খেলাধুলা
২২ বছর বয়সে ইকুয়েডরিয়ান ফুটবলারের মৃত্যু
সড়ক দুর্ঘটনার ৩৯ দিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন ইকুয়েডরের তরুণ ফুটবলার মার্কো আঙ্গুলো। দেশটির ফুটবলের ভবিষ্যতের অন্যতম কাণ্ডারী হিসেবে বিবেচিত হলেও মাত্র ২২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই খেলোয়াড়।
গত ৭ অক্টোবর ভোরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাঁচ যাত্রী নিয়ে আঙ্গুলোর প্রাইভেট কারটি প্রচণ্ড গতিতে এসে ব্যারিকেডে ধাক্কা দেয়। এ ঘটনায় শ্রমিকদের বেশ কয়েকজনসহ গাড়ির তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আঙ্গুলো। তবে ৩৯ দিন পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার। এর ফলে দুর্ঘটনাকবলিত গাড়িটির মোট তিন যাত্রী নিহত হলো।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে আঙ্গুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) ও তার ক্লাব লিগা দে কিতো।
আরও পড়ুন: পোশাক নিয়ে মুসলিম নারী ফুটবলারদের পাশে এফএ
মাত্র ২২ বছর বয়সেই আঙ্গুলোকে সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ইকুয়েডরের স্থানীয় ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ের ডিফেন্ডার হিসেবে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করার আগে ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-২০ কোপা লিবার্তাদোরেস জেতেন তিনি। এরপর পেশাদার ফুটবলে ক্লাবটির জার্সিতে অভিষেকের পরও দক্ষ মিডফিল্ডার হিসেবে নজর কাড়েন তিনি।
২০২৩ সালে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেও নিজের টেকনিক্যাল দক্ষতা ও বল নিয়ন্ত্রণের জন্য জনপ্রিয়তা পান এই ফুটবলার। পরে সেখান থেকে ইকুয়েডরে ফিরে এসে তিনি লিগা দে কিতোয় যোগ দেন।
ইকুয়েডর জাতীয় দলেও খেলার সুযোগ পেয়েছিলেন আঙ্গুলো। তবে অকাল মৃত্যুতে ক্যারিয়ার লম্বা করার সুযোগ পেলেন না এই ফুটবলার।
আঙ্গুলোর মৃত্যুতে ইকুয়েডরের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এফইএফ বলেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আঙ্গুলো মারা গেছেন। আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি যা আমাদের হৃদয়ে অমোচনীয় ছাপ রেখে গেছে।’
‘আমরা তার পরিবার, সতীর্থ ও স্বজনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি।’
৪৭৯ দিন আগে
ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা বোনাস পেল সাফ চ্যাম্পিয়নরা
সাফ নারী ফুটবল দলের অদম্য চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দল ঘোষণার ১১ দিনের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের পূর্ব ঘোষিত ১ কোটি টাকা বোনাস পেয়েছে।
গত ৩০ অক্টোবর কাঠমান্থের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আরও পড়ুন: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪: শিরোপাজয়ী বাংলাদেশি তারকাদের কথা
এর আগে গত ৩১ অক্টোবর নেপাল থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বোনাস ঘোষণা করেন এবং বাফুফে কার্যালয়ে একটি রেপ্লিকার চেক হস্তান্তর করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ ২৩ জন ফুটবলার, ৯ জন কোচিং স্টাফ ও টিম কর্মকর্তাসহ ৩২ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক ইস্যু করেছে।
আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের দাবিগুলো লিখে জানাতে বললেন প্রধান উপদেষ্টা
শনিবার (৯ নভেম্বর) মতিঝিলে বাফুফে কার্যালয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে এ কৃতিত্বের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মাসের মধ্যেই উভয় পুরস্কারে অর্থ বিতরণ করা হতে পারে।
