রাজনীতি
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলায় বিএনপির তীব্র নিন্দা
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর জামায়াতে ইসলামী সমর্থকদের পরিকল্পিত হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র জামায়াত কর্মীরা বিএনপির নির্বাচনী মিছিলে হামলা চালায়। এতে বিএনপির ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল নিজেই হামলার নেতৃত্ব দেন। তারা ভোটারদের ধর্মীয় উসকানি ও বিতর্কিত কৌশল—যেমন ‘জান্নাতের টিকিট বিক্রি’—ব্যবহার করে প্রচারণা চালাচ্ছিলেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। পরে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো বিএনপি নেতাকর্মীদের ওপরও অতর্কিতে হামলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালাতে দেখা গেছে। এ ঘটনার সত্যতা আড়াল করতে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে বলে দাবি করেছে বিএনপি।
দলটি বলেছে, এ হামলা জামায়াতে ইসলামী’র উগ্র প্রবণতা ও চরমপন্থী চরিত্রকে উন্মোচিত করেছে। লাখো সমর্থক থাকা সত্ত্বেও বিএনপি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় অটল রয়েছে।
‘সংযমকে দুর্বলতা মনে করা ঠিক হবে না,’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিএনপি দাবি করেছে, ঘটনা তদন্তে দ্রুত সরকারি উদ্যোগ ও দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক এবং আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হোক।
এর আগে বৃহস্পতিবার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চর গোরগরি এলাকায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
১৮৮ দিন আগে
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত প্রার্থীসহ আহত অর্ধশতাধিক
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডল দেড় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সাহাপুর ইউনিয়নের রহিমপুর বটতলা থেকে চরগড়গড়ি আলহাজ মোড়ের দিকে যাচ্ছিলেন। যগির মোড় এলাকায় জামায়াতের মিছিল পৌঁছালে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, আমাদের ওপর গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর পাবনা জেনারেল হাসপাতাল ও চারজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ১৫ টি মটর সাইকেল পুড়িয়ে দিয়ে। ৩০ টা নিয়ে গেছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জামাতের লোকজন আমার নেতা কর্মীর উপর হামলা করেছে। আমাদের লোকজন প্রতিহত করার সময় আমাদের ১৫/২০ জন আহত হয়েছে। জামায়াত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। মন্ডল নিজেই হামলার লিড দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, উপায় গ্রুপের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ৪-৫ জন আহত হয়েছে, এর বেশি কিছু না। এর বাইরে আর কোন কথা বলতে অস্বীকৃতি জানান ওসি।
১৮৯ দিন আগে
৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুক্রবার পুনরায় চালু হতে পারে: ইসি
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সাতটি দেশে সাময়িকভাবে স্থগিত থাকা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুক্রবার পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দেশগুলো হলো— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম আহমদ খান বলেন, ‘শুক্রবার সকালেই অ্যাপটি আবার চালুর চেষ্টা চলছে। ছুটির দিনে প্রবাসীরা যাতে সুযোগ নিতে পারেন—সেজন্যই আমাদের এই উদ্যোগ।’
তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর অনেক প্রবাসী ভুল ডাক ঠিকানা দিয়েছেন। সঠিক ঠিকানা না থাকায় ডাক ব্যালট পৌঁছে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নজরে আসার পর সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়।
ইসি জানায়, সংশ্লিষ্ট সাত দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রচার-প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা সঠিক ঠিকানা প্রদান করেন। ঠিকানা যাচাই সম্পন্ন হলে আগামী সপ্তাহের শেষে ডাক বিভাগের মাধ্যমে ডাক ব্যালট পাঠানো শুরু হবে।
৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত
ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও জুলাই চার্টার গণভোট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী ভোটার যুক্ত হবেন বলে ইসি আশা করছে।
ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট ৫৮,৫৬৩ জন প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৯,৭৭৭ জন পুরুষ ও ৮,৭৮৬ জন নারী।
সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে (১০,৯৫৬)। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া (৯,০২৮), জাপান (৬,৩৩৫), কানাডা (৬,১৮৭), অস্ট্রেলিয়া (৫,৫৭০), দক্ষিণ আফ্রিকা (৪,৩৩০) ও সিঙ্গাপুর (২,৪০৪)।
জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ১২,৪১১ জন প্রবাসী ঢাকা জেলায়, এরপর কুমিল্লা (৪,৩৪০), নোয়াখালী (৩,৭৫১), চট্টগ্রাম (৩,৬৪৫) ও সিলেট (৩,২১৯) থেকে ভোট দেবেন।
এটি দেশের প্রথম হাইব্রিড পোস্টাল ব্যালটিং সিস্টেম, যার মাধ্যমে বিশ্বের ১৪৩ দেশে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসীর জন্য ডাকভোটের সুযোগ তৈরি হয়েছে।
১৮৯ দিন আগে
জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় হাসপাতালে আসেন তিনি।
জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় ফখরুল ডা. তাহেরের খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
১৮৯ দিন আগে
জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্বস্ব দলীয় প্রতীকে ভোট করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বাতিল চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন।
গত ৩ নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার।
উল্লেখ্য, আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের শরিক যেকোনো দলের প্রতীক ব্যবহার করার সুযোগ পেত।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোট করলেও দলীয় প্রতীকেই ভোট করার বিধান নিয়ে তখন আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে আপত্তির কথা জানায়। জোটভুক্ত হতে আগ্রহী কিছু ছোট দলও সিদ্ধান্তটি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিল।
