খেলাধুলা
টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
দীর্ঘদিনের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই আগামী ৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টির লড়াই শুরু করবে বাংলাদেশ দল। সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। তার এই ঘোষণা দলের ওপর ফেলেছে বাড়তি চাপ, রেখে গেছে কঠিন এক প্রশ্ন- টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবেন সাকিবের বিকল্প?
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল সাকিবের। তবে কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সবাইকে চমকে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব।
পরে তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রশ্ন থেকে যায়, এই ফরম্যাটে সাকিবের অভাব পূরণ করতে পারেন মিরাজ? সত্যিই কি সাকিবের বিকল্প হতে পারবেন তিনি?
সাকিব ১২৯টি টি-টোয়েন্টি খেলে আড়াই হাজারের বেশি রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৪৯টি। অন্যদিকে মেহেদি মাত্র ২৫টি টি-টোয়েন্টি খেলে ২৪৮ রান এবং উইকেট নিয়েছেন ১৪টি।
এই পরিসংখ্যানই প্রমাণ করে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাকিবের তুলনা কেবল সাকিবই। মিরাজ সাকিবের মতো স্পিনিং অলরাউন্ডার হলেও সাকিবের জায়গায় পৌঁছানো মিরাজের পক্ষে সহজ হবে না।
সাকিব চলে যাওয়ায় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা মিরাজ মোকাবিলা করতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি মিরাজকে সাকিবের বিকল্প মানতে নারাজ।
শান্ত বলেন, ‘এখন মানিয়ে নেওয়া একটু কঠিন হবে। প্লেয়িং ইলেভেন সাজাতে কিছুটা চ্যালেঞ্জে পড়তে হবে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যালেন্স করতে পারত। আমরা মিরাজকে দলে এনেছি, আশা করছি সে দ্রুত এই ভূমিকায় মানিয়ে নেবে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই মনোভাব প্রকাশ করলেন। সাকিবের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে জানান তিনি।
বিস্ময়করভাবে দুই দিন খেলে হেরে যাওয়া কানপুর টেস্টের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সাকিবের হঠাৎ অবসরের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন।
টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে সাকিব আছেন ফর্মে, যে কারণে বিদেশে বিভিন্ন লিগগুলোতে খেলা সুযোগ মিলছে তার। বাংলাদেশ এই ফরম্যাটে ভালো পারফর্ম করার মতো কাউকে খুঁজে পেলেও সাকিবের অনুপস্থিতি নিঃসন্দেহে বেশ খানিকটা সময়ের জন্য দলকে অস্বস্তিতে ভোগাবে।
৫১৭ দিন আগে
সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
এনসো মারেসকার তত্ত্বাবধায়নে চলতি মৌসুমটা দারুণ শুরু করেছে চেলসি। দশ ম্যাচ খেলে তার সাতটি জিতেছে লন্ডনের ক্লাবটি। তবুও এবার ম্যানচেস্টার সিটি বা আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না বলে মনে করছেন এনসো মারেসকা।
চলতি মৌসুমে সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ শুরু করার পর থেকে দারুণ ছন্দে রয়েছে চেলসি। তার পরের পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।
এছাড়া সব টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ টানা পাঁচ ম্যাচ জিতেছে ব্লুজরা। এ সময় তিনটি ক্লিনশিটসহ ১৭ গোল করেছে দলটি; হজম করেছে মাত্র চারটি।
গতরাতে কনফারেন্স লিগের ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ব্লুজ বস মারেসকা।
আরও পড়ুন: মাদুয়েকের হ্যাটট্রিকে গোল উৎসব করে জয়ে ফিরল চেলসি
তার দলের যে পারফরম্যান্স, তাতে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য শিরোপাগুলো জয়ের সম্ভাবনা দেখছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমার মনে হয় না যে চলতি মৌসুমে আমরা সিটি কিংবা আর্সেনালকে টক্কর দিতে পারব। আমার সত্যিই তা মনে হয় না, কারণ আমরা এখনও (পুরোপুরি) প্রস্তুত নই।’
বিষয়টির ব্যাখ্যা তিনি দিয়েছেন এভাবে, ‘সিটির দিকে তাকান। দলটি গত ৯ বছর ধরে একই কোচের তত্ত্বাবধায়নে খেলছে; (মিকেল) আর্তেতার তত্ত্বাবধায়নে আর্সেনাল খেলছে পাঁচ বছর যাবত। যদি বড় কিছুর জন্য লড়াই করতে চান, তবে ওইরকম সময় প্রয়োজন।’
মারেসকা বলেন, ‘আর্সেনাল যখন পিএসজিকে (চ্যাম্পিয়ন্স লিগে) হারাল, তখন লুইস এনরিকেও একই কথা বলেছিলেন! সেদিক থেকে আমাদের দেখুন, মাত্র তিন মাস হয়েছে আমি (চেলসির) দায়িত্ব নিয়েছি।’
