বাংলাদেশ
সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় ঢাকার এনভয় টাওয়ারে ভাঙচুর ঠেকিয়েছে শিক্ষার্থীরা
ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই ঘটনা ঘটে।
এই ভবনটিতে অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। ফলে এটি বিক্ষুব্ধ জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বিক্ষুব্ধ একদল ব্যক্তি ভবনটিতে আগুন লাগানোর চেষ্টা করলে এবং ভবনটির কাচের জানালা ভেঙে ফেলে। তবে, ছাত্র স্বেচ্ছাসেবকদের দ্রুত পদক্ষেপ আরও ক্ষতি রোধ করে এবং স্থাপনাটি রক্ষা পায়।
এনভয় টেক্সটাইল মিলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহমেদের মালিকানাধীন এনভয় টাওয়ার প্রায় তিন বছর পর মুর্শেদীর দখল থেকে মুক্ত করা হয়েছে।
আজ মুর্শেদীর রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এনভয় টাওয়ার থেকে আসবাবপত্র ও কাগজপত্র সরিয়ে ফেলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুর্শেদী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় হিসেবে এটি ব্যবহারের কারণে সরকারের পতনের পর থেকে ভবনটি একাধিক হামলার সম্মুখীন হয়েছে।
৬৫৮ দিন আগে
মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
গত ৪ আগস্ট থানার সামনে সুমন নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর বালিদিয়া গ্রামের বাসিন্দা কান্নু রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
আসামিদের মধ্যে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও রয়েছেন। মামলায় মোট ১৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আসামি হিসেবে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
৬৫৮ দিন আগে
বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিচালনা পর্ষদ থেকে পাওয়ার সেলের জিডিসহ রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ৬২ পরিচালক অপসারণ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কোম্পানি থেকে পাওয়ার সেলের মহাপরিচালকসহ রাজনৈতিক পদে নিযুক্ত ৬২ জন পরিচালককে অপসারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান ইউএনবিকে বলেন, 'আজ আমরা বিদ্যুৎ বিভাগের অধীন বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে মোট ৩৫ জন পরিচালককে সরিয়ে দিয়েছি; যাদের রাজনৈতিক পছন্দের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি বিদ্যুৎ কোম্পানি এবং ১৮টি ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির।
তিনি উল্লেখ করেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। তাকে দুই দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান এবং বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা স্ব স্ব পদে বহাল রয়েছেন বলে উল্লেখ করেন হাবিবুর রহমান। তাদের অপসারণের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবিলম্বে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এর আগে এ নির্দেশনার ফলে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন ১৩টি কোম্পানির বোর্ড থেকে ২৬ জন পরিচালককে অপসারণ করা হয়। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এই ২৬ পরিচালককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপসারণ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের একান্ত সচিব রোকন-উল হাসান; তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম; সাবেক অতিরিক্ত সচিব হুমায়ুন কবির লস্কর; সাবেক সংসদ সদস্য ফরিদা আখতার হীরা; সাবেক অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক; ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম; প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরীন নাহার; প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-২ আল মামুন মোরশেদ; প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ মনিরা বেগম; মহাপরিচালক-৩ মোহাম্মদ আসাদুজ্জামান; সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরীর একান্ত সচিব মুক্তাদির আজিজ; তথ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন; সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল; প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ইসমত মাহমুদা এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
আরও পড়ুন: নিম্নমানের বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিষয়ে তদন্তে মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ
এছাড়া আরও ১১ ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সরিয়ে দেওয়া হয়েছে জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানির পরিচালকের পদ থেকে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানিগুলো হলো- সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জেজিটিডিসিএল), পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল), সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল), বাংলাদেশ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড (টিজিটিডিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল), পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল)।
আরও পড়ুন: ‘স্মার্ট গ্রিড’র দিকে যেতে শীর্ষ মার্কিন পরামর্শক নিয়োগ দিয়েছে পাওয়ার সেল
৬৫৮ দিন আগে
জনগণের গোপনীয়তা লঙ্ঘনকে সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সমন্বয়ক রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, মানুষের গোপনীয়তা লঙ্ঘন করে এমন কোনো কিছুই তারা সমর্থন করেন না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণঅবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে মানুষের মোবাইল ফোন চেক করে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড বৈষম্যের পুরনো দৃষ্টান্তগুলোর পুনরাবৃত্তি করছে। তাই ফোন চেকসহ একজন নাগরিকের ব্যক্তিগত জীবনের স্বাভাবিক ধারা বিনষ্ট হয় এমন কিছু করবেন না।’
আরও পড়ুন: নতুন উপদেষ্টা পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, শুক্রবার শপথ
