বাংলাদেশ
একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন তারা।
এই জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই ঈদগাহ ময়দান মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায়ের জন্য এখানে জড়ো হন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে পৌঁছান। এসময় পুরো এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ঈদের এই প্রধান জামাতে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিত্বসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ পরিণত হয় এক মিলনমেলায়।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। পরে তারা নিজ নিজ বাসভবনের উদ্দেশে ঈদগাহ ত্যাগ করেন।
৭৬ দিন আগে
ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন এলাকায় ঈদে ঘরমুখী যাত্রীদের যাত্রার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে ঈদযাত্রায় জনদুর্ভোগ হচ্ছে কিনা, তার খোঁজ-খবর রাখছেন তিনি।
এ বিষয়ে শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘তিনি কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। সারা দেশে ঈদযাত্রায় কোথাও কোনো ব্যাঘাত হচ্ছে কিনা, কোথাও যানজটে জনদুর্ভোগ হচ্ছে কিনা, নৌপথে লঞ্চের মানুষজন ঠিকভাবে বাড়িতে যেতে পারছে কিনা—এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।’
প্রাকৃতিক দুযোর্গের কারণে রাজধানীতে জাতীয় ঈদগাহ এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বলে জানান তিনি।
১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর এবার প্রথমবারের মতো বাংলাদেশে ঈদ উদযাপন করবেন তারেক রহমান। রুমন জানান, লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার জুমাতুল বিদায় প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন বলে জানান রুমন।
৭৬ দিন আগে
ঈদযাত্রার শেষ মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আগামীকাল দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নৌপথে ঈদযাত্রার শেষ সময়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শুক্রবার (২০ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন লঞ্চে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লঞ্চের ভেতরে যাত্রী পরিবহনের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
অতিরিক্ত যাত্রী বোঝাই প্রতিরোধে তিনি উপস্থিত থেকে কয়েকটি লঞ্চকে নির্ধারিত সক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে টার্মিনাল ত্যাগের নির্দেশ দেন।
এ সময় ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষের দায়িত্বনিষ্ঠ কাজের জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপস্থিত সাংবাদিকদের নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়াও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘাট পরিচালনায় নিয়োজিত সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন, যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।
৭৬ দিন আগে
সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: দুই স্টুয়ার্ট বরখাস্ত, জরিমানা
ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।
রেলওয়-সংশ্লিষ্টদের তথ্যমতে, টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ট মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ ঘটনায় কারণ দর্শানোর জন্য আগামী ২৪ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে।
৭৬ দিন আগে
ঈদ হোক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার বন্ধন জোরদারের অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।
তিনি বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ‘আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।’
শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন।
৭৬ দিন আগে
ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ও যানবাহন পারাপারে রেকর্ড
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপের মধ্যে পদ্মা সেতু ও যমুনা সেতুতে টোল আদায় ও যানবাহন পারাপারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ১৭ থেকে ১৯ মার্চ—এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ লাখ ৮০২টি। একই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, যমুনা সেতুতে ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৮ হাজার ৩৬৮টি। একই দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজ করতে কাজ চলমান রয়েছে। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, যানবাহনের চাপ বাড়লেও এবার বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজট দেখা যায়নি, যা সমন্বিত ব্যবস্থাপনার সফলতা নির্দেশ করে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে সার্বক্ষণিক টোল লেন চালু, দক্ষ টোল কালেক্টর নিয়োগ, মোটরসাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি (ETC) চালু, উন্নত ট্রাফিক মনিটরিং, জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা, রেকার মোতায়েনসহ বিভিন্ন ব্যবস্থা ইত্যাদি।
সেতু কর্তৃপক্ষ জানায়, এসব উদ্যোগের ফলে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলেও এ সময় উল্লেখ করা হয়।
৭৬ দিন আগে
ঈদে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে। তিনি বলেন, ‘সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার।’
বার্তায় দেশ ও জাতির কল্যাণে ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সেই সঙ্গে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।