আরও পড়ুন: সাফজয়ী নারী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার
৪৮০ দিন আগে
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ ফুটবল দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টিয়ার-১ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল।
সোমবার (১১ নভেম্বর) ফুটবল দলটি ঢাকায় পৌঁছায়।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপ জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের চূড়ান্ত অনুশীলন এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী মালদ্বীপ দল।
বাংলাদেশ এবং মালদ্বীপ ১৯৮৪ সাল থেকে ১৮টি ম্যাচ খেলেছে, যেখানে উভয় দল ছয়টি জিতেছে, ছয়টি ড্র করেছে এবং বাকি ছয়টি ম্যাচ হেরেছে।
আরও পড়ুন: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪: শিরোপাজয়ী বাংলাদেশি তারকাদের কথা
বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮৬তম স্থানে থাকা বাংলাদেশ খেলবে ১৬৩তম স্থানে থাকা মালদ্বীপের বিপক্ষে।
ফুটবল ফেডারেশনের জন্য একটি চ্যালেঞ্জিং সময়ের পরে এই বছর মালদ্বীপের দলটির জন্য এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
আগেরবার খেলার মাঠে মুখোমুখি হয়ে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এবং অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
এরই মধ্যে বুধবারের (১৩ নভেম্বর) ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে বাফুফে।
টিকিটের হার: ভিআইপি প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা, ক্যাটাগরি-১ ও ২ এর টিকিট ৩০০টাকা করে।
এর আগে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ।
২৭ সদস্যের বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড হলো।
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা ও সুজন হোসেন।
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তপু বর্মন, রাব্বি হোসেন রাহুল, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মিডফিল্ডার: চন্দন রায়, মজিবুর রহমান জনি, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিং ও দিদারুল আলম।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, পিয়াস আহমেদ নোভা ও মিরাজুল ইসলাম।
আরও পড়ুন: সাফজয়ী দলকে বিসিবিও দেবে আর্থিক পুরস্কার
সাফজয়ী নারী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার
৪৮০ দিন আগে
ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন
ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে শিষ্যদের যে তাগিদ দিয়েছিলেন কার্লো আনচেলত্তি, তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই যেন দুর্বার ফুটবল খেলল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর তাদের নৈপুণ্য ও ক্ষিপ্র ফুটবলে ভেসে গেল ওসাসুনা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিন চমৎকার এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ভিনিসিউস। আর মৌসুমের প্রথম গোল পেয়েছেন সমালোচনায় জর্জরিত জুড বেলিংহ্যাম।
আরও পড়ুন: সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখানোর পালা: আনচেলত্তি
তবে বড় জয়ের দিন দুর্ভাবনা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় এদের মিলিতাও ও রদ্রিগোকে। এছাড়া হাঁটুর চোটে বিরতির পর আর মাঠে নামা হয়নি লুকাস ভাসকেসের।
৪৮২ দিন আগে
শান্তর ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি
টপ অর্ডারের অবদানের পর আজও মিডল অর্ডারে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে জাকের আলী ও নাসুম আহমেদের কল্যাণে উইকেটের ধস থামিয়ে লড়াই করার মতো রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সিরিজে টিকে থাকার লক্ষ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তারই ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে টাইগাররা।