‘মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা’ নিশ্চিত করা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সাধারণ জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিত করতে এবং সারাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে রাজপথে সবাইকে শান্তিপূর্ণ অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: গণতন্ত্রের প্রতি অন্তর্বর্তী সরকার যতদিন প্রতিশ্রুতবদ্ধ থাকবে ততদিন সমর্থন করবে বিএনপি
৬৫৮ দিন আগে
এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু
আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, ১৩ দিনে মোট ৬১টি বিষয়ের পরীক্ষা এখনও ঝুলে রয়েছে। বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের এত পরীক্ষা আটকে গেছে।
প্রত্যেক শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে চারটি আবশ্যিক বিষয় (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং আইসিটিসহ মোট ১৩টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে আটটি বিষয় ঐচ্ছিক।
গত ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আট দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিনবার পরীক্ষা স্থগিত করে সরকার।
অবশেষে সব পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
তবে শিক্ষার্থীদের আন্দোলন ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর উদ্ভুত পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানায় বোর্ডগুলো।
৬৫৮ দিন আগে
হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
হবিগঞ্জে রিপন শীলকে হত্যার দায়ে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিহতের মা রুবী রানী শীল বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলাটি করেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
থানা সূত্রে জানা গেছে, আবু জাহির ছাড়াও তার ছেলে ইফাত জামিল, ভাতিজা মহসিন মিয়া, ব্যক্তিগত সহকারী সুদীপ দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শামসুল হক, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, শ্রমবিষয়ক সম্পাদক শংখ শুভ্র রায়, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।
গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল বের করেন। মিছিলটি টাউন হলের কাছে পৌঁছালে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্র জনতাকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে পথচারী রিপন শীল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঘটনাস্থলে রিপন শীলকে বাঁচাতে ভাই শিপন শীল এগিয়ে এলে তিনিও পেটে গুলিবিদ্ধ হন। এসময় হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র হামজাসহ ছাত্র-জনতার আরও অনেকে গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
৬৫৮ দিন আগে
চট্টগ্রাম থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় টানা ২৩ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পুরোদমে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল এবং পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম সব ধরনের ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় ছেড়ে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। দিনের সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলো চলাচল করবে।
এছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে দুপুর ১২টার দিকে হাটহাজারী ও দোহাজারীর উদ্দেশ্য দুটি মালবাহী ট্রেন ছেড়ে গেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরদিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন ১৯ জুলাই সরকারের কারফিউ জারি করার পর থেকে সারাদেশে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার থেকে কন্টেইনার ট্রেন ও তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়। বুধবার থেকে চলে মেইল, লোকাল, কমিউটার ও বৃহস্পতিবার শুরু হয় সব আন্তঃনগর ট্রেন চলাচল।
আরও পড়ুন: এক মাস পর চালু হলো আন্তঃনগর ট্রেন চলাচল
৬৫৮ দিন আগে
বাংলাদেশের ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ
প্রশাসনের চলমান পরিবর্তনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিদেশে অবস্থিত মিশনগুলোর বর্তমান দায়িত্ব ছেড়ে দেশে ফিরতে বলা হয়েছে।
'আপনাকে ঢাকায় বদলি করা হয়েছে' উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক বদলির আদেশ জারি করেছে।
সরকার শিগগিরই সেসব দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবে এবং আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত কামরুল আহসান ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।
মোহাম্মদ ইমরান ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
শাহাবুদ্দিন আহমেদ জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে জাতিসংঘ
৬৫৮ দিন আগে
দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে দুইজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৬৯ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭০ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৩৮ জনে।
আরও পড়ুন: দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
৬৫৮ দিন আগে
শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগরে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম মামলাটি দায়ের করতে ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী লিটন মিয়া বলেন, ‘আদালতের কাছে দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে বিচারক শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট (এফআইআর) হিসেবে অভিযোগটি দায়ের করতে বলেছেন।’
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি মো. হারুন-অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে পরিবারের সদস্যদের জন্য খাবার কিনতে বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশের অজ্ঞাত সদস্যরা সাহাবুদ্দিনকে গুলি করে হত্যা করে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই রাস্তায় লুটিয়ে পড়েন ওই তরুণ। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি পঞ্চম মামলা। অন্য মামলাগুলো হত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা ও অপহরণের অভিযোগে দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
৬৫৮ দিন আগে