‘ফলে এই জায়গায় একটি বড় ব্যবধান রয়েছে। তাই ওইসব ক্লাবের সঙ্গে যে আমরা (এবার) লড়াই-ই করতে পারব না, এ ব্যাপারে আমি নিশ্চিত।’
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
তবে ধীরে ধীরে ওইসব ক্লাবগুলোর পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তেই আমরা ওই পর্যায়ে যাওয়ার চিন্তা করছি না। আবার ঠিক কবে নাগাদ অমন হয়ে উঠতে পারব, তা-ও নিশ্চিত করে বলা যায় না। তবে আস্তে আস্তে সব সমস্যার সমাধান করে একটু একটু করে এগোনোই আমাদের লক্ষ্য।’
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা শুরু হলে রোমান আব্রাহামোভিচ একপ্রকার বাধ্য হয়ে ক্লাব ছাড়ার পর শক্তিশালী দলগঠনে গত পাঁচ মৌসুম ধরে দলবদলে টাকার ফোয়ারা ছুটিয়েছে চেলসি। এই সময়ে দেড় বিলিয়ন ইউরোর বেশি খরচ করে যেখানে যত প্রতিভাবান তরুণ ফুটবলার পেয়েছে, তাকেই মোটা অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
শিরোপাজয়ের আশায় এই সময়ের মধ্যে চারজন কোচ পাঁচবার ক্লাবটির দায়িত্ব নিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ ১ জুলাই পাঁচ বছরের জন্য লেস্টার সিটি থেকে মারসেকাকে ক্লাবে নিয়ে আসে টড বোহেলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের নেতৃত্বাধীন চেলসি কর্তারা।
আরও পড়ুন: পালমারের চার গোল, চেলসিতে বিধ্বস্ত ব্রাইটন
তারা এত ফুটবলার কিনেছে যে মারেসকা দায়িত্ব নেওয়ার পর তার স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল ৪৪ জন। ফলে দায়িত্ব নিয়েই তিনি খেলোয়াড় বিক্রি ও ধারে অন্য ক্লাবে পাঠানোর মাধ্যমে যতটা সম্ভব স্কোয়াড ছোট করেন। এরপর নিজের পছন্দের স্কোয়াড নিয়ে এগিয়ে চলেছেন এই কোচ।
৫১৮ দিন আগে
২০২৫ সালে খেলোয়াড় কিনতে ‘বাড়তি সুযোগ’ পাবে রিয়াল ও আতলেতিকো
নতুন ফরম্যাটে আগামী বছর শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ট্রান্সফার মৌসুমের মাঝামাঝি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিধায় দলবদলের অসুবিধা এড়াতে একটি বিশেষ নিয়ম চালু করেছে ফিফা, যা থেকে সুবিধা পেতে পারে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।
২০২৪-২৫ মৌসুমের ঠাসা সূচি শেষ হওয়ার পরই ২০২৫ সালের জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের ১৫ জুন এই টুর্নামেন্টটি শুরু হয়ে পর্দা নামবে ১৩ জুলাই।
এর ফলে পুরো মৌসুম ফুটবল খেলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর খেলোয়াড়দের ওপর পড়বে বাড়তি চাপ। আবার চোটের সমস্যাও উড়িয়ে দেওয়া যায় না একেবারে। এর সঙ্গে আবার রয়েছে দলবদল কর্মযজ্ঞ। টুর্নামেন্টটির কারণে ফুটবলারদের দলবদল কার্যক্রমেও পড়বে বাধা।
আরও পড়ুন: বার্সেলোনাকে খুশি করে সমতায় শেষ মাদ্রিদ ডার্বি
এসবকিছু মাথায় রেখে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আগামী বছরের ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখার অনুমতি দিয়েছে ফিফা। ওই সময়ে চোটের কারণে কোনো দলের স্কোয়াড ছোট হয়ে গেলে কিংবা ৩০ জুন যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারাও বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যেতে পারবে।
স্পেন থেকে আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মাদ্রিদের দুটি ক্লাব। আর এর ফলে চাইলে ওই সময়ে নিজেদের স্কোয়াড শক্তিশালী করার সুযোগ পাবে ক্লাব দুটি।
তবে শেষ পর্যন্ত এই সুবিধা কাজে লাগায় কিনা রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ, তা পুরোপুরি নির্ভর করবে তাদের স্কোয়াডের পরিস্থিতির ওপর।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
৫১৮ দিন আগে
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচের আগে গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ
আগামী ৬ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের আগে গোয়ালিয়রে বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বিষয়বস্তু প্রচার নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।
