ও মাঝখানে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলেও রাব্বিকে আর বাঁচানো যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
৭৫ দিন আগে
দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।
তিনি বলেছেন, এটা কারও ব্যক্তিগত কৃতিত্ব নয়। আল্লাহর মেহেরবানি, সরকারের চেষ্টা ও সাধারণ মানুষের শৃঙ্খলার কারণে এটি সম্ভব হয়েছে। কেউ আতঙ্কিত হননি। এই শৃঙ্খলাবোধ স্থিতিশীলতার নিয়ামক, প্রাথমিক শর্ত।
শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এই জামাতে প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থামন্ত্রী আরিফুল হক চৌধুরীও অংশ নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই সরকার মানুষের ম্যান্ডেটপ্রাপ্ত একটি সরকার। বৈশ্বিক যে চাপ আসুক, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে—এই দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে। জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে প্রধানতম লক্ষ্য। এজন্য সরকারি যত যন্ত্র ব্যবহার করা লাগে, সেটা করতে কার্পণ্য করা হবে না।
এ সময় প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাইবোনরা নানাবিধ সমস্যায় রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি, প্রবাসের যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন, তারা যেন সুন্দরভাবে আমাদের মধ্যে ফিরে আসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
শাহী ঈদগাহের এই ঈদ জামাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ লাখো মানুষ নামাজ আদায় করেন।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্ন আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক নগর গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
সিলেটে এবার মোট ২ হাজার ৯৫৮টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় অনুষ্ঠিত হয় ৩৯৬টি জামাত। প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বরুণার পীর নামে পরিচিত মুফতি রশিদুর রহমান ফারুক।
৭৫ দিন আগে
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সরকার।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুবছর পর দেশের মাটিতে দেশের মানুষের সঙ্গে স্বপরিবারে ঈদ করতে পারায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, এবার যেমন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হয়েছে, ভবিষ্যতেও দেশবাসী আরও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে—এমনটাই প্রত্যাশা।
এ সময় তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
তারেক রহমান বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যাশিত দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।
দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন প্রথমে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
এ সময় তিনি সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন তারা।
এই জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই ঈদগাহ ময়দান মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায়ের জন্য এখানে জড়ো হন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে পৌঁছান। এসময় পুরো এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ঈদের এই প্রধান জামাতে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিত্বসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ পরিণত হয় এক মিলনমেলায়।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। পরে তারা নিজ নিজ বাসভবনের উদ্দেশে ঈদগাহ ত্যাগ করেন।
৭৫ দিন আগে
অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ঈদ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইউনূস ছাড়াও রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য যমুনার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
৭৫ দিন আগে
কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এদিন প্রথমে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
এ সময় তিনি সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন তারা।
এই জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই ঈদগাহ ময়দান মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায়ের জন্য এখানে জড়ো হন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে পৌঁছান। এসময় পুরো এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ঈদের এই প্রধান জামাতে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিত্বসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ পরিণত হয় এক মিলনমেলায়।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। পরে তারা নিজ নিজ বাসভবনের উদ্দেশে ঈদগাহ ত্যাগ করেন।
৭৫ দিন আগে
সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
এবারের ঈদের জামাতের বিশেষ দিক ছিল, প্রথমবারের মতো নারীদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাসহ নারী মুসল্লিরা।
স্পিকারের নির্দেশনায়, মুসল্লিদের সুবিধা এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
জামাত শেষে স্পিকার উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মুসল্লিরাও একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পাশাপাশি মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
৭৬ দিন আগে