খেলাধুলা
দ. আফ্রিকা টেস্টে সাকিবের পরিবর্তে খেলবেন হাসান মুরাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুরু হবে ২১ অক্টোবর থেকে।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সাকিব জনরোষের কারণে তার নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকায় ম্যাচ খেলতে দেশে ফিরছেন না।
আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, 'আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।’
তিনি বলেন, ‘সে (সাকিব) তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তার বিকল্প হিসেবে আমাদের এখনও সেই মানের কেউ নেই।’
তিনি আরও বলেন, হাসান মুরাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলার ইতিহাস ইঙ্গিত দেয় যে, তিনি স্পিনার হিসাবে ঘরের মাঠে ভাল করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
৫০৪ দিন আগে
আমি প্রতারক নই: ডোপ নিষেধাজ্ঞা নিয়ে পগবা
ডোপিংয়ের দায়ে পাওয়া চার বছরের নিষেধাজ্ঞা কমে দেড় বছরে নামিয়ে আনার পর ফের মাঠে ফেরার তোড়জোড় শুরু করেছেন ফরাসি ফুটবলার পল পগবা। তবে এ বছরই তার ফেরা হচ্ছে না, আগামী বছরের মার্চে ফুটবলে ফিরতে পারেন তিনি।
শাস্তি কমায় দীর্ঘদিন পর ফুটবল পাড়ায় তাকে নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। তিনিও নানা জনের প্রশ্নের উত্তর দিচ্ছেন; প্রকাশ করছেন নিজের মনের কথাও।
ইনজেকশনের মাধ্যমে শরীরে নিষিদ্ধ উপাদান ঢোকানোর দায়ে চার বছরের নিষেধাজ্ঞায় পড়েন ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তবে না বুঝেই তা গ্রহণ করেছেন বলে শুরু থেকেই বলে আসছিলেন তিনি। এ বিষয়ে আপিলের পর ইউরোপের ক্রীড়া আদালত তার দাবিটি যুক্তিসঙ্গত বলে মেনে নিয়ে এ মাসের শুরুতেই তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নিজের দায় স্বীকার করে পগবা বলেছেন, ‘আমি আর যা-ই হই না কেন, প্রতারক নই। ফুটবল আমি ভালোবাসি। তাই এই খেলাটি নিয়ে আমি মিথ্যাচার করব না। আইনসঙ্গতভাবেই আমি জিততে চাই।’
আরও পড়ুন: দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর প্রত্যয় টুখেলের
শাস্তি কমার কারণে আগামী বছরের জানুয়ারি থেকেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তবে মাঠে ফিরতে তার আরও অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইউভেন্তুসের এই মিডফিল্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সাপ্লিমেন্ট নিয়েছিলাম, আর তার দায়ও আমার। তবে আমি তা পরীক্ষা করিনি। এজন্য যদি আমার শাস্তি পেতে হয়, তাতে সমস্যা নেই; তবে একটি ভুলের জন্য চার বছরের শাস্তি বেশিই হয়ে যায়।’
ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ শেষে ২০২২ সালের গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন পগবা। তবে একের পর এক চোটে পড়ে ২০২২-২৩ মৌসুমে অনেক ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। এরপর গত মৌসুমে ওল্ড লেডিদের জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলার পরই ডোপ টেস্টের ফল পজিটিভ আসে তার।
ইউভেন্তুসের সঙ্গে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। তবে তুরিনের ক্লাবটি হোক কিংবা অন্য কোনো ক্লাব, ফের মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মাঠে ফিরতে চাই, যেকোনো দলের হয়ে। তবে অবশ্যই ইউভেন্তুস আমার পছন্দের তালিকায় সবার উপরে। সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামতে আর তর সইছে না।’
‘একা একা থাকা, অনুশীলন করা, দেওয়ালে বল পাস করা- সত্যি অনেক কষ্টের। খুব তাড়াতাড়ি ওদের মাঝে ফিরতে চাই।’
‘মুখে কিছু বলতে চাই না। মাঠে আমার পারফরম্যান্সই কথা বলবে। (কোচ) থিয়াগো মোত্তা নিজের চোখে দেখবেন, তারপর বিবেচনা করবেন। ইউভেন্তুসের হয়ে খেলতে (প্রয়োজনে) অর্থ ছাড় দিতেও তৈরি আছি। আমি শুধু ফিরতে চাই।’
৫০৫ দিন আগে
আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিরও অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে না থাকায় দুবাই থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় তারা।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হবে।’
আরও পড়ুন: বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। এমনকি চুক্তি নিয়ে বিসিবির সঙ্গেও তিনি অসদাচরণে জড়িয়েছিলেন।
এ বিষয়ে ফারুক বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেসব বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
উল্লেখ্য, বিসিবি সভাপতি হওয়ার আগেই হাথুরুসিংহেকে ছাঁটাই করবেন বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। পরবর্তীতে পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যের কারণে টিকে গিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। তবে ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা আর হলো না তার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। এর আগে, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম দফায় টাইগারদের কোচ হন তিনি। তবে, শ্রীলঙ্কার কোচ হতে সে সময় দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। অবশ্য নিজ দেশেও তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি।
