বাংলাদেশ
'ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ' সম্মেলনে আজ ভার্চুয়ালি যোগ দেবেন ড. ইউনূস
ভারতে অনুষ্ঠেয় তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সম্মেলনে যোগ দেবেন বলে শুক্রবার রাতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই হতে যাচ্ছে অধ্যাপক ইউনূসের প্রথম বৈশ্বিক অনুষ্ঠান।
উদ্বোধনী অধিবেশনটি রাষ্ট্র / সরকার প্রধান পর্যায়ে হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি সঞ্চালনা করবেন।
উদ্বোধনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস' দর্শনের সম্প্রসারণ হিসাবে এই অনন্য উদ্যোগটি শুরু হয়েছিল। আর এটি মূলত ভারতের বসুদেব কুটুম্বকমের দর্শন।
এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে ব্যাপক পরিসরে ভাগ করে নেওয়ার একটি পরিকল্পনার অংশ।
ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস) এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। তবে দুটো সামিটই ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়েছিল।
শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল।
এই দুটি শীর্ষ বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর নেতাদের কাছ থেকে পাওয়া ইনপুট এবং প্রতিক্রিয়া গত বছর ভারতের সভাপতিত্বে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি এবং আলোচনায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছিল। নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে নেতাদের ঘোষণাপত্রও রয়েছে সেটি।
একটি টেকসই ভবিষ্যতের জন্য তৃতীয় ভিওজিএসএস ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার’র সামগ্রিক প্রতিপাদ্য বিশ্বকে প্রভাবিত করে চলেছে। এটি অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করে চলা বিভিন্ন জটিল চ্যালেঞ্জ সংঘাত, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট, জলবায়ু পরিবর্তন সম্পর্কে পূর্ববর্তী শীর্ষ সম্মেলনগুলোতে হওয়া আলোচনাগুলোকে বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
শীর্ষ সম্মেলনে গ্লোবাল সাউথের দেশগুলো গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ, অগ্রাধিকার এবং সমাধান, বিশেষত উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করবে।
পূর্ববর্তী দুটি শীর্ষ সম্মেলনের মতো, তৃতীয় ভিওজিএসএস ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং নেতাদের অধিবেশন এবং মন্ত্রী পর্যায়ের অধিবেশন পদ্ধতিতে হবে।
আরও পড়ুন: মোদিকে ইউনূসের ফোন, বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস
এছাড়াও, নিম্নলিখিত প্রতিপাদ্যগুলোর সঙ্গে ১০টি মন্ত্রী পর্যায়ের অধিবেশন থাকবে:
১) 'গ্লোবাল সাউথের জন্য একটি অনন্য দৃষ্টান্ত চার্টিং' শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন
২) স্বাস্থ্যমন্ত্রীদের 'এক বিশ্ব-এক স্বাস্থ্য' শীর্ষক অধিবেশন
৩) 'উন্নত ভবিষ্যতের লক্ষ্যে যুব সম্পৃক্ততা' শীর্ষক যুব মন্ত্রীদের অধিবেশন
৪) বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের 'ট্রেড ফর ডেভেলপমেন্ট- পারসপেক্টিভস ফ্রম গ্লোবাল সাউথ' শীর্ষক অধিবেশন
৫) তথ্য-প্রযুক্তি মন্ত্রীদের 'উন্নয়নের লক্ষ্যে ডিপিআই – এ গ্লোবাল সাউথ অ্যাপ্রোচ' শীর্ষক অধিবেশন
৬) 'পিপল সেন্ট্রিক অ্যাপ্রোস টু গ্লোবাল ফাইন্যান্স’ শীর্ষক অর্থমন্ত্রীদের অধিবেশন
৭) 'গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স' শীর্ষক দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন
৮) 'সাসটেইনেবল এনার্জি সলুশ্যনস ফর এ সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক জ্বালানি মন্ত্রীদের অধিবেশন
৯) ‘প্রায়রিটাইজিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: এ গ্লোবাল সাউথ পারসপেক্টিভ’ শীর্ষক শিক্ষামন্ত্রীদের অধিবেশন
১০) 'পাথওয়েস ফর প্রোগ্রেস- এ গ্লোবাল সাউথ পার্সপেকটিভ অন মিটিগেট ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক পরিবেশমন্ত্রীদের অধিবেশন
আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: মোদির সঙ্গে ফোনালাপে ইউনূস
৬৬৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট সেক্রেটারি লিটলজন শ্রীলঙ্কা-ভারত ও মালদ্বীপ সফর করবেন
যুক্তরাষ্ট্রের মহাসাগর এবং আন্তর্জাতিক পরিবেশ ও বৈজ্ঞানিক বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনিফার আর লিটলজন ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কলম্বো, শ্রীলঙ্কা, ভারতের চেন্নাই ও নয়াদিল্লি এবং মালদ্বীপের মালেতে সফর করবেন।