৭৬ দিন আগে
সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিল সরকার
সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে প্রাপ্য সব সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দুই সন্তানের শিক্ষার ব্যয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে। এছাড়া পরিবারটির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হবে।
মরদেহ হস্তান্তরের সময় দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর ৩ লাখ টাকা আর্থিক অনুদানও দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকব।’
ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন মোশাররফ হোসেন। আজ (শুক্রবার) ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
নিহতের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭৬ দিন আগে
সৌদির সঙ্গে মিল রেখে জেলায় জেলায় ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসল্লিদের একটি অংশ। দীর্ঘদিনের অনুসরণ, ভিন্ন চাঁদ গণনা পদ্ধতি ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা দেশের অন্যান্য অঞ্চলের এক দিন আগে ঈদ পালন করে থাকেন।
এ বছরও সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, পিরোজপুর, লালমনিরহাট, বরিশাল, দিনাজপুর, শরীয়তপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার শতাধিক গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন জেলায় আগাম ঈদ
চাঁদপুরে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ প্রায় ৪০ গ্রামে সকাল থেকেই ঈদের আমেজ দেখা যায়। সকাল ৯টায় সেখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই প্রথার ধারাবাহিকতায় মুসল্লিরা নামাজ আদায় করেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফকেন্দ্রিক অন্তত ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার মুসল্লি আজ ঈদ উদযাপন করছেন। প্রায় দেড় শতাব্দীর পুরোনো এই ধারার অনুসারীরা প্রতি বছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন।
পিরোজপুরে তিন উপজেলার ১০টি গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবার এবং বরিশাল অঞ্চলে ১০ হাজারের বেশি পরিবার আগাম ঈদ পালন করছে। আজ বিভিন্ন গ্রামে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
দিনাজপুরে সদরসহ আটটি উপজেলায় কয়েকশ’ পরিবার ঈদের নামাজ আদায় করেন। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন মসজিদ, মাঠ ও কমিউনিটি সেন্টারে একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
৭৬ দিন আগে
হজযাত্রীদের সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়ক দল গঠন
চলতি বছর হজ উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়তাকারী দল গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ (সংশোধিত)-এর বিধি ২৫ অনুযায়ী এ দল গঠন করে তাদের সৌদি আরব গমনাগমনে সরকারের সম্মতি দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়।
হজযাত্রীদের সেবায় গঠিত এ দলে গাড়িচালক, অফিস সহায়ক, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, গানম্যান, হিসাবরক্ষণ কর্মকর্তা, কম্পিউটার অপারেটর ও ফটোকপি অপারেটরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলে মোট ৯ জন গাড়িচালক রয়েছেন। তারা হলেন—মন্ত্রীর দপ্তরের মো. আলমগীর ও আক্তারুজ্জামান সরকার, সচিবের দপ্তরের মো. সাইদুল ইসলাম ও মো. টিটু মিয়া বেপারী, ইসলামিক ফাউন্ডেশনের (প্রেষণে হজ অনুবিভাগ) মো. মাসুদুর রহমান ও গোলাম মাওলা, হজ অফিসের মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের মো. হাসান আলী এবং প্রশাসন শাখার মো. আবদুস সবুর বিশ্বাস।
এছাড়া দলে ২৫ জন অফিস সহায়ক অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে আইন শাখার সম্রাট, সচিবের দপ্তরের মো. আনোয়ার হোসেন ও মো. সোহাগ, হজ-২ শাখার মো. রাশেদুল ইসলাম, সমন্বয় শাখার ইলিয়াছ আহমেদ ও মোছা. হাফিজা আক্তার, বাজেট ও অনুদান অনুবিভাগের মো. কামরুল হোসেন, প্রশাসন অনুবিভাগের তানিয়া আক্তার ও সাইয়্যিদা মারজিয়া রুবিনা, অনুদান শাখার পারুলী আক্তারী ও মনিরুল ইসলাম, উন্নয়ন অধিশাখার মো. নুরুল হুদা, হজ-১ শাখার মো. আশরাফুল ইসলাম, উপদেষ্টার দপ্তরের মো. অলিউল্লাহ, মো. আরমান হোসেন ও মাসুম বিল্লাল, হজ অনুবিভাগের কাজী জুয়েল মিয়া, পরিকল্পনা-১ শাখার সাদ্দাম বিশ্বাস, প্রশাসন-১ শাখার মনির হোসেন, আইসিটি শাখার মুহাম্মদ রাশেদ মিয়াজি, হজ অধিশাখার সারোয়ার মাহমুদ, বাজেট শাখার শারমিন সুলতানা, হজ-৩ শাখার মো. আলমগীর হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের সংযুক্ত মো. টিপু সুলতান ও হজ অফিস ঢাকার হাবিবুর রহমান রয়েছেন।
দলে দুইজন গানম্যান (বন্দুকধারী) রয়েছেন। তারা হলেন— সচিবের দপ্তরের মো. আব্দুল হাকিম এবং মন্ত্রীর দপ্তরের মো. আবুল কাশেম।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর হজযাত্রীদের সেবায় প্রশাসনিক দল, প্রশাসনিক সহায়তাকারী দল ও কারিগরি দল গঠন করে সরকারি ব্যয়ে সদস্যদের সৌদি আরবে পাঠিয়ে থাকে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
তবে প্রতি বছরই বিপুল সরকারি অর্থ ব্যয়ে এ ধরনের দল পাঠানো হলেও অনেক সময় সদস্যদের অভিজ্ঞতার ঘাটতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, কেউ কেউ হজযাত্রীদের সেবার পরিবর্তে ব্যক্তিগত কাজে বা ভ্রমণে ব্যস্ত থাকেন।
প্রায় প্রতিবছরই হজের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সহায়তাকারী দলের সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।
৭৭ দিন আগে