এরপর ২০২৩ সালে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন দ্বিতীয় মেয়াদে ফের হাথুরুসিংহকে ফিরিয়ে আনলে বিষয়টি আবারও সমালোচনার জন্ম দেয়।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
দ্বিতীয় দফায় তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। অর্থাৎ সেই মেয়াদ ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তার আগেই বরখাস্ত করা হলো এই কোচকে।
হাথুরুসিংহের কোচিংয়ে ১০ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে জয়-হার সমান ৫টি করে। তবে ওয়ানডেতে জয় এসেছে মাত্র ১৩টি, আর হার ১৯টিতে। এছাড়া টি-টোয়েন্টিতে ১৯টি ম্যাচে জয়, ১৫টিতে হার এবং পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
অন্যদিকে, দুই দফায় ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে ছিলেন সিমন্স। তার অধীনেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবীয়রা। এছাড়া জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেরও প্রধান কোচ ছিলেন তিনি। এরপর আফগানিস্তান দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। এ ছাড়াও বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে সিমন্সের।
৫০৫ দিন আগে
দেশে ফিরছেন না সাকিব
টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।
আরও পড়ুন: সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা
তিনি বলেন, 'আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।
এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাকিবের নীরবতার কারণেই শিক্ষার্থীদের এই প্রতিরোধ। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন পতনের আগে মারণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত কমপক্ষে ১০০০ জনকে হত্যা করেছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা আশা করেছিলেন, সাকিব তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাসিখুশি ছবি পোস্ট করেন, যা তার বিরুদ্ধে ক্ষোভ উসকে দেয়।
কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়ামন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।
পরে ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ অবস্থা থেকে বোঝা যায়, সাকিবের টেস্ট ক্যারিয়ার এখন হয়তো অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
৫০৫ দিন আগে
দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর প্রত্যয় টুখেলের
ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েই বড় প্রাপ্তির প্রত্যয় ঝরেছে টমাস টুখেলের কণ্ঠে। ইংলিশদের ৫৮ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বতীকালীন কোচ লি কার্সলির জায়গায় টুখেলকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আগামী বছরের প্রথম দিন থেকেই দায়িত্ব পালন শুরু করবেন ৫১ বছর বয়সী এই কোচ। এর ফলে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব নেবেন তিনি।
বুধবার নতুন দায়িত্বের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন টুখেল। এ সময় ইংল্যান্ডের মতো দলের মাধ্যমে জাতীয় দলে কোচিং ক্যারিয়ার শুরু করতে পারায় সম্মানিত বোধ করার কথা জানান তিনি।
‘আমি যা করছি, তা করতে ভালোবাসি। তাছাড়া ফুটবলের প্রতি আমার আলাদা টান রয়েছে।’
‘(ইংল্যান্ডের কোচের) ভূমিকাটি আমাকে নিজের তরুণ বয়সের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় যেমন নতুন পেলেই উৎসাহী হয়ে উঠতাম, এখন তেমনই অনুভূত হচ্ছে। ফলে নিজের আবেগ দিয়ে যে শতভাগ চেষ্টা করব, এ বিষয়ে সবাইকে এখনই আশ্বস্ত করতে পারি।’
আরও পড়ুন: ইংল্যান্ডের কোচ হলেন টুখেল
স্বদেশি কোচকে দায়িত্ব না দিয়ে একজন জার্মানের ওপর আস্থা রাখায় ইংল্যান্ডজুড়ে এফএর সমালোচনাও কম হচ্ছে না। সংবাদ সম্মেলনে এ নিয়েও কথা বলেন টুখেল।
‘আশা করছি, আগামী ১৮ মাসে কাজ দিয়ে তাদের নিজেকে প্রমাণ করতে পারব। তাদের (সমালোচকদের) দেখিয়ে দিতে পারব যে, ইংলিশ ফুটবল ও এই দায়িত্ব নিয়ে আমি কতটা গর্বিত।’
এই সময়ের মধ্যে নিজের সর্বোচ্চ লক্ষ্য যে ২০২৬ বিশ্বকাপ জয়, সেটিও এক ফাঁকে বলে দিলেন এই কোচ।
‘(ইংল্যান্ডের) জার্সিতে আমি দ্বিতীয় তারকা যুক্ত করতে চাই। ফুটবলের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে আমরা কঠোর পরিশ্রম করব। ২০২৬ বিশ্বকাপেই যেন আমাদের স্বপ্নপূরণ হয়, তার জন্য চেষ্টার কমতি থাকবে না।’
উল্লেখ্য, চলতি বছরের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল তারা। এই সময়ে অন্তর্বতীকালীন কোচ হিসেবে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে দিশা দেখাচ্ছেন লি কার্সলি।
তবে চুক্তি নবায়ন প্রশ্নে আরও বেশি সময় ধরে ইংল্যান্ড জাতীয় দলের ভার বইতে তিনি রাজি হননি। ফলে টুখেলকে বেছে নিয়েছে এফএ।
কার্সলির অধীনে এ পর্যন্ত উয়েফা নেশন্স লিগে চারটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এর তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপের বাকি দুই রাউন্ডে আগামী মাসে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ওই দুই ম্যাচেও ডাগআউটে থাকবেন কার্সলি। এরপরই নতুন বছরে নতুন যাত্রা শুরু করবেন টুখেল।
