বাংলাদেশ
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির বার্তায় বলা হয়, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের হয়ে ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফ খান জয়। নির্বাচিত হওয়ার পর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চার বছর এই ভূমিকায় দায়িত্ব পালন করলেও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন মেলেনি তার।
আরও পড়ুন: বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনি গ্রেপ্তার
৬৬২ দিন আগে
লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর
সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত এ অস্ত্রগুলো উদ্ধার হয় বলে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।
এ পর্যন্ত ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।
সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।
৬৬২ দিন আগে
১৭ বছর পর সচল খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব
দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হয়েছে।
খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করতে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়।
এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল করার সিদ্ধান্ত নেন এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে আবেদনের ফলে নিয়মিত খরচ বাবদ রূপালী ব্যাংকের ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারতেন। শুরুতে এর পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরে আস্তে আস্তে টাকার পরিমাণ বাড়তে থাকে।
২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তার ব্যাংক হিসাব সচল হয়।
৬৬২ দিন আগে
'অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র' অর্জনে সরকারের প্রচেষ্টা সমর্থন করে জাতিসংঘ: অধ্যাপক ইউনূসকে গুতেরেস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র' অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে।’
তিনি আরও বলেন, জাতিসংঘ অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে।
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, 'আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’
অন্তর্বর্তীকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।
আরও পড়ুন: আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে: অধ্যাপক ইউনূস
তিনি বলেন, 'আমি আশা করি আপনার সরকার তরুণ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়গুলোকেও বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেবে।’
গুতেরেস জানান, তিনি সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করেন।
তিনি বলেন, 'বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাদের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন গুতেরেস।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ: মুখপাত্র
৬৬২ দিন আগে
জাপানের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা, উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠকে জাপানের কাছে বাজেট সহায়তার অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আর্থিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, জাপান বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অংশীদার, প্রাথমিকভাবে প্রকল্প সহায়তা দিয়ে আসছে।
আরও পড়ুন: আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে: অধ্যাপক ইউনূস
বৈঠক শেষে ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, 'এবার আমরা বাজেট সহায়তা চেয়েছি এবং জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’
অর্থ উপদেষ্টা ২০১৬ সালের হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং দু'দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা স্বীকার করেন।
ড. সালেহউদ্দিন বাংলাদেশে জাপানের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর অনুরোধও জানান জানান তিনি।
উপদেষ্টার অনুরোধের জবাবে জাপানের রাষ্ট্রদূত নতুন সরকারকে স্বাগত জানিয়ে এর নেতৃত্বের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করা এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন সংস্থার সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে: ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
৬৬২ দিন আগে
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্টের রুল
সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন (২০১১) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিটটি করেন। আবেদনকার িঅন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।
এর আগে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়; সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় এ সংশোধনীর মাধ্যমে।
আদেশের পর আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আছে- একসঙ্গে অনেকগুলো অনুচ্ছেদে পরিবর্তন বা সংশোধনী আনতে হলে গণভোট করতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদের পরিবর্তন আনা হয়। কিন্তু কোনো গণভোট করা হয়নি। গণভোট না করে সংশোধনী পাস করা সংবিধান পরিপন্থী।
তিনি আরও বলেন, ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত মামলার লিখিত সংক্ষিপ্ত আদেশে আপিল বিভাগ বলেছিলেন পরবর্তী দুটি (দশম ও একাদশ) জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। কিন্তু সেই আদেশকে অমান্য করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয়। ফলে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করে দলীয় সরকারের অধীনে করা হয়। যে কারণে পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগের আদেশের সঙ্গেও সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী।
৬৬২ দিন আগে
সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ হাইকোর্টের
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেন।
সময় মিডিয়া লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান বাহ্যিক প্রভাব বা জবরদস্তি ছাড়া টিভি চ্যানেলটি পরিচালনা করতে পারে কিনা তা নিশ্চিত করতে এ রিট দায়ের করেন।
চ্যানেলটির সম্পাদকীয় স্বাধীনতা রক্ষায় রিটটি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ওই রুল জারির পর আদালত সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন।
তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও আহমেদ জুবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় আহমেদ জুবায়েরকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন
৬৬২ দিন আগে
সিলেটে সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টায় নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক চিফ হুইপকে মারধরের অভিযোগে ডিবির হারুন-বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা
মামলায় আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করে তার পরিবার।
বাদীপক্ষের আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, ‘এজাহারের গুরুত্ব অনুধাবন করে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।’
গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক তুরাব। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এর আগে হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তুরাবের পরিবারের পক্ষ থেকে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে তাতে কারও নাম উল্লেখ ছিল না।
ওই অভিযোগ থেকে জানা যায়, ১৯ জুলাই বেলা ১টা ৫৫ মিনিটে পেশাগত দায়িত্ব পালনের জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান করছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের একপর্যায়ে তুরাব গুলিবিদ্ধ হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য সহকর্মী ও পথচারীরা তুরাবকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মিরপুরে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
৬৬২ দিন আগে
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম।
আরও পড়ুন: জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নিহত মিলন সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি হিসেবে শেখ হাসিনা ও শামীম ওসমান ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয় হত্যা মামলাটিতে।
মামলার অন্যতম আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীরে ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজন, আওয়ামী লীগ নেতা জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি খোকন সাহা ও নাররায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
আরও পড়ুন: মিরপুরে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
৬৬২ দিন আগে
জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অন্যরা হলেন- জাহিদ মালেকের ছেলে আহাদ মালেক, মেয়ে সিনথিয়া মালেক ও আলী শিকদারের স্ত্রী মাহমুদা আলী শিকদার।
এছাড়া কম্পিউটার ওয়ার্ল্ড বিডির ব্যাংক হিসাবও জব্দ করতে বলেছে বিএফআইইউ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আলী শিকদার।
প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ রাখতে বলেছে বিএফআইইউ।
সূত্র জানায়, বিএফআইইউ তাদের নামে সন্দেহজনক লেনদেনের খবর পেয়ে এ নির্দেশনা দেয়।
৬৬২ দিন আগে