বাংলাদেশ
বাংলাদেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম: চীনা রাষ্ট্রদূত
চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
চীনের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনোমিক কোঅপারেশনের ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা।
এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত।
এসময় চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত।
তিনি আরও জানান, কম্প্রিহেনসিভ ইকোনোমিক কোঅপারেশনের আওতায় বাংলাদেশ যাতে শিগগিরই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পায় সেলক্ষ্যে কাজ করছে চীন।
৫৯৬ দিন আগে
অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ: পলক
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে বলেও জানান তিনি
পলক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট বন্ধের জন্য আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয়।’
পলক বলেন, ‘তাদের কারণে যদি একটি প্রাণহানিও ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। তাদের বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’
৫৯৬ দিন আগে
শাটডাউনে অচল রাজধানী: পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ
দেশজুড়ে ‘শাটডাউন’-এর শুরুতেই রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
বাড্ডা, মেরুল, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল ও আরামবাগে সংঘর্ষকালে পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়তে শুরু করলে বিক্ষোভকারীরা বিভিন্ন আবাসিক এলাকাগুলোর অলি-গলিতে ছড়িয়ে যেতে থাকে। সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা।
এদিকে পুলিশ ও বিজিবির সদস্যদের ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে বাড্ডা ও এর আশপাশের এলাকায় রাস্তায় নেমে এসেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও এর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
উত্তরায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
বৃহস্পতিবারের প্রথম কয়েক ঘণ্টার সহিংসতায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চলমান কোটা সংস্কার আন্দোলনে বুধবার রাতে যাত্রাবাড়ীতে সংঘর্ষে ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের প্রথম কয়েকদিনে আহত হয়েছে শতাধিক।
শাটডাউনের সকালে রাজধানীর চিরচেনা যান চলাচল ছিল না। প্রায় ফাঁকা রাস্তায় কয়েকটি বিআরটিসির দ্বিতল বাস চলতে দেখা যায়। গণপরিবহনের অনুপস্থিতিতে রাজপথ ছিল রিকশার দখলে। কোনো গণপরিবহন না থাকায় হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।
এর আগে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে কোটা প্রশ্নে সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানোর পরপরই শাটডাউনের ডাক দেয় শিক্ষার্থীরা।
আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় রায় নিয়ে তারা হতাশ হবে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের অপরাধীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেন শেখ হাসিনা।
৫৯৬ দিন আগে
দেশজুড়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে 'স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন' দেশব্যাপী ‘শাটডাউন’ ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শাটডাউন চলাকালে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে সে বিষয়ে জানানো হবে বলেন শরিফুল ইসলাম।
৫৯৬ দিন আগে
ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ আজ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস সাধারণ জনগণের জন্য বন্ধ রাখা হয়েছে।
বুধবার মার্কিন দূতাবাসের এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়।
সতর্কবার্তায় মিশনের সদস্যদের কূটনৈতিক এলাকায় তাদের চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয় এই সতর্কবার্তায়। তারা যেন ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করেন বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো যেন এড়িয়ে চলেন।
বার্তায় বলা হয়, ‘আপনারা বিক্ষোভ এড়িয়ে চলুন। যে কোনো বড় জনসমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করুন। স্থানীয় ঘটনা ও আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখুন।’
গত কয়েকদিনে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। ঢাকা ও এর আশেপাশের এলাকা এবং অন্যান্য শহরগুলোতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৫৯৬ দিন আগে
হল ছাড়তে নারাজ চবি শিক্ষার্থীরা, সময় বাড়ালো প্রশাসন
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হলত্যাগের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে নির্দেশ মানতে নারাজ শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যার ৬টার মধ্যে ছাত্রীদের এবং রাত ৯টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ নির্দেশনার পরও বেশিরভাগ আবাসিক শিক্ষার্থী হল ছাড়েনি।
এ অবস্থায় শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নতুন করে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চবি প্রশাসন।
এছাড়াও শিক্ষার্থীদের হলত্যাগের পর সব কক্ষ সিলগালা করে দিতে প্রভোস্টদের নির্দেশ দেওয়া হয় চবি সিন্ডিকেট সভায়।
উপাচার্যের কাছে হলত্যাগে অপারগতার কথা জানিয়ে তিন দফা দাবিসহ লিখিত আবেদন করেছে শিক্ষার্থীরা।