৫০৬ দিন আগে
হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তারপরও রেকর্ড ভাঙা-গড়ার খেলায় একের পর এক একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন।
মঙ্গলবার রাতে লাতিন আমেরিকা পর্বের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি আরও দুটি অ্যাসিস্টসহ মোট ৫ গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো।
বলিভিয়ার বিপক্ষে এটি ছিল মেসির ক্যারিয়ারের ৫৮তম হ্যাটট্রিক, দেশের জার্সিতে যা দশম। এতেই পর্তুগিজ মহাতারকার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড (৯) ভেঙে সেদিন অনন্য উচ্চতায় ওঠেন তিনি। এর তিন বছরের মধ্যে তাকে ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।
অবশ্য ১০ম হ্যাটট্রিকের দেখা পেতে ১৯১ ম্যাচ খেলা লাগে রোনালদোর, মেসির সেখানে লাগল ১৮৯ ম্যাচ।
আরও পড়ুন: পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
তবে আন্তর্জাতিক গোলসংখ্যায় মেসির চেয়ে অনেক উপরে রয়েছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন তিনি, যেখানে এই ম্যাচের পর ১৮৯ ম্যাচে ১১২ গোল হলো মেসির। ব্যক্তিগত সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের তালিকায় এ দুজনই সবার উপরে। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তাদের পরে রয়েছেন ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।
এদিকে, ক্যারিয়ার হ্যাটট্রিকেও মেসির চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। মেসির ৫৮ হ্যাটট্রিকের জায়গায় রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৬৬টি। তবে পেশাদার ফুটবলে তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন আরও তিন ফুটবলার। ১৪১টির বেশি হ্যাটট্রিক নিয়ে এই তালিকায় সবার উপরে জার্মানির এরভিন হেলমশেন, ১০১টির বেশি হ্যাটট্রিক করেছেন অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান এবং ১০০টির বেশি হ্যাটট্রিক রয়েছে হাঙ্গেরির ফেরেঙ্ক ডিকের।
এছাড়া, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিক করলেন মেসি। এর ২টিই বলিভিয়ার বিপক্ষে, অন্যটি ইকুয়েডরের বিপক্ষে।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
এদিনের ম্যাচের পর ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।
দিনের অপর ম্যাচে রাফিনিয়ার জোড়া পেনাল্টির পর পেরুকে ৪-০ গোলে হারিয়ে সমান সংখ্যক ম্যাচে ৫টি জয় ও একটি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তাদের চেয়ে এগিয়ে থাকায় তিনে রয়েছে উরুগুয়ে। ইকুয়েডরের বিপক্ষে এদিন গোলশূন্য ড্র করেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
৫০৬ দিন আগে
ইংল্যান্ডের কোচ হলেন টুখেল
গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে একের পর এক কোচের ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন চলছিল। এসবের মধ্যে থেকে টমাস টুখেলের ওপরই আস্থা রাখল ইংলিশ ফুটবল ফেডারেশন (এফএ)।
বুধবার (১৬ অক্টাবর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে টুখেলকে নিয়োগ দেওয়ার কথা জানায় এফএ।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেড় বছরের চুক্তিতে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়েছেন ৫১ বছর বয়সী এই জার্মান কোচ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বছরে ৫০ লাখ পাউন্ড (৫ মিলিয়ন) পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চলতি বছরের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে ইংল্যান্ডের কোচের পথ থেকে সরে দাাঁড়ান গ্যারেথ সাউথগেট। তার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল দলটি। এই সময়ে অন্তর্বতীকালীন কোচ হিসেবে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে দিশা দেখাচ্ছেন লি কার্সলি। তবে চলতি সপ্তাহে তিনিও জানান, ইংল্যান্ডের জন্য এমন একজন কোচ দরকার যার বড় শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে।
গত কয়েকদিন ধরে থ্রি লায়ন্সদের দায়িত্ব নিতে পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে গুঞ্জন চলছিল। এর মাঝে টুখেলের নামটি উঠে আসে হঠাৎ করে। তবে গুঞ্জন সত্যি করে তিনিই বসছেন ইংল্যান্ডের ডাগআউটে।
ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হচ্ছেন টুখেল। তার আগে ইংল্যান্ডের বাইরে থেকে দলটির দায়িত্ব সামলেছেন মাত্র দুজন- সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।
তবে ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন টুখেল। ৬ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ২০০৭ সালে ৩৪ বছর বয়সেই কোচিংয়ে নাম লেখান তিনি। এরপর বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর ম্যানেজার ছিলেন তিনি।