সফরকালে তিনি প্রকৃতি ও সামুদ্রিক সংরক্ষণ, প্লাস্টিক ও বায়ু দূষণ, জলবায়ু সংকট, বন উজাড়, প্রকৃতি সংক্রান্ত অপরাধ, বেসামরিক ও বাণিজ্যিক মহাকাশ কার্যক্রম, স্টেম খাতে নারী ও মেয়েদের উন্নয়ন এবং টেকসই সুনীল অর্থনীতি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
শ্রীলঙ্কায় ১৯ থেকে ২১ আগস্টের এই সফরে তিনি সরকারি কর্মকর্তা ও অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করবেন এবং হাইড্রোগ্রাফি ও জলবায়ু পরিবর্তনের মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে মার্কিন বিশেষজ্ঞদের সঙ্গে শ্রীলঙ্কানদের সংযুক্ত করার সুযোগগুলোও অনুসন্ধান করবেন।
ভারতে ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট সেক্রেটারি লিটলজন বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ অনুসন্ধান, বন্যপ্রাণী পাচার মোকাবিলা এবং চেন্নাইয়ে অ্যাম্বাসেডরের পানি বিশেষজ্ঞ কর্মসূচির মাধ্যমে নদী পুনরুদ্ধারে সহযোগিতায় সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ত করবেন।
তিনি সবুজ প্রযুক্তি, পরিবেশগত নাগরিক সমাজের প্রতিনিধি এবং জলবায়ু সহনশীলতা এবং ক্লিন এনার্জি প্রকল্পগুলোতে কাজ করা শিক্ষাবিদদের ওপর দৃষ্টি নিবন্ধকারী ব্যবসা এবং গবেষণা সংস্থাগুলোর সঙ্গেও সাক্ষাত করবেন।
তিনি ২৮ থেকে ৩০ আগস্ট মালদ্বীপে তার সফর শেষ করবেন। এখানেও তিনি জলবায়ু সহনশীলতা, পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক ও বন্যপ্রাণী সংরক্ষণে যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সরকার ও নাগরিক সমাজের অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।
৬৬৫ দিন আগে
চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএমসেনগুপ্ত রোডের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবনে ১ হাজার থেকে ১ হাজার ২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এদিকে মামলা প্রসঙ্গে ভুক্তভোগী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ইউএনবিকে বলেন, ‘ঘটনার সময়ে মুনিরা ভবনের মালিক আমি (জেলা বিএনপির সভাপতি) চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম। এখন সব মিলিয়ে ওই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ন্যায় বিচার পেতেই থানায় মামলাটি রুজু করা হয়েছে। এছাড়া আমি কখনো কারো সঙ্গে অমানবিক আচরণ করিনি। অথচ শুধু রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির ওপর এই অঘটন ঘটেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ন্যায় বিচার প্রত্যাশা করছি।’
মামলার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন এবং অজ্ঞাতনামা আসামি ১ হাজার ২০০ জন। মামলাটির আইনী কার্যক্রম চলছে। একইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।’
আরও পড়ুন: খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
৬৬৫ দিন আগে
কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ-আতাসহ আ. লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৩ বছর বয়সি আব্দুল্লাহ ও বাবু নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আবদুল্লাহর বাবা লুকমান হোসেন এবং নিহত বাবুর পক্ষে রাইসুল হক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দুটি করেন।
নিহত আব্দুল্লাহ কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করতেন। আব্দুল্লাহ চর থানা পাড়ার লোকমান হোসেনের ছেলে। আর বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।
১৩ বছর বয়সি আব্দুল্লাহ হত্যা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে হত্যার হুকুমের আসামি করা হয়েছে। ওই মামলায় অস্ত্র দিয়ে গুলি করায় আসামি করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
এছাড়া বাবু হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। বাবু হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে- কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীকে। এমামলার আসামি করা হয়েছে- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস, পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীসহ মোট ৩৫ জন।