টপ অর্ডারের ব্যাটাররা এদিন অল্পবিস্তর রান করে একে একে বিদায় নিতে থাকলেও ওয়ান ডাউনে নেমে উইকেটের একপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ১১৯ বলে এই রান করার পথে ৬টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
এছাড়া ওপেনার সৌম্য সরকারের ৩৫, শেষের দিকে জাকের আলীর অপরাজিত ৩৭ এবং নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ২৫ রান।
আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাঙ্গেয়ালিয়া খারোতে। এছাড়া রশিদ খান ও আল্লাহ গজনফর নেন দুটি করে উইকেট।
এদিন ভালো শুরুর ইঙ্গিত দিয়েও চতুর্থ ওভারে ফিরে যান তানজিদ তামিম। তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে চতুর্থ ওভারের প্রথম বলে আল্লাহ গজনফরকে ছক্কা হাঁকান তিনি। তবে তার পরের বলেও বড় শটের চেষ্টা করে মিড অনে থাকা মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন তামিম।
সাজঘরে ফেরার আগে ১৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রানের ইনিংস খেলে যান এই ওপেনার।
এরপর অধিনায়ক শান্ত ক্রিজে এলে তার সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে মজবুত ভিত্তি এনে দেন সৌম্য সরকার। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ওই একটি উইকেট হারিয়েই ৫৯ রান তুলে এগোতে থাকে বাংলাদেশ।
১৮.৪ ওভারে দলীয় সংগ্রহ ৯৯-তে রেখে বিদায় নেন সৌম্য। রশিদ খানের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোর হয়ে ফেরার আগে ৪৯ বলে দুটি করে ছক্কা-চারে ৩৫ রানের ইনিংস খেলে যান তিনি।
অবশ্য রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন তিনি। শান্তর সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন সৌম্য। পরে টিভি রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রশিদের ডেলিভারিটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, কিন্তু রিভিউ না নেওয়ায় বৃথা উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশ।
সৌম্যর বিদায়ের পর রানের চাকা কিছুটা শ্লথ করে সতর্ক ব্যাটিং করতে থাকেন শান্ত ও চারে নামা মেহেদী হাসান মিরাজ। ইনিংসের মাঝপথে ৭৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত।
শান্ত-মিরাজের জুটি পঞ্চাশ পেরোনোর পথে ৩২.২তম ওভারে দলীয় সংগ্রহ দেড়শ ছাড়ায় বাংলাদেশের। এরপরই মেহেদীকে সাজঘরে ফেরান রশিদ।
ওই ওভারের চতুর্থ বলটি অফস্ট্যাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকার সময় রুম করে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান মিরাজ। তবে বল খানিকটা নিচু হয়ে আসায় পরাস্ত হন এই অলরাউন্ডার, আর পেছনে থাকা উইকেট গুঁড়িয়ে যায়। ফলে ৩৩ বলে ২২ রান করে দলীয় ১৫২ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর ফলে ভাঙে ৫৩ রানের জুটি।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ফের আরেকটি জুটি গড়ায় মনোযোগী হন শান্ত। তবে স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই ভাঙে চতুর্থ উইকেটজুটি।
মিরাজের সঙ্গে ব্যাট চালানোর সময় থেকে রানের গতি কিছুটা পড়ে গিয়েছিল। ইনিংসের ৩৫ ওভার শেষ হয়ে যাওয়ার পর বাউন্ডারির মাধ্যমে রানরেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন হৃদয় ও শান্ত। এর একপর্যায়ে ৩৯তম ওভারে খারোতের প্রথম বলে সীমান্তে ধরা পড়েন হৃদয়। ১৬ বলে একটি চারের সাহায্যে ১১ রান করে তিনি যখন ফিরছেন, তখন দলের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৭৪।
