বাংলাদেশ
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি প্রাসঙ্গিক: স্বরাষ্ট্র উপদেষ্টা
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবির বিষয়টি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তাদের সাথে কথা বলেছি। আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলব। দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পূজা। আমি তাদের বলেছি, এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্তভাবে সুপারিশ করব যাতে দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়। সেটি না হলেও অন্তত যেন দুই দিন ছুটি হয়। কারণ একদিন ছুটি হওয়ায় যারা চাকরি করে, তারা যেতে পারে না।’
তিনি আরও বলেন, “আপনারা অনেকে আমাকে নির্বাচন কমিশনে দেখেছেন, আমি মিশন নিয়ে আসি এবং সেটি পূরণ করার চেষ্টা করি। নির্বাচনেও তাই করেছিলাম। এবার আমার আরেকটি মিশন হচ্ছে ‘পলিটিক্যাল পার্টি অ্যাক্ট’। এটা নিয়ে আমরা বসব এবং তৈরি করব। এই অ্যাক্টের মধ্যে যারা রাজনীতি করতে পারবে করবে, না পারলে করবে না।”
৬৬১ দিন আগে
বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
সোমবার (১২ আগস্ট) বিকাল ৪টার দিকে এই বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে যোগ দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ড. ইউনূস বিএনপি নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ৮ আগস্ট গঠিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে বিএনপি নেতাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকার উপস্থিত রয়েছেন।
ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
৬৬১ দিন আগে
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল ফয়জুর রহমান: আইএসপিআর
সম্প্রতি সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদলের মধ্য দিয়ে মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাশকতা-সহিংসতা বা হুমকির বিষয়ে জানাতে সেনা ক্যাম্পে যোগাযোগ করুন: আইএসপিআর
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আরও পড়ুন: লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তথ্য চেয়ে আইএসপিআরের আহ্বান
৬৬১ দিন আগে
আওয়ামী লীগ দল গোছাতে পারে কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র এক সপ্তাহের মধ্যে জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের হাতে অবৈধ অস্ত্র আছে, আগামী সাতদিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুটি অভিযোগে অভিযুক্ত হবেন। একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র বহনের।’
আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে কি না এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।’
আরও পড়ুন: বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন। নির্বাচন হলে অংশ নিন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।
দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বায়ান্ন, ঊনসত্তরের গণআন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে লাভ নেই।’
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আর মৃত্যু চাই না। অলরেডি ৪০০ থেকে ৫০০ হয়তো তারও বেশি মানুষ মারা গেছেন। আমরা আর্মিকে নিষেধ করেছি ওপেন ফায়ার না করতে। কারণ আপনি কাকে মারবেন। পুলিশ দিয়ে কাকে মেরেছেন। পুলিশকে দিয়ে মেরেছেন আপনার সন্তানকে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না। আপনার নষ্ট করার কোনো অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি। কেউ যদি মনে করেন আবার কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন। তা করতে হলে হাজার হাজার লোকের রক্ত বহাতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান নেন, তাহলে আমার কিছু করার নেই।’
আরও পড়ুন: এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ
৬৬১ দিন আগে
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসহ অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করেছে র্যাব: সদর দপ্তর
সাম্প্রতিক সহিংসতায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীকে সহযোগিতা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে টহলের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতা করেছে র্যাব।
বার্তায় আরও বলা হয়, দেশের বিভিন্ন থানা, পুলিশ লাইন ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং থানাগুলো পুনরায় চালু করতে ভূমিকা রেখেছে র্যাব।
এছাড়া ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখা ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে র্যাব।
আরও পড়ুন: তিন বাহিনীর সঙ্গে কাজ করছে বিজিবি-র্যাব-পুলিশ-আনসার
৬৬১ দিন আগে
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
সোমবার বিকেলে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বৈঠকে।
আরও পড়ুন: ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রতি আহ্বান, সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা প্রধান উপদেষ্টা ইউনূসের
তিনি বলেন, ড. ইউনূস বিএনপি নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক বিএনপি নেতাদের।
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৬৬১ দিন আগে
এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ
প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।
গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
ট্রাফিক পুলিশের সদস্যরা আজ তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন।
আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি, শাহবাগ, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শান্তিনগর ও মালিবাগ মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আনিসুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা নগরবাসীর জন্য স্বস্তির। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।
শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদেরও সহায়তা করতে দেখা গেছে।
ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।
রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।
তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে ফিরবেন না তারা কাজে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টা থেকে সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে মহানগর শহরে ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানা সচল রয়েছে।
৬৬২ দিন আগে
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার সকাল ৭টার দিকে প্রধান বিচারপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে সকাল ৮টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬৬২ দিন আগে
কুয়েটে শিক্ষার্থী-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে রবিবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপউপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।
৬৬২ দিন আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও ৭ জন সহকারী পরিচালকের পদত্যাগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন এবং ৭ জন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক পদত্যাগ করেছেন।
রবিবার তারা পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
তিনি জানান, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে রবিবার পদত্যাগ করেছেন খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
৬৬২ দিন আগে