পরে সরকার এটি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে— এমন খবর পাওয়ার পর জামায়াতে ইসলামী তীব্র প্রতিক্রিয়া জানায়। শেষ পর্যন্ত সংশোধিত বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয়।
১৮৯ দিন আগে
৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সাতটি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নিবন্ধন স্থগিত রাখা দেশগুলো হচ্ছে— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া ব্যাতিরেকে পোস্টাল ব্যালট পেপার কোনো ভোটারের কাছেই পাঠানো সম্ভব হবে না। এ কারণে বাধ্য হয়েই এই সাতটি দেশে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিনে অনষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ গত ১৮ নভেম্বর উদ্বোধন করে ১৯ জুলাই থেকে প্রাথমিকভাবে চালু করা হয়। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫৩ দেশের প্রবাসী বাংলাদেশিদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ বলেন, বুধবার (২৬ নভেম্বর) থেকে নির্বাচন কমিশন অঞ্চলভিত্তিক নিবন্ধনের সময়সীমা তুলে দিয়েছে। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে ২৬ নভেম্বর রাত ১২ টা থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইন নিবন্ধন করা যাবে।
১৮৯ দিন আগে
খালেদা জিয়াকে এভারকেয়ারের সিসিইউতে স্থানান্তর
হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। এ অবস্থায় তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষ নেতা বলেন, ‘ম্যাডামকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার জন্য গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত আছেন।’
বিএনপির মিডিয়া সেল সদস্য সায়রুল কবির খান ইউএনবিকে জানান, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর বিএনপি সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান। এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
১৮৯ দিন আগে
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত থেকে পর্যবেক্ষক আসার অনুমতি বাংলাদেশ দেবে কি না, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, এটি পুরোপুরি নির্বাচন কমিশনের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা না চাইলে পর্যবেক্ষকদের অনুমোদন বা আসার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। অন্তর্বর্তী সরকার বিদেশি পর্যবেক্ষক মিশনকে আলাদাভাবে কোনো সহায়তা দেবে না।
মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই আসন্ন নির্বাচনের পরিচালনার কাঠামো নির্ধারণ করেছেন এবং এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে কমিশনের ওপর নির্ভর করছে।
মিয়ানমারে বাংলাদেশ নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিবেচনা করবে কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কেন পাঠাবো এটা হলো প্রথম প্রশ্ন। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
১৯০ দিন আগে
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির দোয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও অন্যান্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া ও জামায়াতে ইসলামের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভার সমাপ্তিতে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
১৯০ দিন আগে
সারা দেশে বাউলদের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা
বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ কর্মীদের জ্বালিয়ে দেওয়া বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার করে নির্মিত নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের ওপর হামলা এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা নিশ্চিত যে বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা, তারা বাংলাদেশের মাঠে-ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা, এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।
তিনি বলেন, এই ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারো জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্তের দাবি করি।
রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সব থেকে বড়। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সবাই দরিদ্র, নিঃস্ব মানুষ।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমার বাসায় যে মহিলা রান্না করে, তারও বাসা সেখানে। তার বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে।
অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের অবহেলা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস অথবা কারখানাগুলোতে, তাদের কিছুটা নেগ্লিজেন্সি (অবহেলা), অগ্নিনির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা এবং আইন না মেনে চলা—সবকিছু মিলে এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। সেক্ষেত্রে আমার মনে হয়, সত্যিকারে অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনিরোধক ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে এড়ানো অনেক সহজ।
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি।
সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়ে তার কাছে জানতে চাইলে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আমি এগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি না, বরং আমি মনে করি, আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন: কলকারখানা, গার্মেন্টস—এসবের দায়িত্বে যারা রয়েছেন তাদের অবশ্যই অবহেলা রয়েছে। যদি সত্যিকারের আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকে তাহলে খুব সহজেই এসব এড়িয়ে যাওয়া সম্ভব হবে।
কিছু আসনে এখনো প্রার্থী না দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা খুব শিগগিরই বাকি আসনগুলোতেও মনোনয়ন দেব এবং দেশবাসী তা দেখতে পাবে। আমরা যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
১৯০ দিন আগে