হিন্দু মহাসভা নামের একটি রাজনৈতিক দল ম্যাচের দিন বিক্ষোভের ডাক দিয়েছে। তারা এর আগেও একই দাবি তুলে অভিযোগ করেছিল যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ দলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এর আগে কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের সময়ও একই ধরণের হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোয়ালিয়রে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য দেড় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গোয়ালিয়রের জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) একটি আইনের অধীনে এই নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছেন।
তিনি জানান, বিভিন্ন ডানপন্থী সংগঠন ম্যাচ বাতিলের দাবি জানিয়ে মিছিল এবং অন্যান্য বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলায় যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কিছু শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকবে আপত্তিকর বিষয়বস্তু সম্বলিত ব্যানার, পোস্টার এবং কাটআউট।
কিছু ডানপন্থী গোষ্ঠী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থী ও নাগরিকদের গণআন্দোলনের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের পতনের পর ক্ষমতার পরিবর্তন হয়। তার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
৫১৮ দিন আগে
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গত চার আসরের হতাশা ঘোচানোর প্রত্যয় ঝরেছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে সেই আশার বাতি আরও একটু জ্বেলে দিল দেশের মেয়েরা।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দুটি চারের সাহায্যে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া ওপেনার সাথী রানী ২৯ এবং অধিনায়ক নিগার সুলতানা করেন ১৮ রান।
স্কটিশদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাস্কিয়া হর্লি। এছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথরিন ফ্র্যাজার।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ডের মেয়েরা।
স্কটল্যান্ডের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ ৪৯ রান সংগ্রহ করেন ওপেনার সারাহ ব্রাইস। তিনি ছাড়া আর মাত্র দুজন ব্যাটার ১১ রান করে করতে পেরেছেন। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রিতু মনি। এছাড়া একটি করে উইকেট গিয়েছে মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।
বিশ্বকাপের শুরুতেই জিতে নিশ্চিতভাবেই খানিকটা আত্মবিশ্বাস বাড়বে নিগার সুলতানার দলের। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাঘিনীরা।
‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা অ্যান্ড কোং।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১১৯/৭ (নিগার ৩৬, সাথী ২৯; হর্লি ৩/১৩)।
স্কটল্যান্ড: ১০৩/৭ (সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ১১, আইলসা লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।
ম্যান অব দ্য ম্যাচ: রিতু মনি।
৫১৯ দিন আগে
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ জয়াবিক্রমা
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার একাধিক ধারা ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমা।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আরেক খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার বিবরণ দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত আগস্ট মাসে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনলেও বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির বিষয়টি প্রকাশ করে আইসিসি।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
আইসিসির দুর্নীতিবিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রুত তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। তা না করলে বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
অপরাধের মাত্রা অনুযায়ী এই ধারা ভাঙার শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা।
জয়াবিক্রমাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রাথমিকভাবে ছয় মাসের শাস্তি স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, প্রথম ছয় মাস নিষেধাজ্ঞা চলাকালে নতুন করে আর কোনো অপরাধ না করলে বাকি সময়ের শাস্তি এড়াতে পারবেন তিনি। এতে করে আগামী বছরের ১ এপ্রিল থেকে ফের মাঠে ফিরতে পারবেন তরুণ এই স্পিনার।
আগস্টে জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। সে সময় অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়। ৬ থেকে ২০ আগস্টের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। শুরুতে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন।