দাবিগুলো হচ্ছে- সাধারণ শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই হলত্যাগে বাধ্য করা যাবে না। হলের বাইরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ একজন হাউজ টিউটর উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: চবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, আজকের মধ্যে হলত্যাগের নির্দেশ
বুধবার চবি প্রশাসনের নির্ধারিত হলত্যাগের সময়সীমা পার হয়ে গেলে দেখা যায়, ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে শুধুমাত্র ফজিলাতুন্নেছা মুজিব হল খালি। বাকিগুলো ছাত্রীরা অবস্থান করছে।
হলে অবস্থানরত এক ছাত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হুট করে আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আমার মতো যেসব শিক্ষার্থীর বাড়ি অনেক দূরে তারা চাইলেই এই মুহূর্তে হলে ছেড়ে যাওয়া সম্ভব না। আমাদের এখন হলে থাকতেই হবে। আর আমাদের ভাইয়েরা আন্দোলন করছেন। তাদের ছেড়ে এ মুহূর্তে বাড়ি যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’
ছাত্রদের পাঁচটি হল থেকেই কিছু ছাত্রকে বের হয়ে যেতে দেখা গেছে। তবে হলে রয়েছেন অনেকেই।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম জানান, অনেক শিক্ষার্থীর বাড়ি দূরে হওয়ায় তাদের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে হল ছেড়ে যাওয়া সম্ভব নয়। তারা আবেদন করলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল খালি করে দিতে বলা হয়।
তিনি আরও বলেন, ‘যদি কেউ আমাদের কথা না শুনে থাকতে চায়, তাহলে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী থাকবে না।’
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজধানীজুড়ে সহিংসতায় আহত অর্ধশতাধিক
৫৯৬ দিন আগে
বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চায় বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা: হোয়াইটলি
বাংলাদেশের সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেয়ার করেন তিনি।
হোয়াইটলি লেখেন, 'এই সপ্তাহে আমি অনেক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছি। আগামী সপ্তাহে তারা ইউরোপে পড়তে আগে সব বাংলাদেশি ইরাসমাস স্কলারদের একসঙ্গে করবেন।’
তিনি পোস্টে আরও লেখেন, ‘সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায়।’
৫৯৭ দিন আগে
যাত্রাবাড়ীতে সংঘর্ষ: আহত একাধিক, মেয়র হানিফ ফ্লাইওভারে আগুন
কোটা আন্দোলনের মধ্যেই রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতের এ ঘটনার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। টোল প্লাজায় আগুন লাগানোর সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকালে যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ হয়।
এ ঘটনার পরপরই সেখানে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
এসময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ চলতে থাকে। এর আগে গোলাগুলিতে চারজন আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার মুখে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। পুলিশ বাধা দিলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের হটাতে পুলিশের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন আহত হয়।
আহতরা হলেন- বাবু মিয়া (৫০) ও তার ছেলে রোহিত মিয়া (২), মো. ফয়সাল (১৮), মনিরুল ইসলাম (২০), পিয়াস (১৭) ও মো. সোহাগ মিয়া (২৭)। এরমধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
ফয়সালকে ঢামেকে নিয়ে আসা তানজিল বলেন, 'আমরা চারজন রাস্তা দিয়ে হাঁটছিলাম। এসময় ফয়সালসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
গুলিবিদ্ধ বাবা-ছেলেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা লিপি আক্তার জানান, ‘তারা শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশের একটি বাসার নিচতলায় বসেছিলেন। এ সময় জানালা দিয়ে গুলি এসে তার ছেলে ও স্বামীর গায়ে লাগে।’
৫৯৭ দিন আগে
লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ দুই শিশু দিপু (১১) ও ওপু (১০) মহেষপুর গ্রামের কালাম সরদারের এবং সরদারের ছেলে জয় (১০)।
এলাকাবাসী জানায়, দুপুরে চার শিশু রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে এক শিশু উঠে আসলেও দিপু, ও ওপু নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবিরি দলকে তলব করা হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
৫৯৭ দিন আগে
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস জবি প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে।
১) আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।
২) ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩) যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।
৪) কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যেকোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: আন্দোলনের মুখে জবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
৫) মেসে অবস্থান করা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।
৬) আন্দোলনে ও মেসে হামলাকারীদের প্রশাসনে সোপোর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদানের নিশ্চয়তা দিতে হবে।
এর আগে, বুধবার বিকালে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর ৬ দফা দাবি জানান আন্দোলনরত জবি শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যা সাতটার মধ্যে দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়ার আলটিমেটামও দেন তারা।
৫৯৭ দিন আগে