রাজনীতি
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) উভয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ এ এরই মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তবে, বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত হয়নি।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের আবু নুমান মো. মামুনুর রশিদ পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট। বাসদের প্রার্থী দিলরুবা নুরী (মই প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি (তারা প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট।
বগুড়া-৬ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭১ দশমিক ০৩ শতাংশ।
১১২ দিন আগে
লালমনিরহাটের ৩টি আসনে বিএনপির জয়
লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের নিকটতম প্রার্থী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।
লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ১ লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৩৮৭ ভোট পেয়ে তার নিকটতম প্রার্থী হয়েছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের।
১১২ দিন আগে
যেকোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে পারফেক্ট বলব না। তবে অতীতের তুলনায় যেকোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটের ফলাফল ঘোষণার মঞ্চে বসে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। সবার কাছে কৃতজ্ঞ। অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে।’
তিনি বলেন, ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না।
সিইসি বলেন, আমাদের কষ্ট, চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোনো মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।
তিনি আরও বলেন, আমাদের ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর করে যে ফলাফল দিবে সেটাই আমরা দেব। কোনো আনঅফিশিয়াল ফলাফল দেব না।
১১২ দিন আগে
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বিজয়ী হয়েছেন ৭৬ হাজার ৯০৭ ভোটে।
ফজলুর রহমান এ আসনের ১৫০ কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
এই আসনে মোট ভোটার আছে ৪ লাখ ৮ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ১৮২ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
১১২ দিন আগে
হবিগঞ্জের ৪টি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ের পথে
হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনের সবগুলোতেই বিজয়ের পথে বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টা পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
হবিগঞ্জ-১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে ৪৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া ২৯ হাজার ৫১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সুজাত মিয়া ১০ হাজার ১৩৯ ভোট এবং ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম ১০ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন।
অপরদিকে, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৪০টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আবুল মনসুর সাখাওয়াত হাসান পেয়েছেন ৩২ হাজার ৩৮১ ভোট। ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ পেয়েছেন ১০ হাজার ১৫৭ ভোট পেয়েছেন।
এছাড়া, হবিগঞ্জ-৩ আসনে ৪৫টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী জিকে গউছ পেয়েছেন ৪৭ হাজার ১৩০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ১৫ হাজার ১৮৩ ভোট।
১১২ দিন আগে
হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপি সমর্থিত এই প্রার্থী বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।
ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতা-কর্মীদের মারধর করে রক্তাক্ত করার অভিযোগ আনেন জসিমউদ্দীন।
তিনি বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই করা হয়েছে, আমাদের নেতা-কর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।
জসিমউদ্দীন অভিযোগ করে বলেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে দেবীদ্বারের জনগণের সার্বিক স্বার্থ বিবেচনা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া, ফতেহাবাদ, এই ইউনিয়নগুলোতে অনিয়ম হয়েছে, ভোট করচুপি করা হয়েছে, ব্যালট ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এই আসনের আরেক প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৭টা ৪০ মিনিটে দেবীদ্বার উপজেলার নিজ গ্রাম গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, বেলা যত গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোব।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপির শাপলা কলি প্রতীকের এই প্রার্থী দাবি করেন, এখন পর্যন্ত তার কাছে কোনো কেন্দ্রে কারিগরি বা প্রক্রিয়াগত জটিলতার খবর আসেনি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী জসিমউদ্দীনকে সমর্থন দেয়।
১১২ দিন আগে
জয়পুরহাট-২ আসনে বিএনপির আব্দুল বারী বিজয়ী
জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
জয়পুরহাট-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৭। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭। আর নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন।
১১২ দিন আগে
মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে বিএনপি
মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন বলে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে।
মানিকগঞ্জ-১ আসনে ১৭৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টির ফলাফলে বিএনপির (ধানের শীষ) প্রার্থী এস এ জিন্নাহ কবির পেয়েছেন ৪৩ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোজাম্মেল হক (ঘোড়া) পেয়েছেন ২৩ হাজার ২৩০ ভোট এবং আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২০ হাজার ৬২১ ভোট।
অপরদিকে, মানিকগঞ্জ-২ আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৪৬টির ফলাফলে বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ) ৫৯ হাজার ৭১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২৫ হাজার ৫৮১ ভোট।
এছাড়া, মানিকগঞ্জ-৩ আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৬টির ফলাফলে বিএনপির আফরোজা খানম রিতা ৬১ হাজার ৯৭৮ ভোট পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ নূর (রিকশা) পেয়েছেন ২৩ হাজার ৩৪৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪৭৪ ভোট।
১১২ দিন আগে
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ওপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর
ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি কর্মীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) মঞ্জু ঐ কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল বিএনপি কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকেন এবং একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসেন। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করেন। এ সময় তালহা নামের একজন ঈগল সমর্থককে বেদম মারধর করা হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারা আরও জানান, এছাড়া ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা করলে তিনি আহত হন। এ ছাড়াও তার গাড়িটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। স্থানীয় বিএনপি কর্মী জামাই কামরুলের নেতৃত্বে এই হামলা হয়।
এ ঘটনায় পাচগাছিয়া ইউনিয়িনের এলাহিগঞ্জে ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থক আহত হন। পাশাপাশি শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
১১২ দিন আগে
কুষ্টিয়ার চারটি আসনের তিনটিতে জামায়াত, একটিতে এগিয়ে বিএনপি
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন।
এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ১৩৫টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৭০টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, আলোচিত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৩১ হাজার ৫৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ২৫ হাজার ১৩২ ভোট।
১১২ দিন আগে