আরও পড়ুন: বাংলাদেশের হারে ‘আইসিসির আইনকে’ কাঠগড়ায় তুললেন বিশ্লেষকরা
২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার। এরপর থেকে লঙ্কানদের জার্সিতে তিনি ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সর্বশেষ ২০২২ সালের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন জয়াবিক্রমা। বাঁহাতি এই স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মে মাসে, বাংলাদেশের বিপক্ষে।
৫১৯ দিন আগে
প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
ভিনিসিউস, বেলিংহ্যাম, এন্দ্রিক; এরপর কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামালেন কার্লো আনচেলত্তি, কিন্তু কোনোভাবেই প্রতিপক্ষের জাল খুঁজে পেল না রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। আর এর ফলে এক মৌসুমের বেশি সময় পরে অবশেষে হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার রাতে লিলের ঘরের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে জয়সূচক ও ম্যাচের একমাত্র গোলটি করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জনাথন ডেভিড। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক অসাধারণ সব সেভ করে রিয়ালকে কোনোভাবেই সমতায় ফিরতে দেননি ক্লাবটির ফরাসি গোলরক্ষক লুকা শেভালিয়ে।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগেও গত আসর অপরাজিত কাটানোর পর চলতি আসরে এর আগ পর্যন্ত অপরাজিত ছিল দলটি।
অপরদিকে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে প্রথম ম্যাচই জিতে দিনটি স্মরণীয় করে রাখল লিল। শুধু তাই নয়, ঘরের মাঠে কোনো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে এটিই প্রথম জয় ফরাসি ক্লাবটির।
কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ফেরায় এদিন তাকে শুরুর একাদশে রাখেননি রিয়াল বস কার্লো আনচেলত্তি। এর ফলে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করেন এই ব্রাজিলীয় তরুণ।
১৮ বছর ৭৩ দিন বয়সে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে শুরুর একাদশে থেকে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। এর ফলে তিনি ভেঙে দেন ১৯৯৫ সালে গড়া ক্লাবটির সাবেক অধিনায়ক রাউল গন্সালেসের রেকর্ড। আয়াক্সের বিপক্ষে মাঠে নামা ওইদিন তার বয়স ছিল ১৮ বছর ৭৮ দিন।
৫২০ দিন আগে
অবসর ভেঙে বার্সেলোনায় স্টান্সনি
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনি। চলতি মৌসুমের বাকি সময়টুকুর জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে সেজনিকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে বার্সেলোনা।
২০০৯ সালে ১৬ বছর বয়সে নিজ শহর ওয়ারশ ছেড়ে আর্সেনালের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেন স্টান্সনি। সেখান থেকে এক মৌসুম ব্রেন্টফোর্ডে ও দুই মৌসুমে রোমায় ধারে খেলেন তিনি। এরপর ২০১৭ সালে পাড়ি জমান ইতালিতে।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
ইংল্যান্ডে থাকাকালে আর্সেনালের হয়ে দুটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন এই গোলরক্ষক। এর মাঝে ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ জেতেন তিনি।
তবে ক্যারিয়ারের সেরা সময় তার কাটে ইউভেন্তুসে। তুরিনের ক্লাবটির হয়ে টানা তিন সেরি-আসহ আরও পাঁচটি ট্রফি জিতেছেন তিনি; হয়েছেন লিগসেরা গোলরক্ষকও।
ওল্ড লেডিদের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে গত মৌসুম শেষে তিনি ইউভেন্তুস ছেড়ে অবসরে যান। এরপর পোল্যান্ডের জার্সিতে ইউরো খেলে গত মাসে তিনি পেশাদার ফুটবলকে পুরোপুরি বিদায় জানান।
৫২০ দিন আগে
উয়েফাকে ‘মাফিয়া’ বলল ডর্টমুন্ড সমর্থকরা
চলতি মৌসুমে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের কারণে ব্যস্ততা বাড়ায় উয়েফার প্রতি অভিযোগের শেষ নেই ফুটবলারদের। এবার এ বিষয়ে সংস্থাটিকে অভিযোগের কাঠগড়ায় তুলল বরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠ জিগনাল ইদুনায় স্কটিশ ক্লাব সেল্টিককে আতিথ্য দেয় ডর্টমুন্ড। ম্যাচটি ৭-১ গোলে জিতে সেল্টিককে উড়িয়ে দিলেও ম্যাচ শুরুর আগে ঘটে এক অভাবনীয় কাণ্ড।
ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এক টিফো (বড় আকৃতির ব্যানার) প্রদর্শন করে কালো-হলুদের সমর্থকরা। এক পাশের গোলপোস্টের পেছনে থাকা ডর্টমুন্ড সমর্থকরা বিশালাকৃতির হরফে লেখা ওই টিফো প্রদর্শন করে, যাতে লেখা ছিল, ‘উয়েফা মাফিয়া।’
ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটিকে কেন তারা ‘মাফিয়া’ বলল, সে বিষয়টিও স্পষ্ট করেছে সমর্থকরা। এ সময় বড় টিফোর নিচে ছোট অথচ লম্বা ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিল, ‘খেলাটি নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের চিন্তায় রয়েছে শুধুই অর্থ।’
চলতি মৌসুম থেকে চারটি দল বাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগকে ৩৬ দলের প্রতিযোগিতায় পরিণত করেছে উয়েফা। পাশাপাশি, গ্রুপপর্ব থেকে প্রথম রাউন্ডকে বানানো হয়েছে লিগ পর্ব।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগ, কনফারেন্স লিগসহ উয়েফার সব প্রতিযোগিতায়ই এসেছে এই পরিবর্তন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
এর ফলে গত মৌসুমগুলোর তুলনায় এবার উয়েফার প্রতিযোগিতায় অংশ নেওয়া একেকটি ক্লাবের মোট খেলা ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ক্লাবগুলোর সূচিতেও তাই এসেছে আরও কর্মচাঞ্চল্য।
এর ওপর আবার রয়েছে উয়েফা নেশন্স লিগ, বিশ্বকাপ বাছাই প্রভৃতির মতো আন্তর্জাতিক ফুটবল কর্মসূচি এবং বেশি দল নিয়ে শুরু হতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ। ফলে দম ছাড়ার সময় পাচ্ছেন না ইউরোপীয় ক্লাবগুলোর খেলোয়াড়রা। এর নেতিবাচক প্রভাব পড়ছে ফুটবলারদের শরীরে।
মৌসুম শুরু না হতেই ইউরোপের ক্লাবগুলোর ফুটবলারদের চোটের লম্বা লাইন লেগেছে।
৫২১ দিন আগে
বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’
লিগে টানা চার ম্যাচ জিতে দারুণভাবে মৌসুম শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে পরের তিন ম্যাচ টানা ড্র করে হতাশায় ডু্বতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে তার পরের ম্যাচে এসে বড় ব্যবধানে জিতে ফের জয়ের ধারায় ফিরেছে দলটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভাকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন ম্যাচে অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন বার্সেলোনা ঘুরে ফের সিটিতে যোগ দেওয়া ইলকাই গুন্ডোগান। দ্বিতীয় দফায় সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এর সাত মিনিট পর জেরেমি দোকুর পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এই গোলে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। ২০১৮-১৯ মৌসুম থেকে শুরু করে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের প্রতি মৌসুমে গোল করা মাত্র চতুর্থ খেলোয়াড়ের একজন তিনি। তিনি ছাড়া এই কীর্তি আছে শুধু বার্সেলোনার রবের্ট লেভানডোভস্কি, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং আতলেতিকো মাদ্রিদের আন্তোয়ান গ্রিজমানের।
দুই গোলের ব্যবধান নিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে গোল পেয়ে যান আর্লিং হালান্ড। এর ফলে ৪১ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪২ গোল হলো এই স্কোরিং মেশিনের।
এরপর ৭৪তম মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন হালান্ডের বদলি হিসেবে নামা সিটির ২১ বছর বয়সী তরুণ উইঙ্গার জেমস ম্যাকাটি।
আরও পড়ুন: পিএসজিকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
এর ফলে দুই ম্যাচে একটি করে ড্র ও জয়ে চার পয়েন্ট সংগ্রহ করল ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট করে নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও ব্রেস্ত। তবে বুধবার রাতে দ্বিতীয় রাউন্ডের বাকি ম্যাচগুলোর পর টেবিলে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, লিগ পর্বের নতুন ফরম্যাটের এবারের চ্যাম্পিয়ন্স লিগে টেবিলের প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে। আর পরের ১৬ দলের মধ্যে প্লে-অফ খেলার মাধ্যমে বাকি আট দল নির্বাচিত হবে।
দিনের অপর খেলায় সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া ৪-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান এবং ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়েছে আর্সেনাল। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ফরাসি ক্লাব ব্রেস্ত।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
৫২১ দিন আগে