চেলসির দায়িত্ব নিয়ে ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা অর্জন করেন এই জার্মান। ২০২১ সালের জানুয়ারিতে ক্লাবটির দায়িত্ব নিয়ে ওই মৌসুমেই চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এনে দিয়ে তাক লাগিয়ে দেন টুখেল। তবে বেশিদিন দীর্ঘায়িত হয়নি তার চেলসি ক্যারিয়ার। পরের বছরই চেলসির দায়িত্ব ছেড়ে জার্মানিতে পাড়ি দেন তিনি।
বায়ার্নের কোচ হয়ে নতুন অধ্যায় শুরুর মৌসুমেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয় তার দল। তবে তার পরের বছর এক যুগের মধ্যে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জিততে ব্যর্থ হয় বায়ার্ন। পাশাপাশি তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে টুখেলের দল। ফলে বায়ার্ন মিউনিখ থেকেও ছাঁটাই করা হয় তাকে। এরপর থেকে অবসরেই ছিলেন এই কোচ।
এবার জাতীয় দলের মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন পথচলা। তবে ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতেনি ইংল্যান্ড। সাউথগেটের অধীনে পরপর দুবার ইউরোর ফাইনালে উঠেও হারতে হয়েছে তাদের। ফলে দারুণ সব প্রতভাধর ফুটবলারে ঠাসা দলটিকে কীভাবে তিনি পরিচালনা করেন, তা-ই দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।
৫০৬ দিন আগে
সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা
আইনগত জটিলতা ও অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মাঝে নিজ ভূমিতে টেস্ট খেলে সাকিব আল হাসান বিদায় নিতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সংশয়ের মধ্যে তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
বুধবার (১৬ অক্টোবর) ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খালেদ আহমেদ ছাড়া সর্বশেষ ভারত সফরের স্কোয়াডের সবাইকে দলে রাখা হয়েছে।
ভারত সফর চলাকালেই সংবাদ সম্মেলন করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন সাকিব। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জরিমানার মুখেও পড়তে হয়েছে এই অলরাউন্ডারকে। ফলে তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিলই।
আরও পড়ুন: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
তবে রবিবার সাকিবকে দেশে ফেরাতে সবরকম নিরাপত্তা দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে যারা বিক্ষোভ করছেন, তাদের ক্ষোভকে তিনি ‘আবেগের বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেন। এর তিন দিনের মাথায় মিরপুর টেস্টের জন্য সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করল বিসিবি।
মিরপুরে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথমটি। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। এছাড়া, চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে আজই ঢাকায় এসেছেন টাইগারদের নতুন কোচ ফিল সিমন্সও।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
৫০৬ দিন আগে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ ফিল সিমন্স টাইগারদের সঙ্গে তার প্রথম দায়িত্ব পালনের জন্য ঢাকায় পৌঁছেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা সিমন্সের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছে, যা চলবে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পর্যন্ত।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, জাতীয় দলের একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ববর্তী কোচ চান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর সিমন্সকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তারা ওয়েস্ট ইন্ডিজ যাবে।
এদিকে, বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও ঢাকায় পৌঁছেছে।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় শুরু হবে আর দ্বিতীয় টেস্টটি ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে খেলা হবে।
আরও পড়ুন: বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
৫০৬ দিন আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আর অক্টোবর ২৯ থেকে দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি।
ছয় ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আট ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
আরও পড়ুন: বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
তাই, আসন্ন সিরিজটি উভয় দলের জন্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করার চমৎকার সুযোগ।
দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে মিরপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে, সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে বাভুমা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
বাঁ হাতি পেসার ন্যান্ড্রে বার্গারকে প্রাথমিক দলে রাখা হলেও, ইনজুরির কারণে তিনি বাংলাদেশ সফর মিস করছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকান দল এরই মধ্যে ঢাকায় চলে এলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। ভারতের বিপক্ষে ব্যর্থ সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টিতেই পরাজিত হয়।
আরও পড়ুন: বিক্ষোভের হুমকি সত্ত্বেও সাকিবের নিরাপত্তার আশ্বাস সরকারের
৫০৬ দিন আগে