এরপর আরও ৯ রান বাড়িয়ে দিয়ে একই কায়দায় লং-অফে ধরা পড়েন উইকেটের এক পাশ আগলে রাখা শান্ত। ১১৯ বলে ৭৬ রান করে তিনি ফেরার দুই বল পরে ক্যাচ হয়ে যান মাহমুদুল্লাহও (৩)। ফলে পরপর দুই ওভারে তিন উইকেট নিয়ে আফগানদের ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন খাতোরে।
শেষের দিকে নাসুম আহমেদ (২৫) ও জাকের আলীর (৩৭*) কল্যাণে ২৪৮ রান তুলে ইনিংস শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫২/৭ (শান্ত ৭৬, জাকের ৩৭*, সৌম্য ৩৫; খাতোরে ৩/২৮, রশিদ ২/৩২, গজনফর ২/৩৫)।
৪৮২ দিন আগে
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধসে বড় পরাজয়ের পর সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
আঙুলে চোট পেয়ে মুশফিকুর রহিম চলমান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। আজকের ম্যাচ দিয়ে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে এই উইকেটরক্ষক-ব্যাটারের।
তিনি ছাড়া আরও একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বসিয়ে রেখে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রথম ম্যাচ জেতা একাদশই অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, নাঙ্গেয়ালিয়া খারোতে, ফজলহক ফারুকি।
৪৮২ দিন আগে
মুখে ১০ সেলাই নিয়েও খেলতে চান কুবারসি, তৈরি হচ্ছে মাস্ক
মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই বার্সেলোনার শুরুর একাদশে নিয়মিত মুখ পাউ কুবারসি। রক্ষণে দুর্দান্ত পারফর্ম করে এরই মাঝে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছরে পা দেওয়া এই তরুণ। বার্সার প্রতি তিনি এতটাই নিবেদিত যে এবার অসুস্থ অবস্থাতেও মাঠে নামতে অনড় এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনার শিকার হন কুবারসি। নিজেদের বক্স থেকে বল ক্লিয়ার করার জন্য অনেকটা নিচু হয়ে হেড করেন তিনি। একই সময়ে প্রতিপক্ষের উরোস স্পাইচ বলে কিক করলে তা লাগে কুবারসির মুখে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে শুরুতে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন টিম ফিজিওরা। তবে অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬৭তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে।
রুমাল চেপে কুবারসি যখন মাঠ ছাড়ছেন, তখন দেখা যায় রক্তে ভরে গেছে মুখ। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মুখে দশটি সেলাই লাগলেও ভালো আছেন এই ডিফেন্ডার।
এরপর সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(বার্সেলোনার) ব্যাজের জন্য এটুকু করা কিছু নয়।’
আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চোট থেকে এখনও সেরে না ওঠায় রোনালদ আরাউহো ও এরিক গার্সিয়া দলে না থাকায় কুবারসির অনুপস্থিতিতে দলের রক্ষণভাগ নিয়ে কার্যত বিপাকে পড়ে গেছে হান্সি ফ্লিকের দল।
তবে নিজের অসুস্থতা নিয়ে মোটেও ভাবছেন না কুবারসি। মুখে ক্ষত নিয়েই লা রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চান তিনি।
আরও পড়ুন: রেড স্টারের মাঠে বার্সেলোনার গোল উৎসব
মুন্দো দেপর্তিভোর খবরে বলা হয়েছে, মাঠে নামতে নিজের অনড় অবস্থানের কথা ফ্লিকের কাছে স্পষ্ট জানিয়েছেন এই তরুণ। আর দলের অবস্থা বিবেচনায় নিয়ে তাই তাকে খুব বেশি জোর করেননি কোচও।
তবে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামলেও ঝুঁকি এড়াতে বিশেষ মাস্ক পরে মাঠে নামতে দেখা যাবে তাকে।
মুন্দো দেপর্তিভো জানিয়েছে, বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলনের সময় একজন বিশেষজ্ঞ খেলোয়াড়দের পরিদর্শন করেছেন। কুবারসির জন্য কী ধরনের মাস্ক পরা ঠিক হবে, তা নির্ধারণ করতেই বার্সার অনুশীলন ক্যাম্পে আসেন তিনি।
তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নামবেন কিনা এবং নামলেও কতক্ষণ খেলবেন, তা নির্ধারণ করবেন হান্সি ফ্লিক।
লা লিগায় ১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চূড়ায় রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪। শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৪৮৩ দিন আগে
সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখানোর পালা: আনচেলত্তি
কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চলতি মৌসুমে নড়বড়ে অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলায় দলটির খেলোয়াড়দের সমন্বয়ের অভাব স্পষ্টভাবেই চোখে পড়ে। এর ফলস্বরূপ নিজেদের মাঠে সবশেষ দুই ম্যাচে বিধ্বস্ত হয়েছে তারা। এমন সময়ে দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। সেখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বার্সেলোনা ও এসি মিলানের কাছে বড় হারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের সবার জন্যই কঠিন সময়। তবে পরিস্থিতির বিশ্লেষণ করেছি আমরা। মনে হচ্ছে, এ থেকে উত্তোরণের সমাধানও খুঁজে পেয়েছি, তবে মাঠের খেলায় তা করে দেখাতে হবে। আর ভিন্নভাবে খেলে তা-ই দেখানোর আশা করছি।’
আরও পড়ুন: হেরে বার্সেলোনার রেকর্ড ভাঙার স্বপ্ন ধূলিসাৎ রিয়ালের
পরিস্থিতির পরিবর্তনে শিষ্যদের কাছ থেকে আরও নিবেদন চান আনচেলত্তি।
‘আমাদের আরও শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে; আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে এবং ঠিকঠাক পাস দিতে মনোযোগ বাড়াতে হবে।’
৪৮৩ দিন আগে
রিয়ালের খেলোয়াড় ছাড়াই স্পেনের স্কোয়াড, আছে নতুন দুই মুখ
নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দুই ম্যাচের জন্য দুই ফুটবলারকে প্রথমবার জাতীয় দলে ডাকলেও রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখেননি তিনি।
এর ফলে ২০২১ সালের পর প্রথম স্পেন দলে ডাক পেল না মাদ্রিদ জায়ান্টদের কোনো খেলোয়াড়। সে বছর লুইস এনরিকের অধীনে নেশন্স লিগের সেমিফাইনালে রিয়ালের ফুটবলারবিহীন ছিল স্পেন। তবে ওই বছরই ইউরোতে আবার লস ব্লাঙ্কোসদের খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজান বর্তমান পিএসজি কোচ এনরিকে।
এ বছর অনুষ্ঠিত ইউরোতেও স্পেন দলে ছিলেন রিয়ালের তিন খেলোয়াড়- দানি কারভাহাল, নাচো ও হোসেলু। তবে মৌসুম শেষে নাচো ও হোসেলু রিয়াল মাদ্রিদ ছেড়ে যথাক্রমমে সৌদি আর ও কাতারে চলে যান।
অবশ্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় স্কোয়াডে না রাখার দায় মোটেও দে লা ফুয়েন্তের ওপর পড়ে না। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগা চ্যাম্পিয়নদের স্কোয়াডেই স্প্যানিশ প্রভাব কমেছে।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
বর্তমানে দানি কারভাহাল, লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, দানি সেবায়োস ও ফ্রান গার্সিয়া থাকলেও মাঠের খেলায় নিয়মিত শুধু কারভাহাল। তবে চোটে কারভাহালের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন লুকাস ভাসকেস। এছাড়া ফ্রান গার্সিয়া ও সেবায়োস মাঝেমধ্যে খেলে থাকলেও বেশিরভাগ সময় বেঞেই বসে থাকতে দেখা যায় তাদের।
অন্যদিকে, লা মাসিয়ার কল্যাণে বরাবরই দুর্দান্ত সব স্প্যানিশ প্রতিভা বিশ্ব দরবারে তুলে আনে বার্সেলোনা। ফলে জাতীয় দলেও ক্লাবটির খেলোয়াড়দের আধিক্য লক্ষ করা যায়। তবে সম্প্রতি লা লিগাসহ ইউরোপের শীর্ষ লিগগুলোতে স্প্যানিশ ফুটবলারদের প্রভাব বাড়ায় জাতীয় দল সাজাতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতি চোখে পড়ছে।