আব্দুল্লাহ হত্যার ঘটনায় বৃহস্পতিবার করা হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-২০ জনকে। এমামলার এক নম্বর আসামি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আব্দুল্লাহ ও বাবু হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় শতাধিক জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
৬৬৫ দিন আগে
আওয়ামী লীগ নিজেদের কর্মের ফল ভোগ করছে: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকাকালে তাদের কর্মকাণ্ডের ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও করবে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি, আন্দোলন চলবে: সমন্বয়ক সারজিস আলম
২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের কথা স্মরণ করে সারজিস আলম বলেন, সে সময় আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে অসংখ্য আলেমকে অবমাননাকর কাজ করতে বাধ্য করে।
তিনি বলেন, 'ওই ঘটনার সচিত্র প্রমাণ ও ভিডিও এখনও আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছে তার ফল এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও ভুগবে।’
১৫ আগস্টকে শোক দিবস হিসেবে পালন প্রসঙ্গে সারজিস বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন ঘটনাটি ঘটে তখন সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়। কেন? কারণ আপনি যদি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটনাবলির দিকে তাকান, সেখানে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের চরম পর্যায় ছিল। ১৫ আগস্ট ছিল সেই সময়ের একটি বৃহত্তর বিপ্লবের ফল।’
ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে শ্রদ্ধা নিবেদন বা ফুল দিতে বাধা দেওয়ার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন সারজিস।
তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতীয় সংকটের সময় তাদের অবদানের জন্য আমরা আমাদের সহপাঠীদের ধন্যবাদ জানাই। কিন্তু এখন তাদের পড়াশোনায় ফিরতে হবে। দিন শেষে দেশকে এগিয়ে নিতে হলে দরকার শিক্ষিত তরুণ প্রজন্ম।’
আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক
৬৬৫ দিন আগে
৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জিয়াউল আহসানকে আদালতে নিয়ে আসা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে তার বোন আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউ মার্কেট থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।
আরও পড়ুন: টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
৬৬৫ দিন আগে
সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: মোদির সঙ্গে ফোনালাপে ইউনূস
সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার খবর 'অতিরঞ্জিত' করা হয়েছে।
একই সঙ্গে তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সংখ্যালঘু সুরক্ষার বিষয় নিয়ে সরেজমিনে রিপোর্ট করার জন্য তাদের আমন্ত্রণ জানান।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন ড. ইউনূস।
আরও পড়ুন: ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, তার সরকার সংখ্যালঘুসহ দেশের প্রত্যেক নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন আলাপে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি উত্থাপন করলে তিনি একথা বলেন।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই টেলিফোনে কথোপকথন এবং এক্স-এ পোস্ট করা বার্তার জন্য মোদিকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি ভারতীয় নেতা ও ভারতীয় জনগণকে অভিনন্দন জানান।
ভারতের প্রধানমন্ত্রী নতুন সরকারকে শুভেচ্ছা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করে মোদি বলেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন।
তিনি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে।
ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারাদেশে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি ১৭ আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠেয় তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দিতে ইউনূসকে আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, ছাত্র আন্দোলনের ফলে তার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের 'দ্বিতীয় বিপ্লব' এবং তার সরকার ছাত্র-জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে।
ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মোদিকে ইউনূসের ফোন, বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস
রবিবার কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৬৬৫ দিন আগে
সেপ্টেম্বরের আগে সামিটের এলএনজি টার্মিনালের কার্যক্রম শুরুর সম্ভাবনা নেই
আগামী সেপ্টেম্বরের আগে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।
এক বিবৃতিতে বলা হয়, আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি অনুকূল থাকলে আগস্টের শেষ নাগাদ ডিসকানেক্টেবল টারেট মুরিং (ডিটিএম) প্লাগের পুনঃস্থাপন ও পুনঃসংযোগ সম্পন্ন করবে সামিট। এরপর আগামী সেপ্টেম্বরে জাহাজ থেকে জাহাজ স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।
ডিটিএম হস্তান্তরে একটি শক্তিশালী ও উচ্চতর ক্ষমতাসম্পন্ন ক্রেনের জন্য সামিট 'ওরিয়েন্টাল ড্রাগন' নামে একটি ডাইভিং সাপোর্ট ভেসেলের (ডিএসভি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে; যা ২২ আগস্ট সিঙ্গাপুর থেকে মহেশখালীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ষষ্ঠ সামিটের প্রত্যাশা তুলে ধরলেন বিমসটেক মহাসচিব
এর আগে গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। ব্যালাস্ট ওয়াটার ট্যাংক মেরামতের পর গত ১০ জুলাই সিঙ্গাপুর থেকে কক্সবাজারের মহেশখালীতে ফিরে আসে।
১১ জুলাই, সাবসি ল্যান্ডিং প্যাডে ডিটিএম প্লাগ দিয়ে এফএসআরইউ মুরিংয়ের প্রস্তুতির সময়, ডিটিএম বয়া মেসেঞ্জার লাইনে একটি অপ্রত্যাশিত জট বাঁধে এবং ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনার পর সামিট এফএসআরইউ থেকে ৫০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এক্সিলারেট এনার্জি দ্বারা পরিচালিত বঙ্গোপসাগরের অন্য এফএসআরইউ ৬০০ এমএমসিএফডি চালু রয়েছে এবং এটিই এখন সর্বমোট সক্ষমতা।
এর ফলে প্রায় ৪০০০ এমএমসিএফডি চাহিদার বিপরীতে দেশের মোট গ্যাস সরবরাহ ৩১০০ এমএমসিএফডি থেকে কমে ২৬০০ এমএমসিএফডিতে নেমে এসেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সামিট ও এর আন্তর্জাতিক অংশীদাররা সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে এলএনজি টার্মিনালের কার্যক্রম পুনরায় চালু করতে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জুলাই মাসে নরওয়েভিত্তিক মেরিটাইম কোম্পানি ম্যাকগ্রেগর ও সিএএন সিস্টেম এবং সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি শেলফ সাবসিকে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (এসএলএনজি) নিয়োগ করে। সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের সাবসি ল্যান্ডিং প্যাডের ডিসকানেক্টেবল টারেট মুরিং (ডিটিএম) মেরামত করে নিরাপদে মুরিং করতে তাদের নিয়োগ দেওয়া হয়।
সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এবং পানির ভেতর প্রায় শূন্য দৃশ্যমানতার কারণে, আন্তর্জাতিকভাবে লাইসেন্সপ্রাপ্ত সাবসি ডাইভিং দলের চিহ্নিত ক্ষতিটি সংশোধন করতে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করেছে।
এফএসআরইউ পুনরায় সংযোগ করতে ল্যান্ডিং প্যাডের কেন্দ্রে (সমুদ্রতলে অবস্থিত) পুনরায় স্থাপন করতে হবে ডিটিএম প্লাগটি।
এজন্য অ্যাঙ্কর হ্যান্ডলিং টগ কোরাল এই পুনঃস্থাপনের জন্য প্রস্তুত ছিল। তবে এটি ডিটিএমকে পুনরায় স্থাপন করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম ছিল না।
সামিট এলএনজি টার্মিনাল কোম্পানির এফএসআরইউ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টাইম চার্টারের অধীনে পরিচালিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চীন সফর: বিজনেস সামিটে ৭০০ কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ
ঢাকায় দ্বিতীয় সার্কুলার ইকোনমি সামিট মঙ্গলবার
৬৬৫ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৫০ রোগী হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন।
শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২১৫
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১২ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৯৮০ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২২৮
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ২৩৩ রোগী হাসপাতালে
৬৬৫ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৭০ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৪৩ জনে।
আরও পড়ুন: দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
৬৬৫ দিন আগে