এরই ধাবাহিকতায় ঘরোয়া ও ইউরোপা লিগে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন গ্রীষ্মের দলবদলে পোর্তোয় নাম লেখানো স্প্যানিশ ফরোয়ার্ড সামু ওমরোদিয়ন।
আরও পড়ুন: প্রায় পুরো ম্যাচ ১০ জনে খেলা স্পেনে বিধ্বস্ত সুইজারল্যান্ড
৪৮৩ দিন আগে
অবশেষে বেলজিয়াম স্কোয়াডে ফিরলেন লুকাকু
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাগজে-কলমে এখনও টিকে আছে বেলজিয়াম। এমতাবস্থায় শেষ দুই ম্যাচ জয়ের বিকল্প নেই দমিনিকো তেদেস্কোর দলের। এমন সমীকরণের সামনে রোমেলু লুকাকুকে দলে ফেরালেন কোচ।
আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইতালি ও ১৭ নভেম্বর বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমে নেশন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন তেদেস্কো। ২৩ সদস্যের এ স্কোয়াডে আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাকু।
নেশন্স লিগের প্রথম চার ম্যাচে জাতীয় দলে ছিলেন না লুকাকু। ক্লাব ফুটবলে দলবদলের কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে বেলজিয়ামের হয়ে খেলেননি তিনি। এরপর ফিট না থাকায় অক্টোবরের দুই ম্যাচেও দলের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই নাপোলি স্ট্রাইকার।
তবে শেষ দুই ম্যাচে তাকে দলে ফিরিয়ে তেদেস্কো বলেন, ‘ফিরতে তার কোনো সংশয় ছিল না। সে বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। নিজেকে কারও কাছে প্রমাণের প্রয়োজন নেই তার। মাঠে কিংবা মাঠের বাইরে- তার দক্ষতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে সহজাত নেতা এবং তরুণ ফুটবলারদের সাহায্য করতে তার জুড়ি নেই।’
আরও পড়ুন: এবার এমবাপেকেই ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) সর্বশেষ বেলজিয়ামের হয়ে খেলেন লুকাকু। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল সর্বোচ্চ, ৮৫টি। তার পরে ৩০ গোলের বেশি নেই আর কারও।
লুকাকু ফিরলেও কেভিন ডি ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কদিন আগে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও ম্যানচেস্টার সিটির অনুরোধে এই মিডফিল্ডারকে স্কোয়াডে রাখেননি তেদেস্কো।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বেলজিয়াম। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি এবং ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।
বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাই নিজেদের বাকি দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্যান্য ম্যাচের ফলের দিকেও তাদের চেয়ে থাকতে হবে। কারণ গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ আটে।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
বেলজিয়াম স্কোয়াড
গোলরক্ষক: কোয়েন কাস্টিলস (আল কাদসিয়াহ), মাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট), মার্টেন ফন্ডেফুর্ট (লাইপসিগ)।
ডিফেন্ডার: আমিন আল-দাখিল (স্টুটগার্ট), টিমোথি কাস্টানিয়া (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্তিং), মাক্সিম ডি কাইপার (ক্লাব ব্রুজ), ভাউট ফাস (লেস্টার সিটি), হোয়াকিন সেইস (ক্লাব ব্রুজ), মাতে স্মেটস (গেঙ্ক), আর্থুর থেইয়াটে (ফ্রাঙ্কফুর্ট)।
মিডফিল্ডার: চার্লে ডি কেইটেলারে (আতালান্তা), আর্নে এঙ্গেলস (সেল্টিক), রোমিও লাভিয়া (চেলসি), ওরেল মাঙ্গালা (এভারটন), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড: ইয়োহান বাকায়োকো (আইন্ডহোভেন), জেরেমি ডকু (ম্যানচেস্টার সিটি), মালিক ফোফানা (অলিম্পিক লিওঁ), দদি লুকেবাকিও (সেভিয়া), রোমেলু লুকাকু (নাপোলি), লুইস ওপেন্ডা (লাইপসিগ), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
৪৮৩ দিন আগে